'ভালো করার চ্যালেঞ্জটা নিচ্ছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
দ্রাগো মামিচ
দ্রাগো মামিচ
জর্জ কোটানের রেখে যাওয়া জুতোয় পা গলিয়েছেন। সামনে নতুন চ্যালেঞ্জ। এএফসি কাপে ভালো করতে হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দিতে হবে ঢাকা আবাহনীর নাম। সেই চ্যালেঞ্জে জয়ী হতে চান আকাশি-নীলের ক্রোয়েশিয়ান কোচ দ্রাগো মামিচ

* আপনি গত মৌসুমে আবাহনীর কোচ হয়ে এসে দুই ম্যাচ পরই বাড়ি চলে যান স্ত্রীর অস্ত্রোপচারের কারণে। এই ফাঁকে জর্জ কোটান আবাহনীকে লিগ ও ফেডারেশন কাপ জিতিয়েছেন। কিন্তু আপনি যখন ফিরলেন, আবাহনীর সামনে আন্তর্জাতিক ফুটবলে ভালো করার বিশাল চাপ।
দ্রাগো মামিচ: হ্যাঁ, আমি জানি। এএফসি কাপের ছয় ম্যাচ শেষে আমরা যেন পরের রাউন্ডে যেতে পারি, সেই চেষ্টাই করে যেতে হবে। যদিও কাজটা সহজ নয়। প্রতিপক্ষ দলগুলো অনেক শক্তিশালী। কিন্তু আমরাও দুর্বল নই। আর চাপ তো থাকবেই। সেটি সামলেই এগিয়ে যেতে হবে।
* আপনি আসার পর চট্টগ্রামে শেখ কামাল টুর্নামেন্টে আবাহনী গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। এএফসি কাপে ভারতের বেঙ্গালুরু এফসি, মোহনবাগান, মালদ্বীপের মাজিয়া ক্লাবের চ্যালেঞ্জটা নিতে পারবে আবাহনী?
মামিচ: আবাহনীর গত বছরের প্লে-মেকার লি টাক মালয়েশিয়ায় চলে গেছে। লিগের সর্বোচ্চ গোলদাতা সানডের চোট। এমেকা ডার্লিংটন, সামাদ ইউসুফ ও জোনাথনদের নিয়ে খেলব আমরা। স্থানীয় পাঁচজন প্রথম সারির খেলোয়াড় দল ছেড়েছে। তাই এখন নতুন করেই দল সাজাতে হচ্ছে। যারা আছে, তারাও ভালো খেলোয়াড়। তাই আমি আশাবাদী, ভালো কিছু করতে পারব।
* আপনি খেলোয়াড়দের রানিং কন্ডিশনটা বাড়াতে চান। যাতে দ্রুত পাল্টা আক্রমণ করা যায়। কিন্তু বাংলাদেশের ফুটবলাররা শারীরিক দিক থেকে অনেক পিছিয়ে। কতটা উন্নতি ঘটাতে পারবেন বলে মনে করেন?
মামিচ: বাংলাদেশের ফুটবলারদের যতটা দেখেছি, ভালো খেলোয়াড় আছে। স্কিলে সমস্যা নেই। সমস্যা হলো ফিটনেস এবং দৌড়ানোর ক্ষমতায়। এদিকে আমি বিশেষ লক্ষ্য রাখছি। আশা করি, ফল আসবে।
* আপনি খেলোয়াড়দের ভিটামিন খাওয়ার পরামর্শ দিয়েছেন। খেলোয়াড়দের থাকা-খাওয়া আরও উন্নত করতে চান। তার মানে এসবে ঘাটতি দেখছেন?
মামিচ: এসব আরও উন্নত করতেই হবে। আর না হলে লক্ষ্য পূরণ কঠিন হবে। আর যেটা বললেন, ফিটনেসের ওপর আমার ডিপ্লোমা আছে। পুষ্টি নিয়েও কাজ করেছি। তাই আমি খেলোয়াড়দের বলি, তোমাদের শক্তি কম। আর শক্তি বাড়াতে নিজের শরীরের যত্ন নাও। শক্তি অর্জন করো। ভিটামিনযুক্ত খাবার খাও। এগুলো আবশ্যক।
* আপনার কোচিং-দর্শন কী?
মামিচ: সব সময়ই চাই ম্যাচ জিততে। কিন্তু কখনো কখনো রক্ষণটাও করতে হবে আপনাকে। একজন খেলোয়াড়কে সব ধরনের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে খেলতে হবে।
* এই ৬৩ বছরের জীবনে আপনার কোচিং অভিজ্ঞতা প্রায় ৩০ বছরের। মিয়ানমার ও মালদ্বীপের কোচ ছিলেন। তা কেমন কাটল এই লম্বা ভ্রমণ?
মামিচ: ভালোই। ক্রোয়েশিয়ার ফুটবল ফেডারেশনের যুব কোচ ছিলাম বেশ কয়েক বছর। ভারতের চার্চিল ব্রাদার্সের কোচ হিসেবে কাজ করেছি। ২০১৪ সালে মালদ্বীপের দায়িত্ব নেওয়ার সময় দেশটির ফিফা র্যা ঙ্কিং ছিল ১৬৫। ২০১৫ সালের শুরুতে ছাড়ার সময় ১৩০। ৩৫ ধাপ উন্নতি। র্যা ঙ্কিংয়ে এভাবে দ্রুত উন্নতির দিক থেকে ২০১৪ আমি এশিয়ার সেরা কোচ হই, গোটা পৃথিবীতে অষ্টম।