>

গত তিন বছর হচ্ছে না জাতীয় সাইক্লিং। দেশের সাইক্লিস্টদের জন্য ফরচুন ট্যুর ডি বাংলাদেশ প্রতিযোগিতাটা তাই দারুণ একটা সুযোগ হয়ে এসেছে। ট্যুর ডি ফ্রান্সের আদলে হওয়া এই প্রতিযোগিতা নিয়মিতই দেখতে চান প্রথমবারের চ্যাম্পিয়ন সিরাজুল ইসলাম
*বাগেরহাট, গোপালগঞ্জে পিছিয়ে ছিলেন। কিন্তু ঢাকায় এসেই চ্যাম্পিয়ন। এতটা কি আশা করেছিলেন?
সিরাজুল ইসলাম: রেস শুরুর পর ভাবতে পারিনি যে চ্যাম্পিয়ন হব। এখানে আমার চেয়েও অনেক ভালো সাইক্লিস্ট রয়েছেন। আমি জানতাম রিপন ভাই (রানারআপ রিপন কুমার বিশ্বাস) পয়েন্টে আমার চেয়ে এগিয়ে থাকবেন। কারণ গত দুই দিন তিনিই এগিয়ে ছিলেন। কিন্তু উনি আজ ভালো করতে পারেননি। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছি বলে খুবই ভালো লাগছে।
*অথচ আপনি নাকি চ্যাম্পিয়ন হতে চাননি!
সিরাজুল: (হাসি) কথাটা ঠিক না। এমন কথা বলার পেছনে একটা গল্প রয়েছে।
* শুনি তাহলে গল্পটা...
সিরাজুল: ঢাকায় আমি সাইক্লিংয়ের জগতে এসেছি রিপন ভাইয়ের হাত ধরে। উনি বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সাইক্লিস্ট। ২০০৮ সালে যশোর থেকে ঢাকায় জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়েই ৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দুটি ইভেন্টে (১৫০০ মিটার রেস ও এলিমিনেশন রেস) চ্যাম্পিয়ন হই। আমার এমন পারফরম্যান্স দেখেই উনি আমাকে বিজিবি দলে নেওয়ার ব্যবস্থা করেন। এখন আমি এই সংস্থায় আছি। তাঁকে কৃতজ্ঞতা জানাতেই এই সিদ্ধান্ত। চেয়েছিলাম আমি বা রিপন ভাইয়ের মধ্যে যে কেউ যেন চ্যাম্পিয়ন হই। কিন্তু উনি শেষ পর্যন্ত পারেননি।
* আপনার সাইক্লিংয়ের শুরুটা কবে থেকে?
সিরাজুল: আমাদের এলাকা যশোরের অভয়নগরে স্বাধীনতা দিবসে সাইক্লিং টুর্নামেন্ট হয় প্রতিবছর। আমি ২০০৩ সাল থেকে স্থানীয় মাঠে সাইক্লিং করতাম। এরপর জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়েই চ্যাম্পিয়ন হই। এ পর্যন্ত মোট পাঁচবার অংশ নিয়ে সাতটি সোনা, দশটি রুপা ও একটি ব্রোঞ্জ জিতেছি।
*আপনার প্রথম সাইকেলটা কেমন ছিল?
সিরাজুল: আমাদের অভাবের সংসার। বাবা এখনো অভয়নগরে ট্রাক থেকে বস্তায় সার নামানোর কাজ করেন। তবুও বাবার কাছে একটা সাইকেলের বায়না করেছিলাম। বাবা বলেছিলেন, ‘তোমাকে আমি কীভাবে সাইকেল কিনে দেব? আমাকে বেচলেও ১০ হাজার টাকা হবে না।’ এরপর ইতালিয়ান ফ্রেম, জাপানি চাকায় জোড়াতালি দেওয়া এক সাইকেল নিয়ে শুরু করি রেস।
* প্রথম ট্যুর আয়োজন কেমন হলো?
সিরাজুল: খুবই ভালো। এ জন্য সবার আগে ধন্যবাদ স্পনসর বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডকে। সাইক্লিং ফেডারেশনকেও ধন্যবাদ। এমন ট্যুর বাংলাদেশে আরও হলে আমার মতো অসংখ্য খেলোয়াড় উঠে আসবে। বাগেরহাট, গোপালগঞ্জ ও ঢাকায় এই প্রতিযোগিতা নিয়ে ব্যাপক সাড়া দেখেছি।
* বাংলাদেশে ভেলোড্রাম নেই। পিচের রাস্তায় সাইক্লিং কতটা চ্যালেঞ্জিং?
সিরাজুল: আমাদের ভেলোড্রামের আক্ষেপ দীর্ঘদিনের। ভারতে ১৭টি ভেলোড্রাম আছে। অস্ত্র না হলে যেমন যুদ্ধ করা যায় না, তেমন ভালো সাইকেল, ভেলোড্রাম না হলেও প্রতিযোগিতায় টিকে থাকা দুষ্কর। পিচের রাস্তায় রেস করার সময় দুর্ঘটনার ঝুঁকি থেকেই যায়।