'ব্যাডমিন্টন এখন আমার জীবিকা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মইনুল ইসলাম মুন্না।
মইনুল ইসলাম মুন্না।

ব্যাডমিন্টন খেলে একটা সংসার চালানো বাংলাদেশি যেকোনো ছেলের জন্য কঠিনই। সেই কঠিন কাজটাই করে চলেছেন ২২ বছর বয়সী মইনুল ইসলাম মুন্না। মালয়েশিয়ায় গিয়ে ব্যাডমিন্টনে গড়লেন নিজের ভাগ্য। সে দেশের একটি ক্লাবের কোচ কাম ম্যানেজার হয়ে বাংলাদেশি এই তরুণ অংশ নিচ্ছেন গতকাল ঢাকায় শুরু হওয়া আন্তর্জাতিক টুর্নামেন্টে
* আপনি মালয়েশিয়ায় গেলেন ব্যাডমিন্টন কোচিং করতে। কিন্তু এবার ঢাকায় এলেন মালয়েশিয়ার একটি ক্লাবের কোচ কাম ম্যানেজার হয়ে। কীভাবে এটা সম্ভব হলো!
মইনুল ইসলাম মুন্না: আমি মালয়েশিয়ায় গিয়েছিলাম এ বছরের ফেব্রুয়ারিতে। তো সেখানে গিয়ে কিছুদিন ট্রেনিং নিলাম একটা স্পনসরশিপের কল্যাণে। তারপর যুক্ত হয়ে গেলাম নিউ ভিশন নামের একটি ক্লাবের সঙ্গে। এটি কোয়ালালামপুর থেকে ৪০ মিনিট দূরের সেলেঙ্গা শহরের ক্লাব। আর এই ক্লাবের কোচ হয়েই আমি ঢাকা এসেছি। একজন বাংলাদেশি হিসেবে আমি অনেক গর্বিত।
* এত কম বয়সে কোচ হলেন কীভাবে? আপনার তো এখন খেলার বয়স।
মইনুল: আমি সম্প্রতি খেলা ছেড়ে পুরো কোচ হয়ে গেছি। নিউ ভিশন ক্লাব আমাকে মাসে ২০০০ রিংগিত বেতন দেয়।
* তাহলে তো ভালোই। বলা যেতে পারে, ব্যাডমিন্টন এখন আপনার জীবিকা?
মইনুল: অবশ্যই ব্যাডমিন্টন এখন আমার জীবিকা। বাংলাদেশি টাকায় ৩৫ হাজারের কাছাকাছি পাই। এ দিয়ে আমার ভালোই চলে যায়। আর এ-ও বলতে পারেন, মালয়েশিয়ায় গিয়ে আমার ভাগ্য বদলে গেছে। তবে আমি স্যালারির চেয়ে কিছু শিখতে পারা কিংবা শেখাতে পারাটাকেই বেশি গুরুত্ব দিই। কারণ, ব্যাডমিন্টনে মালয়েশিয়া দেশটা খুব ভালো। প্রচুর ক্লাব, একাডেমি আছে। অনেক দেশের খেলোয়াড়েরা এখানে আসে কোচিং নিতে।
* কিন্তু মালয়েশিয়া যাওয়ার প্রেক্ষাপটা কী ছিল? কেন সেখানে যেতে হলো?
মইনুল: আমি ২০১৩ সালে অনূর্ধ্ব-১৯ দলে খেলেছি। মালয়েশিয়া আর ভারতে যাই। তবে মূল জাতীয় দলে খেলা হয়নি। খেলার স্বপ্ন ছিল। কিন্তু ঘটনাচক্রে ২০১৫ সালে জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলতে দেওয়া হয়নি আমাকে। কী একটা ঝামেলা ছিল। এতে আমার মন ভেঙে যায়। কারণ, আমি পড়ালেখা ছেড়েছি ব্যাডমিন্টনের জন্যই। স্পনসর কাওয়াসাকি থেকে বলল, মালয়েশিয়া যাও। প্রশিক্ষণ নাও।
* সেই যাওয়া যে এমন বদলে দেবে আপনাকে, ভাবতে পেরেছিলেন?
মইনুল: প্রথম দিকে ভাবতে পারিনি। আসলে আমি কষ্ট করেছি, তার ফল হয়তো পাচ্ছি বা আরও পাব। ঢাকার এই টুর্নামেন্টে আমার ক্লাবই আমাকে কোচ করে পাঠিয়েছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।
* নিশ্চয়ই আপনার পরিবারও অনেক খুশি?
মইনুল: আমি পরিবারে বড় অবদান রাখছি এখন। এটা খুব দরকার ছিল। কারণ, বাবা কিছু করেন না। চার ভাইয়ের মধ্যে সবার বড় আমি। আর আমাদের বাড়ি হলো সিলেট শহরের বড়ইকান্দিতে। সেখানে এখন সবাই খুশি।