
বড় উপলক্ষ এলেই তাঁরা একটু আনন্দ করার সুযোগ পান। যেমনটা আজ ঢাকায় শুরু আন্তর্জাতিক টুর্নামেন্টে পাচ্ছেন। তবে মিরপুর ইনডোরের কোর্টে ভালো করার চ্যালেঞ্জটাও নিচ্ছেন বাংলাদেশ ভলিবল দলের অধিনায়ক আল জাবির
*ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক টুর্নামেন্ট হচ্ছে। কতটা রোমাঞ্চিত আপনারা?
আল জাবির: দারুণ রোমাঞ্চিত। আসলে এমন টুর্নামেন্ট তো আমরা সব সময় পাই না। ঢাকায় এর আগে এত বড় বাজেটের টুর্নামেন্ট হয়নি। এটা ভাবলেই খুব ভালো লাগছে। সবাই একসঙ্গে আছি, ক্যাম্প করছি মিরপুর ক্রীড়াপল্লিতে। হাসি-আনন্দেই কাটছে আমাদের সময়।
*কিন্তু দেশে খেলা বলে ভালো করার একটা বাড়তি চ্যালেঞ্জ থাকেই। আপনাদের কোচ বলেছেন, ফাইনাল খেলতে চান। আপনার নিজের লক্ষ্য কী?
জাবির: আমারও একই লক্ষ্য। এবং আশা আছে ভালো করব। সেই সামর্থ্যও আছে আমাদের। আসলে ভালো করতেই হবে। বর্তমানে ক্রিকেট বাদ দিয়ে অন্য সব খেলার যা অবস্থা, আমাদের অবশ্যই ভালো করা উচিত। ভালো করলে স্পনসর আসবে, ফেডারেশন আরও পরিকল্পনা নিয়ে সামনে এগোতে পারবে।
*ভালো করলে তা দেশের ভলিবলে কেমন প্রভাব ফেলতে পারে বলে মনে করেন?
জাবির: এই টুর্নামেন্টটা সফল হলে, সবার মনোযোগ পেলে নতুন খেলোয়াড়েরা উজ্জীবিত হবে। আরও নতুন ছেলে আসবে। খেলাটা এগিয়ে যাবে। সেটাই আসলে আমরা চাই। এরই মধ্যে নৌবাহিনী বিশাল দরজা খুলে দিয়েছে খেলোয়াড়দের সামনে। তারা বিভিন্ন খেলায় অনেক খেলোয়াড় নিচ্ছে। এসব আমাদের জন্য ভালো দিক।
*কিন্তু ভলিবল এখনো একটা জায়গাতেই আটকে আছে। এবার এসএ গেমসে পদকও আসেনি। অথচ গ্রামগঞ্জে এই খেলার চর্চা অনেক। সেটাকে কাজে লাগানোর উপায় কী?
জাবির: এখন নানা পথ খুলছে। যেমন ফ্র্যাঞ্চাইজি লিগ হতে পারে। আগামী মার্চে তেমন কিছু করার উদ্যোগও ফেডারেশন নিয়েছে বলে শুনেছি। তা ছাড়া বড় ক্লাবগুলোকে ভলিবলে আনতে হবে। আমরা সবাই সার্ভিসেস দল থেকে আসি। কিন্তু এভাবে শুধু সার্ভিসেস দলের দিকে তাকিয়ে থাকলে চলবে না। ক্রিকেট বা ফুটবলের মতো এখানে টাকা নেই। তাই টাকার প্রবাহ বাড়াতে হবে।
*ভলিবলে তো শিক্ষিত ছেলেরাও আসছে। এটাও কি নতুন আশা নয়?
জাবির: শিক্ষিত ছেলেদের আসা খুবই উৎসাহব্যঞ্জক। আমি যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে মাস্টার্স করেছি। তিতাসের মতো প্রতিষ্ঠানে জুনিয়র অফিসার হিসেবে কর্মরত আছি। মাস্টার্স করা এমন তিন-চারজন খেলোয়াড় আছে ভলিবল দলে। কিন্তু শিক্ষিত ছেলেদের এখানে টেনে আনতে যে সুযোগ-সুবিধা দরকার, সেটা আমাদের দেশে নেই।
*কিন্তু এসব জেনেও আপনি খেলাটা ভালোবেসেছেন। কখনো কি মনে হয় ক্রিকেটার, ফুটবলার না হয়ে ভুল করেছেন?
জাবির: তেমন কিছু মনে হয় না। ভলিবল ভালোবাসি ছোটবেলা থেকেই। সাতক্ষীরা থেকে উঠে এসে ২০০৮ থেকে আমি জাতীয় দলে খেলছি। তিন বছর ধরে অধিনায়ক। ভালোই কাটছে আমার জীবন। বলা যাবে না ভলিবল খেলে খুব অসুখী।