'বোল্ট আমাকে গর্বিত করে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোর্টনি ওয়ালশ
কোর্টনি ওয়ালশ

ধারাভাষ্যকক্ষে তাঁকে খুঁজে পাওয়া গেল না। খুঁজতে খুঁজতে গিয়ে পাওয়া গেল আর্নস ভেলের প্রেসিডেন্টস বক্সে। সেদিকে এগোতেই পথ আটকে দাঁড়ালেন নিরাপত্তাকর্মী, ‘ওপরে প্রধানমন্ত্রী আছেন। নির্দিষ্ট পাস ছাড়া ভেতরে যাওয়া যাবে না।’ বাংলাদেশি সাংবাদিক, কোর্টনি ওয়ালশের সঙ্গে দেখা করতে চাই—এসব বলার পর মন গলল তাঁর, ‘উনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন। আগে তাঁকে জিজ্ঞেস করে আসি।’ তবে এর মিনিট খানেকের মধ্যেই নিজেই নিচে নেমে এলেন কোর্টনি ওয়ালশ। ডান হাতের কনুইতে এখনো বড় কাটা দাগ, যেটা স্কুলজীবনের এক দুর্ঘটনার স্মৃতি। বিশাল শরীর, গমগমে কণ্ঠ। প্রেসিডেন্টস বক্সের নিচে দাঁড়িয়েই হলো ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগের এক সাক্ষীর সঙ্গে কথোপকথন—
 ধারাভাষ্যকার ও বর্তমান জীবন—
ক্রিকেট ছেড়েছেন, কিন্তু ক্রিকেট তাঁকে ছাড়েনি। জ্যামাইকায় কোচিংয়ের সঙ্গে সম্পৃক্ত। সম্পৃক্ত ছিলেন জ্যামাইকা ক্রিকেট সংস্থার সঙ্গেও। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নির্বাচক হওয়ায় ছেড়ে দিয়েছেন সে দায়িত্ব। ‘আমাকে নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সে কারণেই সেটি ছেড়ে দিয়েছি। এ ছাড়া জ্যামাইকায় আমার কিছু ব্যবসাও আছে। অবসরের পরও তাই আমি অনেক ব্যস্ত।’
 পুরোনো সতীর্থদের সঙ্গে যোগাযোগ—
‘কার্টলি অ্যামব্রোসের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়। মাঝেমধ্যে ব্রায়ান লারার সঙ্গে কথা হয়, কার্ল হুপারের সঙ্গেও কথা হয়’—পুরোনো সতীর্থদের নিয়ে বর্তমানেই আছেন ওয়ালশ। পুরোনো সতীর্থদের কেউ কেউ আবার জ্যামাইকায় তাঁর ক্লাব-সতীর্থ ছিলেন। স্বাভাবিকভাবেই যোগাযোগটা টিকে আছে, ‘যেহেতু ক্রিকেটের জন্য কিছু করতে চাই, যোগাযোগ তো সবার সঙ্গেই রাখতে হয়।’

একই ফ্রেমে কার্টলি অ্যামব্রোস, উসাইন বোল্ট ও কোর্টনি ওয়ালশ l ফাইল ছবি
একই ফ্রেমে কার্টলি অ্যামব্রোস, উসাইন বোল্ট ও কোর্টনি ওয়ালশ l ফাইল ছবি

