'ভালো কিছুই দেবে সাইফ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
কিম গ্র্যান্ট
কিম গ্র্যান্ট

আট বছর বয়সে ঘানা থেকে বাবা-মায়ের সঙ্গে পাড়ি দেন ইংল্যান্ডে। সেখানেই বেড়ে ওঠা। পেশাদার ফুটবলজীবন শেষে এখন পেশাদার কোচ। প্রিমিয়ার লিগে নবাগত সাইফ স্পোর্টিংয়ের কোচ কিম গ্র্যান্ট কাল শেখ জামাল মাঠে দাঁড়িয়ে যেন ফিরে গেলেন নিজের ফেলে আনা দিনগুলোয়
* আপনার জন্ম তো ঘানায়। কিন্তু ব্রিটিশ পরিচিতি কীভাবে হলো?
কিম গ্র্যান্ট: আমার মা ব্রিটিশ, বাবা জর্জ গ্র্যান্ট ছিলেন ঘানাইয়ান। বাবার সূত্রে ঘানায় আমার জন্ম। তবে আট বছর বয়সে আমরা লন্ডনে চলে আসি। তারপর ঘানায় আমার যাওয়া হয়েছে, কিন্তু এখন আমি পুরোদস্তুর একজন ব্রিটিশ ফুটবল কোচ।
* বাবা-মা আছেন?
গ্র্যান্ট: মা আছেন, তিনি দক্ষিণ লন্ডনে থাকেন। বাবা মারা গেছেন ৩০ বছর আগে। আমার বাবা ছিলেন ঘানার একজন কাঠ ব্যবসায়ী। জঙ্গল থেকে কাঠ আনতেন। কিন্তু বেশি দিন এটা করতে পারেননি। জানেন তো, ঘানা একটা সময় পর্যন্ত ব্রিটিশ কলোনি ছিল। রাজনৈতিক অবস্থা ভালো ছিল না। সব মিলিয়ে আমাদের আসলে আর ঘানায় থাকা হয়নি।
* এমনিতে কি জন্মভূমিতে যাওয়া হয়?
গ্র্যান্ট: হ্যাঁ, যাই। আমি তো আবেদি পেলেদের সঙ্গে ঘানার জাতীয় দলে ’৯৬-’৯৭ সালে সাতটি ম্যাচও খেলেছি। স্ট্রাইকার হিসেবে একটি গোল আছে। গত বছর ঘানার একটি ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টরও ছিলাম। ওখানে তাকোরাদি নামে আমার একটি ক্লাব আছে, ২০১৪ সালে প্রতিষ্ঠিত দলটার কোচ ছিলাম আমি। বাবার দিক থেকে আমার কিছু আত্মীয়স্বজনও আছে ঘানায়। ঘানা-ইংল্যান্ড দ্বৈত নাগরিকত্ব আমার। যদিও আমি নিজেকে ব্রিটিশ বলেই পরিচয় দিই।

* শুনলাম আপনি চেক রিপাবলিকে থাকেন...
গ্র্যান্ট: চেক রিপাবলিকে থাকি, কারণ ওখানেই সংসার পেতেছি। চেক বান্ধবীর সঙ্গে যুগলবন্দীতে আমাদের ঘরে এসেছে তিন সন্তান। আমরা এখন বিয়ে করব ভাবছি। ওখানে আমাদের কিন্ডারগার্টেন ব্যবসা আছে।
* আপনি তো পেশাদার ফুটবলারও ছিলেন...
গ্র্যান্ট: আমি আসলে অনেক দেশে খেলেছি। হিসাব করে বললে, ১৮টি পেশাদার ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে। সিঙ্গাপুরের এস লিগ, মালয়েশিয়া, জে-লিগ টুসহ আরও অনেক লিগে খেলা হয়েছে, তবে ইংল্যান্ডেই বেশি খেলেছি, ইংলিশ ক্লাব চার্লটন অ্যাথলেটিকে কাটিয়েছি ’৯১-’৯৬। তখন এটি ছিল ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপের (দ্বিতীয় স্তর) দল।
* কলকাতার ইস্টবেঙ্গল ক্লাবের বর্তমান ব্রিটিশ কোচ ট্রেভর মর্গানের সহকারী ছিলেন...
গ্র্যান্ট: সিঙ্গাপুরে হালগান ইউনাইটেড, মালয়েশিয়ায় সারওয়াক ক্লাবে মর্গান ছিলেন আমার প্রধান কোচ। আমি সহকারী। এ ছাড়া যুক্তরাজ্যে কিছু নামী ক্লাব, একাডেমিতে কাজ করেছি।
* বাংলাদেশে আসার আগে এ দেশের ফুটবল সম্পর্কে কোনো ধারণা ছিল?
গ্র্যান্ট: তেমন ধারণা আসলেই ছিল না। তবে এখানে এসে ভালো ধারণাই হয়েছে গত কয়েক দিনে। ফুটবলের ব্যাপারে সবাই খুব আন্তরিক। আমার ক্লাব সাইফ নতুন, বাংলাদেশের ফুটবলে তারা বড় অবদান রাখতে চাইছে। এটা আমার ভালো লেগেছে।
* কদিন পরেই ঘরোয়া ফুটবল মৌসুম শুরু। সাইফ স্পোর্টিংকে নিয়ে কত দূর যেতে পারবেন মনে করছেন?
গ্র্যান্ট: সব দলকে এখনো দেখা হয়নি। অনুশীলন ম্যাচে আজ শেখ জামালকে দেখলাম। অন্য বড় দলগুলোকেও দেখব। আশা করি, বড় দলগুলোর সঙ্গে লড়াই করে সাইফ স্পোর্টিং ভালো কিছুই উপহার দেবে। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।