'ভুটানকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

শাখাওয়াত রনি
শাখাওয়াত রনি

ভুটানের সঙ্গে ৬ সেপ্টেম্বর এশিয়ান কাপের প্রথম প্লে-অফ নিয়ে চিন্তিত বাংলাদেশ। চিন্তাটা বাড়িয়ে দিয়েছে ভুটানের ক্লাব টারটনস পরশু শেখ রাসেলকে ৪-৩ গোলে হারিয়ে এএফসি কাপের পরের পর্বে উঠে। অবশ্য ভুটানকে নিয়ে অত দুশ্চিন্তার কিছু দেখছেন না কালই ভুটান-ফেরত শেখ রাসেলের স্ট্রাইকার শাখাওয়াত রনি

*দেশে ফিরেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেন। নিশ্চয়ই ক্লাবের হয়ে ভুটান সফরের অভিজ্ঞতা কাজে লাগবে জাতীয় দলে?

শাখাওয়াত রনি: অবশ্যই কাজে লাগবে। তবে আমি মনে করি না, ভুটান আমাদের পেছনে ফেলছে। ওদের আমরা গত ডিসেম্বরে সাফে ৩-০ গোলে হারিয়েছি। টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি আমরাই ওদের চেয়ে এগিয়ে।

*কিন্তু সাফের ওই ম্যাচের কোনো গুরুত্ব ছিল না। তার আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ।

রনি: হ্যাঁ, তা ঠিক। তবে ৩-০ গোলে জেতা মানে দুদলের মধ্যে একটা পার্থক্য আছেই। তাতে আমার দুটি গোল ছিল। তবে স্বীকার করতেই হবে, ভুটান দিন দিন উন্নতি করছে। এ কারণেই এখন ভুটান ম্যাচ নিয়ে এত কথা হচ্ছে।

*কথা হওয়াই তো স্বাভাবিক। আপনারা ভুটানের টারটানস ক্লাবের সামনে প্রথমার্ধেই চার গোল খেয়ে বসলেন!

রনি: সত্যি বলতে, এবার একটা দারুণ সুযোগ হাতছাড়া হলো। আমি এর আগে আবাহনী, শেখ জামাল, শেখ রাসেলের হয়ে চার-পাঁচটি এএফসি কাপ খেলেছি। এবারই পরের রাউন্ডে যাওয়ার ভালো সুযোগ ছিল। মাত্র দুটি ম্যাচ। কিন্তু আমরা চীনা তাইপে বা ভুটানের দলটির চেয়ে ভালো খেলেও পারলাম না।

*কোন দিক থেকে এগিয়ে ছিলেন আপনারা? ম্যাচের ফল তো আপনাদের এগিয়ে থাকার কথা বলে না।

রনি: সমস্যাটা হয়েছে আমাদের নিজেদের পায়ে গোল নেই, আবার গোল আটকাতেও পারছি না। চীনা তাইপের ক্লাবের সঙ্গে এগিয়ে গিয়েও পেনাল্টিতে গোল খেয়ে ড্র। টারটনসের সঙ্গে আমরা প্রথমার্ধেই চার গোল খেয়ে হেরে গেছি। অদ্ভুতভাবে সব গোল খেয়েছি।

*এই পর্যায়ের ম্যাচে কেন এভাবে গোল খেল শেখ রাসেল?

রনি: কিছু বলার নেই। প্রথমার্ধের শেষ ১২-১৩ মিনিটের মধ্যে ৩ গোল হয়ে গেল। দ্বিতীয় গোলটার পর গোলকিপার লিটনের জায়গায় জিয়াকে ওয়ার্মআপ করতে বলেন কোচ মারুফ ভাই। জিয়া ওয়ার্মআপ করে মাঠে নামতে নামতেই ৪ গোল। লিটনের খুবই বাজে দিন গেছে।

*তার ওপর আপনি পেনাল্টি নষ্ট করলেন। অনুশোচনা হচ্ছে না?

রনি: লিটনের মতো আমারও দায় আছে। দ্বিতীয়ার্ধে আমরা দুই গোল করেছি, একটি আমার। আমি পেনাল্টি মিস না করলে ৪-৪ হয়, পরের রাউন্ডে আমরাই যাই। তা ছাড়া ঠান্ডা–বৃষ্টিতে দ্রুতগতির টার্ফে আমাদের খেলতে সমস্যা হয়েছে।

*টারটনসের ৭ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড চেনচো দুই গোল করেছেন। ওঁকে নিয়ে দুশ্চিন্তা হচ্ছে না?

রনি: ও খুবই ভালো খেলোয়াড়। স্পট জাম্প ভালো। ১: ১ অবস্থায় বিপজ্জনক। ম্যাচের পর চেন আমাকে সান্ত্বনা দিয়ে বলল, ‘তোমাদের দুর্ভাগ্য, ভালো খেলেও জিততে পারলে না।’

*দেশে প্রিমিয়ার লিগে আপনারা ছয় ম্যাচের পাঁচটিই হেরে ভুটান গেছেন। একটি ড্র। এটা কি ভুটানের ম্যাচে প্রভাব ফেলেছে?

রনি: এটা মানসিকভাবে আমাদের ক্ষতি করেছে। তবে জাতীয় দলের ক্ষেত্রে এটা হবে না। ভুটানকে নিয়ে দুশ্চিন্তারও কিছু নেই। তবে হ্যাঁ, এই দলটির সঙ্গে এখন সতর্ক হয়ে খেলা দরকার, চাপমুক্ত থাকাও জরুরি।