 তাঁর খেলা ছাড়ার পর টি-টোয়েন্টি ক্রিকেট শুরু। সে জন্য কোনো আফসোস—
‘আমার সময় তো আমার সময়ই, কী পাইনি সেটা নিয়ে ভাবি না। ক্রিকেটে আমি ভালো সময় কাটিয়েছি এবং আমি তা উপভোগ করেছি।’ তবে টেস্ট, ওয়ানডের মতো টি-টোয়েন্টিটাও থাকলে মন্দ হতো না বলে মনে করেন ওয়ালশ, ‘খারাপ হতো না যদি টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে পারতাম। তবে চ্যালেঞ্জটা হলো, এই খেলাটা খেলতে একটু ভিন্ন ধরনের দক্ষতা লাগে। খেলাটা খুব দ্রুতগতির বলে ব্যাটিং-বোলিং সবই ভিন্ন ধরনের হতে হয়।’ টি-টোয়েন্টি ক্রিকেট না খেলে যদি কিছু মিস করে থাকেন, তাহলে সেটা এই চ্যালেঞ্জটাই, ‘দেখুন, আমি সব সময়ই চ্যালেঞ্জ নিতে চাই। সৌভাগ্য হোক আর দুর্ভাগ্য, এটা আমার জীবনে আসেনি। তবে টি-টোয়েন্টি ক্রিকেট দেখে আমি খুব মজা পাই।’
 কার্টলি অ্যামব্রোসের সঙ্গে সেই ভয়ংকর পেস জুটি—
এ প্রসঙ্গে একটু নড়েচড়ে উঠলেন ওয়ালশ, যেন ফিরে গেলেন অতীতে, ‘আমার দিক থেকে বলব, ওই জুটিটা ছিল অসাধারণ। আমাদের নিজেদের মধ্যেও সব সময় একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল। সে জন্য বোঝাপড়াটাও ছিল ভালো। একই ধরনের উপলব্ধি ছিল, একই লক্ষ্য নিয়ে কাজ করতাম আমরা—কীভাবে প্রতিপক্ষের ক্ষতি করা যায়।’ অ্যামব্রোস-ওয়ালশ জুটিটা কিন্তু এখনো আছে, তবে বন্ধুত্বের মোড়কে, ‘এখনো আমরা ভালো বন্ধুর মতোই আছি এবং সুযোগ পেলেই একসঙ্গে সময় কাটাই।’
 ওয়েস্ট ইন্ডিজের এখনকার পেস আক্রমণের সঙ্গে তখনকার তুলনা—
তুলনাটা সরাসরি করতে চাইলেন না ওয়ালশ, ‘তুলনা করাটা কঠিন। আমরা ছিলাম ভিন্ন সময়ের মানুষ, আর দুজনই ছিলাম ছয় ফুটের মতো লম্বা। এখনকার বোলারদের মধ্যে এক জেরেমি টেলর ছাড়া বাকিরা একটু খাটো। তবে তারাও খুব ভালো ফাস্ট বোলার।’ ওয়েস্ট ইন্ডিজের বর্তমান বোলারদের প্রতি ওয়ালশের শ্রদ্ধা আছে যথেষ্টই, ‘তাদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধাও আছে, কারণ এখনো তারা ওয়েস্ট ইন্ডিজের মানুষকে গর্বিত করতে পারে। তারা ভালো করছে।’
 মাইকেল হোল্ডিং মনে করেন, খুব ভালো ফাস্ট বোলার এখন আর উঠে আসছে না। সাম্প্রতিক একটা সাক্ষাৎকারে তিনি এমনও বলেছেন, রেডিও ধারাভাষ্যে একবার যখন তিনি শুনলেন রবি রামপল মাইকেল হোল্ডিং প্রান্ত থেকে বল করছেন, তিনি রেডিও বন্ধ করে দিয়েছিলেন—
প্রশ্নটা একটু এড়িয়েই যেতে চাইলেন কোর্টনি ওয়ালশ। তবে বর্তমান ফাস্ট বোলারদের জন্য তাঁর কণ্ঠে ঝরে পড়ল সহমর্মিতা, ‘আপনি ফাস্ট বোলার বলতে কী বোঝাচ্ছেন জানি না। তবে এখনকার ফাস্ট বোলারদের অনেক চোট বয়ে বেড়াতে হয়। টিনো বেস্ট, ফিদেল এডওয়ার্ডস তো খেলছেই না।’ ওয়েস্ট ইন্ডিজ দলে এখন অনেক তরুণ ফাস্ট বোলার। ওয়ালশের মূল চিন্তা তাঁদের ফিট রেখে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে রাখতে পারা।
 ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বর্ণময় চরিত্রের অভাব নেই। সবচেয়ে জনপ্রিয় কে? কেউ বলেন বব মার্লি, কেউ বলেন উসাইন বোল্ট...
ওয়ালশ কারও চেয়ে কাউকে কম মনে করেন না, ‘আমার মনে হয় এটা সব মিলিয়েই। বব মার্লি এমন একজন ছিলেন, যিনি গোটা ক্যারিবিয়ানের সব মানুষকেই আকৃষ্ট করতেন। আর বোল্ট তো বিস্ময়কর। সুপারস্টার, দারুণ অ্যাথলেট।’ এ প্রসঙ্গে কয়েকজন ক্রিকেটারের নামও বললেন—স্যার ভিভ রিচার্ডস, ক্লাইভ লয়েড, ব্রায়ান লারা, ক্রিস গেইল। ক্যারিবিয়ান এঁদের সবার প্রতিই আকৃষ্ট। তবে ব্যক্তিগত পছন্দের কথা বলতে গিয়ে ওয়ালশ শেষ পর্যন্ত বলেই ফেললেন, ‘তরুণ বয়সে বব মার্লিই ছিলেন আমার নায়ক। তবে উসাইন বোল্টও আমাকে অনেক গর্বিত করে।’
 উসাইন বোল্টের সঙ্গে যোগাযোগ—
শুধু বোল্ট নয়, জ্যামাইকার ক্রীড়াঙ্গনের সব তারকার সঙ্গেই যোগাযোগ আছে ওয়ালশের, ‘হ্যাঁ, যোগাযোগ তো আছেই। জ্যামাইকায় থাকলে দেখা-সাক্ষাৎও হয়।’ বোল্ট-গেইলের সঙ্গে যোগাযোগের একটা কারণ হতে পারে ব্যবসা, ‘আমি, বোল্ট, এমনকি ক্রিস গেইলও একই ধরনের ব্যবসায় আছি। সবার রেস্টুরেন্ট আছে। আমার রেস্টুরেন্টের নাম কোর্টনিস স্পোর্টস বার। এটা জ্যামাইকায় খুব জনপ্রিয়।’
 বাংলাদেশের ক্রিকেট নিয়ে মূল্যায়ন—
আমি বাংলাদেশের খেলা দেখি। তাদের কিছু ভালো ভালো তরুণ ক্রিকেটার আছে। তবে দলটাকে আরও ধারাবাহিক হতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে এই দেশ থেকে অনেক ভালো ভালো ক্রিকেটার বেরিয়ে এসেছে। তবে ধারাবাহিক পারফরম্যান্সে জন্য একসঙ্গে পাঁচ-ছয়জন ক্রিকেটারকে ভালো খেলতে হবে।