>

মার্চে নেপালে এশিয়ান জোনাল দাবায় চ্যাম্পিয়ন হয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন। আজারবাইজানে আগামীকাল শুরু হতে যাওয়া বিশ্বকাপে খেলতে গতকাল ঢাকা ছেড়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। বিশ্বকাপ নিয়ে নিজের প্রস্তুতি ও আক্ষেপের কথা বললেন বিমানে ওঠার আগমুহূর্তে
কেমন প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যাচ্ছেন?
জিয়াউর রহমান: প্রস্তুতি মোটামুটি ভালোই হয়েছে। এই টুর্নামেন্টের আগে গত মাসে আল আইনে এশিয়ান কন্টিনেন্টাল দাবায় খেলেছি। ওই অভিজ্ঞতা কাজে লাগবে। তা ছাড়া আমার তো চেষ্টা থাকবেই ভালো কিছু করার।
এর আগেও ২০১১ রাশিয়া ও ২০১৩ নরওয়েতে দুটি বিশ্বকাপে খেলেছেন। কিন্তু একবারও প্রথম রাউন্ড টপকাতে না পারাটা নিশ্চয়ই দুঃখ হয়ে আছে...
জিয়া: আমার দুর্ভাগ্য যে ওই দুবারই প্রথম রাউন্ডে কঠিন প্রতিপক্ষের সামনে পড়ে গিয়েছিলাম। আসলে প্রথম রাউন্ডটা টপকাতে পারলে পরের রাউন্ডে একটু সহজ প্রতিপক্ষ পাওয়া যায়।
দুর্ভাগ্য, নাকি রেটিং পয়েন্ট কম (জিয়ার বর্তমান রেটিং ২৫০০) বলেই প্রথম রাউন্ডে কঠিন প্রতিপক্ষ পাচ্ছেন?
জিয়া: হ্যাঁ, রেটিং পয়েন্টও এখানে একটা বড় বিষয়। রেটিং পয়েন্ট বাড়াতে পারলাম না, এটা আমার জন্য দুঃখের। ২৬০০ রেটিং থাকলে প্রতিপক্ষ অনেক সহজ হতো। রেটিং বাড়াতে হলে বেশি বেশি টুর্নামেন্ট খেলার বিকল্প নেই। আমি বেশির ভাগ সময় ভারতে খেলি। এ জন্যই পয়েন্ট বাড়েনি। এ কারণেই আমি ইউরোপে খেলতে চাই।
কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের ইউরোপে খেলা তো কঠিন...
জিয়া: এটা সত্যি। এ জন্য ফেডারেশনেরই এগিয়ে আসা উচিত। ফেডারেশন এমন উদ্যোগ নিলে আমাদের জন্য ভালো হতো। গত বছর দাবা অলিম্পিয়াডে খেলেছি নরওয়েতে। সেই সুবাদেই পাশের দেশ স্পেনে তিনটি টুর্নামেন্টে খেলতে পেরেছিলাম। সেখানে প্রথম দুই টুর্নামেন্টে ভালো করে কিছুটা রেটিং বেড়েছিল আমার।
এবার বিশ্বকাপে প্রথম রাউন্ডে আপনার প্রতিপক্ষ কে?
জিয়া: এবারের প্রতিপক্ষ রাশিয়ান গ্র্যান্ডমাস্টার ইভগেনি টমাশেভস্কি। তাঁর রেটিং ২৭৫০। যদিও আগের দুবারের তুলনায় ওকে একটু সহজ প্রতিপক্ষই ভাবছি। তারপরও রাশিয়ার বর্তমান চ্যাম্পিয়ন। অন্যদের চেয়ে দুর্বল হলেও আমার চেয়ে নিঃসন্দেহে শক্তিশালী (হাসি)।
অন্য দেশের দাবাড়ুরা এসব বড় টুর্নামেন্টে যাওয়ার আগে অন্তত কোচের পরামর্শ নেন। আপনার তো কোচও নেই!
জিয়া: একজন কোচ পেলে তো অবশ্যই সেটা আমার জন্য ভালো হতো। বিশেষ করে বিদেশে খেলতে যাওয়ার আগে কোচ থাকাটা খুব কাজে লাগে। আমি নিজে কীভাবে কোচ রাখার কথা ভাবব? আমার তো বিমানের টিকিট আর হোটেলের টাকা জোগাড় করার দুশ্চিন্তায় থাকতে হয় সব সময়। যদি ফেডারেশন আমাকে কোচ দিত, তাহলে তো কোনো কথাই ছিল না।
গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার দাবা থেকে দূরে। চাকরি নিয়েই বেশি ব্যস্ত। আরেক গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদও নিয়মিত খেলেন না। আপনি কত দিন খেলে যাবেন?
জিয়া: আমি তো সব সময় ফেডারেশনের অপেক্ষায় থাকি না। নিজেদের ব্যক্তিগত আগ্রহেই খেলে যাচ্ছি। আমার কোনো ব্যক্তিগত স্পনসর নেই। গত দুই বছর ইউরোপে বেশ কিছু টুর্নামেন্টে খেলেছি নিজের খরচে। বলতে পারেন, অনেকটা নিজের উদ্যোগেই। আমার ব্যক্তিগত ইচ্ছাটা এ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। খেলার নেশাটা ছাড়তে পারি না বলেই খেলে যাচ্ছি। অন্তত আরও ১০-১২ বছর খেলতে চাই।