'ব্যাপারটা নেশার মতো, পাগলামির মতো'

অনেকেই তাঁকে মনে করেন সর্বকালের দ্রুততম বোলার। ফাস্ট বোলিংয়ের রূপ-রস অনেকটাই সঞ্জীবিত তাঁর হাতে। ক্রিকেট মান্থলিকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতারের অনেক অজানা বিষয়ই উঠে এল...
. ফাস্ট বোলার কেন হতে চেয়েছিলেন?
শোয়েব আখতার: আমি আসলে কাউকে অনুকরণ করতে চেয়েছিলাম। ওয়াকার, ইমরান, ওয়াসিম। এঁরা ছিলেন অনুপ্রেরণা। এরপর ব্যাপারটা হয়ে গেল নেশার মতো, একটা পাগলামির মতো। আমি নিজেই দ্রুততম হওয়ার পথটা বের করে নিলাম। এভাবেই সবচেয়ে তুখোড় হওয়ার একটা উপায়ও খুঁজে নিলাম। কিন্তু এটাও বুঝতে পারলাম, আমি সবচেয়ে আনফিট ফাস্ট বোলার। ঠিক করলাম, আর যাই হোক, গতির সঙ্গে আপস নয়।
. জোরে বল করাটা আসলে কতটা কঠিন?
শোয়েব: ক্যারিয়ারের প্রতিটা দিনই আমাকে হামাগুড়ি দিয়ে বাথরুম থেকে বেরোতে হয়েছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে বিছানা থেকে উঠতে হয়েছে। গত ১৮ বছরে এমন একটা দিনও যায়নি, যখন আমি হাঁটুতে কোনো ব্যথা টের পাইনি।
. ফাস্ট বোলিংয়ের কী এমন আনন্দ, যার জন্য আপনি এত কিছু সয়েছেন?
শোয়েব: আপনার বুকে পাকিস্তান নামের তারাটি। এটাই ছিল আমার সবচেয়ে বড় প্রেরণা। আমি যখন ডাক পাই, টানা তিন দিন আমি পাকিস্তানের জার্সি গায়ে ঘুমিয়েছিলাম। এতই ভালো লাগছিল, মনে হচ্ছিল অনন্তকাল পরে থাকতে পারব। ক্রিকেটে ফাস্ট বোলার হওয়ার চেয়ে ভালো কিছু আর হতে পারে না। আপনার দৌড়ের সঙ্গে সঙ্গে দর্শকেরা সোল্লাসে চেঁচাচ্ছে। আপনার ধমনিতে রক্তের নাচন, শিরায় শিরায় রোমাঞ্চ। তার ওপর ভরা মাঠে কঠিন প্রতিপক্ষের সঙ্গে এই আনন্দও বেড়ে যায় অনেকখানি। অস্ট্রেলিয়ার সঙ্গে, বিশেষ করে অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে আমি যেন বাড়তি একটা তাড়না বোধ করতাম। যে ডেলিভারিতে তাকে আউট করা সম্ভব, সেটাই সে মারতে পারত।
. ফাস্ট বোলারের সবচেয়ে বেশি তৃপ্তি কিসে?
শোয়েব: ব্যথা ছাড়া পালকের মতো হালকা হয়ে দৌড়ানোর অনুভূতিতে। জীবনের খুব কম দিনই আমার এমন মনে হয়েছে। তার পরও আমি সারা দিনই বল করে যেতে চেয়েছি। তবে সবচেয়ে আনন্দ স্টাম্প ছত্রখান হতে দেখা, বলের সঙ্গে স্টাম্পের সংঘর্ষের সেই খটাখট আওয়াজ। সুইং, সিম, বাউন্সার এসব তো পরে। প্রথমেই আপনি বলটা স্টাম্পে লাগাতে চাইবেন। এই আনন্দের সঙ্গে কিছুরই তুলনা হয় না। তবে কাউকে আঘাত দিয়ে আমি কখনোই মজা পাইনি। জীবনে এক সেকেন্ডের জন্যও নয়।
. কিন্তু এটা তো আপনার কাজের অংশই। আপনাকে তো ব্যাটসম্যানকে ভয় পাইয়ে দিতে হবে...
শোয়েব: আমি ওদের চোখে ভয়টা দেখতে পেতাম। আমার বোলিংয়ের বিপক্ষে খেলতে আমার নিজেরই তো ভয় লাগত। পরে মারাত্মক স্লোয়ার ও দ্রুতগতির বাউন্সারও যোগ হয় আমার তূণে।
. কিন্তু এ রকম বাউন্সার থাকার পরেও আপনি ব্যাটসম্যানদের খুব একটা আঘাত করতে চাইতেন না...
শোয়েব: আমি ব্যাটসম্যানদের আউট করতে পারলেই খুশি হতাম। সেটা না পারলে একটু আঘাত করতাম। কিন্তু এটা আমি কখনোই উপভোগ করতাম না।
. ২০০৩ সালে বাউন্সারে গ্যারি কারস্টেনকে আঘাত করেছিলেন। মাটিতে পড়ার আগেই তাঁকে ধরে ফেলেছিলেন কেন?
