'বড় ম্যাচে শ্রীলঙ্কা ভালো খেলে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

রবিচন্দ্রন অশ্বিন
রবিচন্দ্রন অশ্বিন

টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট তাঁর। তবে এশিয়া কাপে এখন পর্যন্ত রবিচন্দ্রন অশ্বিন একটু বিবর্ণই, দুই ম্যাচে নিয়েছেন ১ উইকেট। কাল মিরপুরের একাডেমি মাঠে সংবাদ সম্মেলনে ভারতের অফ স্পিনার কথা বললেন নিজের ফর্ম, ভারতের সম্ভাবনাসহ আরও অনেক কিছু নিয়েই... 

*মিরপুরের উইকেটটা কেমন দেখছেন?

রবিচন্দ্রন অশ্বিন: যেমন উইকেট হয়েছে, তাতে অবাক হওয়ার কিছু নেই। আন্তর্জাতিক দল হিসেবে আমাদের সব ধরনের কন্ডিশনের সঙ্গেই খাপ খাইয়ে নিতে হবে। যেভাবে আমরা সবার ওপরে আছি, তাতে আমি খুবই খুশি। আমাদের লোয়ার অর্ডার, ফাস্ট বোলার ও বাকি সবার জন্যই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই আসর একটা মহড়ার সুযোগ হয়ে এসেছে।

*সবুজ উইকেট কি আপনার জন্য বাড়তি একটা চ্যালেঞ্জ?

অশ্বিন: কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবেন কি না, সেটার জন্য আগে আপনাকে কন্ডিশনটা বুঝতে হবে। এখানে খুব বেশি স্পিন ধরবে না, এটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। সে ক্ষেত্রে ঠিক জায়গায় বল ফেলে রান কম দেওয়াটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আর উইকেটের জন্য খুব বেশি চেষ্টা করাটা ঠিক নয়। কারণ টি-টোয়েন্টিতে ভালো বলের চেয়ে বরং চাপের কারণেই উইকেট বেশি পড়ে। এ রকম পরিস্থিতিতে আমি ওটাই করার চেষ্টা করব। আক্রমণের কোনো সুযোগ থাকলে তো অবশ্যই সেটাও করব। আর আমরা অস্ট্রেলিয়া, ভারত, বাংলাদেশে ভিন্ন ভিন্ন কন্ডিশনে নিজেদের পরখ করে দেখতে পাচ্ছি, এটাও একটা বড় ব্যাপার।

*কোহলির সঙ্গে আমিরের দ্বৈরথটা কেমন দেখলেন?

অশ্বিন: আমির দারুণ একটা স্পেল করছিল। ওই দিন আমাদের বুক চিতিয়ে খেলার জন্য কাউকে দরকার ছিল। একই সঙ্গে আক্রমণ ও রক্ষণ করতে পারবে, এ রকম কাউকেও আমরা চাইছিলাম। ইনিংসটা ড্রেসিংরুমে বেশ স্বস্তি এনে দিয়েছে। আমাদের লক্ষ্য ছিল মাত্র ৮৪। তাই জানতাম ২০-৩০ রানের একটা জুটি হলেই ম্যাচটা জিততে পারব। এই দৃষ্টিকোণ থেকে দেখলে এটা দারুণ এক ইনিংস। বিরাট (কোহলি) বেশ সাহস দেখিয়েছে, ওটা দেখা দারুণ একটা ব্যাপার ছিল।

*ভারত-পাকিস্তানের ম্যাচ তো সব সময়ই আলাদা কিছু। সেটিতে জয় নিশ্চয় বাড়তি তৃপ্তির? 

অশ্বিন: এটা আসলে শুধু আরেকটি ম্যাচই। ২০১১ বিশ্বকাপের সেমিফাইনালকেই বরং আমি বেশি এগিয়ে রাখব। আর আমাদের খুব বেশি চাপ নেওয়ার দরকার নেই। এটা নিয়ে প্রচারমাধ্যম বা সবার মধ্যে কেমন ধুন্ধুমার পড়ে যায়, সেটা তো আমরা জানিই। আমরা শুধু এটাকে আরেকটা ম্যাচ হিসেবে দেখারই চেষ্টা করি।

*বুমরাহ ও নেহরার পারফরম্যান্স আপনাকে কতটুকু সাহায্য করছে?

অশ্বিন: একটা দল হয়ে প্রতিপক্ষকে আঘাত করতে পারলে তো ভালোই। আমরা জানি, আশিস (নেহরা) একজন অভিজ্ঞ বোলার। শেষ দিকে ভালো করার মতো ক্ষমতা আছে তাঁর। বুমরাহও ভালো ইয়র্কার দিতে পারে। গত কয়েক বছরে এই জায়গায় আমাদের হয়তো একটু দুর্বলতা ছিল। আমাদের বোলিং লাইনআপে এটা অবশ্যই বাড়তি সংযোজন। আগের চেয়ে শেষ ওভারগুলোতে আমাদের বল অনেক ভালো হয়েছে।

*আগের ম্যাচে তো লাসিথ মালিঙ্গা খেলেননি। পরের ম্যাচেও তাঁর খেলাটা অনিশ্চিত। সে ক্ষেত্রে ভারত কতটুকু সুবিধা পাবে?

অশ্বিন: মালিঙ্গা একজন চ্যাম্পিয়ন বোলার, ও না খেলতে পারলে সেটা অবশ্যই প্রতিপক্ষের জন্য ভালো। তবে আন্তর্জাতিক ক্রিকেট খেলেই ১০টা দল, এখানে সবাই সবাইকে চেনে। শ্রীলঙ্কাকে নিয়ে আমাদের একটাই ভয়, বড় ম্যাচে ওরা নিজেদের একটু বেশিই মেলে ধরে, ভালো খেলে। খেলার মানটাও ওপরে নিয়ে যায়। দারুণ একটা দল শ্রীলঙ্কা।