
গতবারের মতো এবারও বয়সভিত্তিক সাঁতারে সেরা পারফরম্যান্স তাঁর। ১৩টি ইভেন্টের সব কটিতেই সোনা, নতুন জাতীয় রেকর্ড ৩টিতে। বিকেএসপির
সাঁতারু আরিফুল ইসলামের চোখ এখন আরও উঁচুতে। এসএ গেমসের সোনার বন্ধ্যাত্ব ঘোচানোর স্বপ্ন দেখছেন কিশোরগঞ্জের তরুণ
এতগুলো পদক জিতেও মন খারাপ!
আরিফুল ইসলাম: আশা করেছিলাম কমপক্ষে আটটি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়ব। কিন্তু রেকর্ড হলো মাত্র তিনটি। প্রত্যাশার চেয়েও খারাপ করেছি। মিরপুরে আসার আগে বন্ধুদের সঙ্গে বাজি ধরেছিলাম, ৮টিতে রেকর্ড গড়ব। সেটা হলো না বলে খারাপ লাগছে।
সে রেকর্ড তো অল্পের জন্য হয়নি...
আরিফুল: আমি পাঁচটা ইভেন্টে রেকর্ড গড়ার খুব কাছে গিয়েও পারিনি। মাইক্রো সেকেন্ডের ব্যবধানে রেকর্ড হয়নি, এ জন্যই কষ্ট পাচ্ছি।
কিশোরগঞ্জ থেকে উঠে এসেছেন সাফে সোনাজয়ী কারার মিজান, অল্পের জন্য সোনা জিততে না-পারা কারার ছামেদুল। সেই জেলা থেকেই আপনি ও আপনার ভাই শরীফুল সাঁতারে এসেছেন।
আরিফুল: কারার মিজানের উত্তরসূরি ভাবতে ভালোই লাগে। তবে আমি সাঁতারে এসেছি বড় ভাইয়া শরীফুলকে দেখে। ভাইয়া গত বাংলাদেশ গেমসে সোনা জিতেছেন ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে। উনি আমাকে ব্রেস্টস্ট্রোকটা ভালোভাবে শিখিয়েছেন। এটাই আমার প্রিয় ইভেন্ট।
কারার মিজান বা ছামেদুল কারোর সঙ্গে কখনো কথা হয়েছে?
আরিফুল: কারার ছামেদুল আমার মামার বন্ধু। তো ছামেদুল মামা প্রায়ই নিকলীর বাটিভাঙা সুইমিং ক্লাবের সাঁতারুদের উৎসাহ দেন। আমার বয়স যখন পাঁচ বছর, তখন বাবা এই সুইমিং ক্লাবে নিয়ে গিয়ে আমাকে সাঁতার শেখান। আজ গ্যালারিতে বসে বাবা আমার সাঁতার দেখেছেন।
এই সাফল্য দেখে বাবা কী বললেন?
আরিফুল: সব ইভেন্টে সোনা জিতলেও আফসোস থেকে গেল, বাবার সামনে রেকর্ড হলো না। কিন্তু বাবা বললেন, এতগুলো ইভেন্টে সাঁতরে রেকর্ড গড়া কঠিন। এবার হয়নি তো কী হয়েছে! ইনশা আল্লাহ আগামীবার হবে।
গত জুনে মরিয়ম ও আপনাকে কাতারে হাইপারফরম্যান্স ট্রেনিংয়ে পাঠিয়েছিল ফেডারেশন। এই সাফল্যে ওটার কোনো প্রভাব নেই?
আরিফুল: অল্প কদিনের ট্রেনিংয়ে ভালো করা সম্ভব নয়। মাত্র ১০ দিনের জন্য সেখানে গিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই সময় চলে যায়। তার ওপর কাতারে ছিল ৪৩-৪৪ ডিগ্রি তাপমাত্রা। প্রথম দুই দিন কোনো ট্রেনিংই হয়নি। তৃতীয় দিন একটা প্রতিযোগিতা হলো ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক। সেখানে আমি প্রথম হয়েছিলাম।
ওখানে অন্য উন্নত দেশের সাঁতারুদের সঙ্গে পার্থক্যটা কেমন বুঝলেন?
আরিফুল: এক দিন অনুশীলনের পর টাইম ট্রায়াল দিলাম কয়েকজন। সেখানে ১০০ মিটার ফ্রি স্টাইলে ৫২ সেকেন্ড সময় নেয় ১৭ বছরের এক চীনা। ওটা দেখে আমি অবাক। অথচ আমাদের সিনিয়র সাগর ভাই (মাহফিজুর রহমান) গেমসেই করেন এমন টাইমিং, আর উনি করলেন প্র্যাকটিসে। আরেকটা বড় বিষয় হলো, চীনাদের ট্রেনিং, খাবারের মান আমাদের চেয়ে অনেক উন্নত। এমন সুযোগ-সুবিধা পেলে আমরাও ভালো করতাম।
নিজেকে নিয়ে কেমন স্বপ্ন দেখেন?
আরিফুল: আমি তো প্রতিদিন প্র্যাকটিসে নামি এই স্বপ্ন দেখে, একদিন এসএ গেমসে সোনা জিতব। সেই ২০০৬ সালের পর থেকে আমাদের কেউ সোনা জিততে পারেনি। বিষয়টা আমাকে খুব কষ্ট দেয়। পানিতে নেমেই নিজেকে বলি, ‘সাফে তোমাকে সোনা জিততেই হবে।’