
টেস্ট দলে ডাক পেয়েছেন। দলের সঙ্গেই কাল গিয়েছিলেন গণভবনে প্রধানমন্ত্রীর দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে। সেখান থেকে ফিরে বিকেলেই খুলনার উদ্দেশে যাত্রা। এত ব্যস্ততার মাঝেও মুঠোফোনে পেসার মোহাম্মদ শহীদ শোনালেন তাঁর স্বপ্নপূরণের গল্প
অভিনন্দন! কেন সেটা তো বুঝতেই পারছেন?
মোহাম্মদ শহীদ: (হাসি) হ্যাঁ, অনেক ধন্যবাদ।
প্রথম কার কাছ থেকে শুনলেন যে আপনি টেস্ট দলে ডাক পেয়েছেন?
শহীদ: ম্যানেজার সুজন ভাইয়ের (খালেদ মাহমুদ) কাছ থেকে। কাল (পরশু) সন্ধ্যা ছয়টার দিকে।
কেমন লাগছিল শুনে?
শহীদ: খুব খুশি লাগছিল। তারপর মনে হলো পরিশ্রম করেছি, সেটার পুরস্কার পেয়েছি। বাবা-মাকে জানালাম, তাঁরাও অনেক খুশি। অনেক দোয়া করলেন। ভাইবোনেরা উইশ করল ভালো খেলার জন্য। সব মিলিয়ে খুবই ভালো লাগছে।
এত তাড়াতাড়ি ডাক পাবেন ভেবেছিলেন?
শহীদ: আসলে আমি তো বিশ্বকাপের প্রাথমিক দলেও ছিলাম। প্রত্যাশা ছিল যে যদি ভালো করতে থাকি একসময় ডাক আসবেই। লিগেও ভালো বোলিং করেছি। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটাতেও খেলেছি। তো সব মিলিয়ে একটা প্রত্যাশা ছিল যে ডাক আসতে পারে।
তো এই স্বপ্নপূরণের গল্পটা একটু শুনি, মানে একেবারে শুরু থেকে...
শহীদ: আমার শুরুটা হয়েছিল তৃতীয় বিভাগ দিয়ে। নারায়ণগঞ্জে খেলতাম। সেখান থেকে আমার কোচ গোলাম রসুল স্যার তৃতীয় বিভাগে খেলার সুযোগ করে দিলেন। সেটা ২০০৫ সালের কথা। ওইখানে ভালোই করলাম। তারপর পরের বছর গোপীবাগ ফ্রেন্ডসে সুযোগ পেলাম। ওই মৌসুমে আমি ২০ উইকেট পেয়েছিলাম। কিছু রানও করেছি। এরপর প্রথম বিভাগে খেললাম। অগ্রণী ব্যাংক, প্রাইম দোলেশ্বর, ঢাকা মেট্রোসহ অনেক ক্লাবে খেলেছি। যেখানেই খেলেছি মোটামুটি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।
এখন তো বাংলাদেশের পেসারদের সুসময়। বিশ্বকাপে ভালো করেছে, পাকিস্তানের বিপক্ষে এই সিরিজেও। এমনকি টি-টোয়েন্টিতে মুস্তাফিজও ভালো বল করলেন। আপনাকে ঘিরেও একটা প্রত্যাশা তৈরি হয়েছে। এটা কি চাপ মনে হচ্ছে?
শহীদ: না, ও রকম কিছু না আসলে। আমি যেভাবে বোলিং করে ডাক পেয়েছি দলে, সুযোগ পেলেও সেভাবেই বোলিং করে যাওয়ার চেষ্টা করব। আমার আত্মবিশ্বাস আছে, আমি সুযোগ পেলে ভালো করে দেখাতে পারব। আর চাপের কথা যদি বলেন, হ্যাঁ, একটা ব্যাপার তো মাথায় আছেই যে ভালো না করলে টিকে থাকা যাবে না। কারণ বাংলাদেশ দলটা এখন এমন হয়েছে, এখানে অনেক বিকল্প। আপনি ভালো না করলে অন্য একজন আপনার জায়গা নিতে তৈরি। সুতরাং চেষ্টা করব সুযোগটা কাজে লাগাতে।
প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেছেন, লম্বা স্পেলে বল করতে পারাটা আপনার একটা আলাদা সামর্থ্যের দিক। এর বাইরে আপনার আর কী শক্তির দিক আছে বলে মনে হয়?
শহীদ: আমি মাঠে থাকতে পছন্দ করি। সেটা বোলিং হোক, ব্যাটিং হোক কিংবা ফিল্ডিং। বোলিং কিংবা ব্যাটিং যেটাই করি, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। যদি শুধু ফিল্ডিংও করি, সেখানেও চাই সর্বোচ্চ অবদান রাখতে।
একাদশে থাকলে লক্ষ্যটা কী হবে?
শহীদ: অবশ্যই নিজের সেরাটা দেওয়া। বললাম না, এখানে ভালো না করলে তো জায়গা ধরে রাখা যাবে না।
এমন কেউ আছেন যাঁকে আদর্শ মনে হয়, কিংবা আপনার পছন্দের খেলোয়াড়?
শহীদ: হ্যাঁ, মাশরাফি ভাই (মাফরাফি বিন মুর্তজা)। শুধু বোলার হিসেবে নয়, খেলোয়াড় হিসেবেই তিনি আমার আদর্শ। এ ছাড়া পেস বোলারদের মধ্যে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসের বোলিং খুব ভালো লাগত। আরও অনেকে আছেন।