>বাংলাদেশে তিনিই সবার আগে প্রথম শ্রেণির ক্রিকেটে আট হাজার রান করেছেন। কাল বিসিএলের ম্যাচে নয় হাজার রানের মাইলফলকও ছুঁলেন প্রথম। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে ৩৩ বছর বয়সী তুষার ইমরানের উপলব্ধি হচ্ছে, টেস্ট ক্রিকেটটা একটু আগেই খেলা শুরু করে দিয়েছিলেন

* প্রথম শ্রেণির ক্রিকেটে নয় হাজার রান। সেঞ্চুরির সংখ্যাও বাংলাদেশে সবচেয়ে বেশি। কীভাবে দেখেন এই অর্জনগুলোকে?
তুষার ইমরান: ভালো লাগে। আস্তে আস্তে নিজেকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। যখন খেলা ছাড়ব, তখন যেন ভালো একটা অবস্থানে গিয়ে ছাড়তে পারি।
* কোথায় গিয়ে ছাড়তে চান খেলা? ক্যারিয়ার শেষে প্রথম শ্রেণির ক্রিকেটে কত রান, কতটা সেঞ্চুরি নামের পাশে থাকলে তৃপ্ত হবেন?
তুষার: আসলে নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। যত দিন রান করব, তত দিনই খেলব। মনে মনে আমার এটাই পরিকল্পনা। গত বছর এই বিসিএলেই আমি আট হাজার রান পূর্ণ করেছি। এক বছরে এক হাজার রান করলাম। আশা করি, সামনে এভাবে খেলে যেতে পারব।
* জাতীয় দল থেকে তো অনেক দূরে সরে গেছেন। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার অনুপ্রেরণা আসে কোত্থেকে?
তুষার: জাতীয় দলের যেসব ক্রিকেটারের সঙ্গে আমি ঘরোয়া ক্রিকেট খেলি, আমার দলে যারা আছে বা অন্য দলেও যারা থাকে, তাদের চেয়ে বেশি রান করার লক্ষ্য থাকে আমার। আমি চাই নামীদামি ব্যাটসম্যানদের চেয়ে আমার রান বেশি থাকুক। তাদের চেয়ে বেশি রান করতে পারলে মনে হয় একটা কিছু করলাম।
* ৪১টি ওয়ানডে খেললেও টেস্ট খেলেছেন মাত্র ৫টি। দীর্ঘ পরিসরের ক্রিকেটে এই ফর্মটা আরও আগে এলে তো মনে হয় আরও কিছু টেস্ট খেলতে পারতেন...
তুষার: আমিও তা-ই বলি। শুরুর দিকে যদি আরও কিছু রান করে গড়টা বাড়িয়ে রাখতাম, এখনো হয়তো জাতীয় দলে ডাক পেতাম। কিন্তু তখন বুঝিনি। দীর্ঘ পরিসরের ক্রিকেটের চেয়ে ৫০ ওভারের ক্রিকেটকে গুরুত্ব দিয়েছি বেশি। মাত্র ২০ বছর বয়সে টেস্ট খেলা শুরু করেছি। বেশি আগে খেলে ফেলেছি। আরও পরিণত হয়ে টেস্ট খেলা উচিত ছিল।
* কিন্তু এখনো তো ১৮-২০ বছর বয়সেই টেস্ট খেলা শুরু করছেন অনেকে...
তুষার: হ্যাঁ। কিন্তু আমি মনে করি, এটা ঠিক না। টেস্টে ৩০ বছরের বেশি বয়সী ব্যাটসম্যানদের খেলানো উচিত। অল্প বয়সে টেস্ট শুরু করলে প্রথমে হয়তো অনেকে ভালো করে, কিন্তু পরে সংগ্রাম করতে হয়। নিজেকে দিয়ে এটা বুঝেছি।
* জাতীয় দলে ঢোকার চাপ নেই বলে এখন নির্ভার হয়ে খেলতে পারেন। ভালো খেলার এটাও কি একটা কারণ?
তুষার: চাপ নেই কে বলল! খারাপ খেললে তো আমি বিসিএলেও সুযোগ পাব না। নিজের সঙ্গে নিজের একটি লড়াই তাই সব সময় থাকে। আমি দলে থাকার জন্যই খেলি।
* এত লম্বা ক্যারিয়ার আপনার। কোনো অতৃপ্তি আছে?
তুষার: এখন পর্যন্ত বিপিএল খেলতে পারলাম না, এটাই অতৃপ্তি। বিপিএলের সময় এলে সবাই বলে, আমি নাকি লাল বলের খেলোয়াড়। অথচ গত প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষে সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে ছিলাম। দল সুপার লিগে উঠতে না পারায় পরে পিছিয়ে যাই।
* ঘরোয়া দীর্ঘ পরিসরের ক্রিকেটে জাতীয় দলের খেলোয়াড়দের পারফরম্যান্স অতটা উজ্জ্বল নয় কেন?
তুষার: পারবে...তারাও আজ থেকে পাঁচ-ছয় বছর পর পারবে। চার দিনের ম্যাচে অনেক কিছু শেখার আছে।