শোয়েব: আমার খারাপ লাগছিল। সে ছিল আমার বন্ধু। ১৯৯৫ সালে চার দিনের একটা ম্যাচে আমার প্রতিপক্ষ দলে কারস্টেন ছিল। আমি তাকে বলেছিলাম, ‘আচ্ছা, আমি কি কখনো ওয়াকারের মতো হতে পারব?’ তখনো জাতীয় দলে সুযোগ পাইনি। ও ‘হ্যাঁ’ বলেছিল। আমি জানতে চেয়েছিলাম, ‘আমার কি সেই ক্ষমতা আছে।’ ও ‘হ্যাঁ’ বলেছিল।
. কিন্তু কাউকে আঘাত করে সেটা উপভোগ করতে না পারার মানে কী?
শোয়েব: আউট করতে না পারলে আমি আঘাত করতে চাইতাম। আউট করতে পারলে সেটা চাইতাম না। কেউ আমার ওপর চড়ে বসলে, যেমন অস্ট্রেলিয়ানরা প্রায়ই করত, তাদের সঙ্গেই নিজের সবটুকু দেওয়ার চেষ্টা করতাম। এ জন্যই আমি অস্ট্রেলিয়াকে ভালোবাসতাম। ওরা সব সময় আপনার সেরাটা বের করে আনবে।
. অস্ট্রেলিয়ার কথা যখন এলই, শারজা টেস্টে ম্যাথু হেইডেন বলেছিলেন আপনার মুখোমুখি হওয়া মানে একটা জ্বলন্ত উনুনের ওপর বসে থাকা। পাকিস্তান ৫৯ রানে অলআউট হয়েছিল, কিন্তু আপনি নিজের রুদ্ররূপ দেখিয়েছিলেন। এটা কীভাবে এল?
শোয়েব: লড়াইয়ের মধ্যে লড়াই থাকে। আপনার দল যখন বিপর্যয়ে, তখনই তো নিজের সামর্থ্য কতটুকু সেটা দেখাতে চাইবেন। আমি সব সময় বলি, তাড়নাই আমার সবকিছু। সেটা না থাকলে আমি নিজের অর্ধেকও নই।
. প্রতিপক্ষের সেরা ব্যাটসম্যানকে লক্ষ্য বানানোর একটা প্রবণতা আপনার ছিল!
শোয়েব: কারণ, সেটা বোলার হিসেবে আমাকে আরও ভালো করত। কখনো কখনো দ্রাবিড়, শচীন আবার কখনো শেবাগ। অস্ট্রেলিয়ার পন্টিং, হেইডেনের কারণে আমি আরও ভালো হয়েছিলাম। আমি তিনবার হেইডেনকে আউট করেছি, যখন আপনাকে কেউ পাল্টা আঘাত করে, আপনি নিজের দুর্বলতা খুঁজে নিতে চাইবেন।
. ফাস্ট বোলারসুলভ অহমের কিছু কি এখানে নেই?
শোয়েব: অহম-টহম কিছু নয়। এটা আসলে প্রতিভার দ্বন্দ্ব। আমার মস্তিষ্ক প্রতিপক্ষের চেয়ে দ্রুত কাজ করছে, সেটা আমি প্রমাণ করতে চাইতাম। তাকে ভাবার আগেই আপনাকে ভেবে নিতে হবে। এটা ওয়াসিমের কাছ থেকে শিখেছিলাম। ব্যাটসম্যানকে নিয়ে সংবাদপত্রের প্রতিবেদন পড়তাম, সে চোট বা খারাপ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছে কি না, এমনকি তার ব্যক্তিগত সমস্যাও।
. যেমন?
শোয়েব: আমি জানতাম, শচীনের কনুইতে চোট আছে। ভারি ব্যাট নিয়ে ও পুল বা হুক ভালোভাবে খেলতে পারবে না। এ জন্য ওকে আমি প্রতি তিন বল পর বাউন্সার দিতাম। হুকের জায়গায় একটা ফিল্ডার রাখতাম। একটা ছয় মারলে মারুক না, কয়টা মারবে? বুদ্ধিমান বোলাররা ব্যাটসম্যানদের সমস্যা, তাদের ফুটওয়ার্ক, টেকনিক, চাপ—সবকিছুই পড়ার চেষ্টা করে।
. আপনার গতির কারণে বিপক্ষ ব্যাটসম্যানরা কি আপনাকে না ঘাঁটানোর চেষ্টা করতেন?
শোয়েব: হ্যাঁ, এমনকি আমার দলের ব্যাটসম্যানরাও। ইউসুফ নেটের আগে আমাকে বলত, ‘ভাই, আমায় মারিস না!’ নেটে অবশ্য আমি ফুল লেংথে বল করতাম, তেমন আঘাত কাউকে দিইনি। একবার সাঈদ আনোয়ার অবশ্য কনুইয়ে ভালোই চোট পেয়েছিল।