'বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
এলটন চিগুম্বুরা
এলটন চিগুম্বুরা
গত কিছুদিনে এতবার এসেছেন যে, বাংলাদেশের আলো-হাওয়া সব চেনা হয়ে গেছে তাঁর। খেলেছেন গত বিপিএলেও। আজ থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন এলটন চিগুম্বুরা। কাল খুলনায় সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে যা বললেন জিম্বাবুয়ে অধিনায়ক

*পরীক্ষা-নিরীক্ষাই কি এই সিরিজের মূল উদ্দেশ্য?
এলটন চিগুম্বুরা: আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আলাদা কম্বিনেশন পরখ করে দেখতে চাই। এ মুহূর্তে আমাদের এখানে ১৬ জনের বদলে ১৫ জন আছে। পরের চার ম্যাচে ভিন্ন ভিন্ন পজিশনে ব্যাটসম্যানদের খেলতে দেখলেও অবাক হওয়ার কিছু নেই। হয়তো কেউ প্রথম দুই ম্যাচ খেললে পরের দুটিতে বিশ্রামও নিতে পারে। এই সিরিজটা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখছি।
*বাংলাদেশ তো আপনাদের কাছে এখন খুবই চেনা...
চিগুম্বুরা: অনেকেই এখানে খেলে গেছে, এটা একটা বাড়তি সুবিধা। যতই বেশি খেলা যায়, প্রতিপক্ষকেও ততই ভালোভাবে জানা যায়। দিন শেষে আমাদের শুধু নিশ্চিত করতে হবে, এখানে যারা খেলে গেছে, তারা নিজেদের দক্ষতাটা ভালোভাবে কাজে লাগাতে পারে। এখানকার ঘরোয়া ক্রিকেটেও আমাদের অনেকেই খেলেছে। বাংলাদেশের ক্রিকেটারদের সম্পর্কে আমাদের ভালো ধারণাই আছে।
*ওপরের দিকে ব্যাট করার কোনো পরিকল্পনা কি আছে?
চিগুম্বুরা: নিজেকে আরেকটু এগিয়ে নিয়ে এসে ক্রিজে বেশি সময় থাকতে পারলে তো ভালোই হতো। সর্বশেষ ওয়ানডে সিরিজে আমি ওপরের দিকেই নেমেছিলাম। নিজের স্বাভাবিক খেলাটাই আমি খেলতে চাই, সে ক্ষেত্রে আমাকে হয়তো ওপরের দিকে ব্যাট করতে দেখতেও পারেন।
*আফগানিস্তান সিরিজটা তো আপনাদের খুব একটা ভালো যায়নি...
চিগুম্বুরা: আরব আমিরাতে আমাদের সময়টা খারাপ গেছে। দলে নতুন কয়েকজন ছিল। ওই সফরের ধাক্কাটা কাটিয়ে ওঠার জন্য এই সিরিজটা আমাদের জন্য বড় একটা উপলক্ষ। আমাদের একটা একটা ম্যাচ করে এগোতে হবে। নিশ্চিত করতে হবে যেন ভালো খেলতে পারি, বিশেষ করে ব্যাটিংয়ে। গত সিরিজে ব্যাটিংটা আমাদের জন্য হতাশারই কেটেছে।
*অধিনায়ক হিসেবে আপনার কাজটা আরও কঠিন হয়ে যাচ্ছে না?
চিগুম্বুরা: অবশ্যই এটা কঠিন। এটা হতাশারও। চাপ তো থাকবেই। কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের সাহসের সঙ্গে সেটা কাটাতে হবে। গত দুই দিনে সবাই মনপ্রাণ ঢেলেই অনুশীলন করেছে। আমি নিশ্চিত, সবাই কালকের (আজকের) ম্যাচের জন্য অপেক্ষা করছে।
*অভিজ্ঞ বেশ কজন খেলোয়াড় ফিরেছেন জিম্বাবুয়ে দলে। এটা কতটা কাজে দেবে?
চিগুম্বুরা: তারা খুবই অভিজ্ঞ, আগেও এখানে খেলেছে। এই দলে তাদের ফিরে পেয়ে ভালোই হয়েছে। ফিরে আসার পর হ্যামিল্টন (মাসাকাদজা) তো ভালোই করছে। ভিটরিদের মতো অন্যরাও দলে থাকতে নিশ্চয়ই ভালো করতে চাইবে। সিবান্দাও আছে। তারা ভালো কিছু করার জন্য ক্ষুধার্ত।
*টি-টোয়েন্টি ক্রিকেটটা কি বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে?
চিগুম্বুরা: মুক্তভাবে খেলতে পারলে টি-টোয়েন্টি তো এখনো উপভোগের। এটা আসলে দুটির মিশ্রণ। আপনি দেশের হয়ে খেলছেন, আর এই সংস্করণে আপনি নিজেকে চেনাতেও পারবেন। আমার তো মনে হয়, উপভোগের একটা ব্যাপার আছেই। দর্শকদের জন্যও ব্যাপারটা ভালো। ওরা তো অল্প সময়ে অনেক বেশি শটের জমজমাট কিছুই দেখতে চায়।