
সর্বশেষ ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছেন। সে তুলনায় টেস্টের ব্যাটিংয়ে এখনো সেভাবে নজর কাড়তে পারেননি। তবে বিসিএলে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি আত্মবিশ্বাস জোগাচ্ছে সৌম্য সরকারকে। সুযোগ পেলে এবার টেস্টেও করতে চান ভালো কিছু
সামনে ভারত সিরিজ। পাকিস্তান সিরিজের ছন্দটা নিশ্চয়ই ধরে রাখতে চাইবেন আপানারা?
সৌম্য সরকার: সেটা তো অবশ্যই। পাকিস্তান সিরিজে আমরা সবাই ভালো খেলেছি। সেটার ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ভারত সিরিজে অবশ্যই ভালো কিছু হবে। সবার পারফরম্যান্স ভালো হলেই ফলাফলটা ভালো হবে।
কিন্তু পাকিস্তানের চেয়ে ভারত তো ভালো ফর্মে আছে, দলও ভালো। তাদের বিপক্ষে কতটুকু লড়াই করতে পারবেন বলে মনে হয়?
সৌম্য: আসলে ফর্মে তো সবাই থাকে। কিন্তু খেলা তো হবে মাঠে। ওখানে যারা ভালো খেলবে ফলাফল তাদের পক্ষেই আসবে।
পাকিস্তান সিরিজের আগে তো বাংলাদেশ দলকেই ফেবারিট বলা হচ্ছিল? এবারও কি তাই বলবেন?
সৌম্য: আমার তো মনে হচ্ছে আমরাই ফেবারিট। আমরা যেভাবে খেলছি, পারফরম্যান্স যে রকম ভালো হচ্ছে, এটা যদি ধরে রাখতে পারি অবশ্যই আমাদের পক্ষে ভালো কিছু করা সম্ভব হবে।
বিসিএলে সেঞ্চুরি করে প্রথম শ্রেণির ক্রিকেটেই প্রথম সেঞ্চুরি পেলেন। আগে থেকে পরিকল্পনা ছিল ভারত সিরিজের আগে বড় কিছু করবেন?
সৌম্য: যেহেতু একটা ম্যাচই ছিল, সেটাতেই খেলার সুযোগ পেয়েছি। চেষ্টা করেছিলাম নিজের ব্যাটিংটা যেন ভালোভাবে করতে পারি। প্রথম ইনিংসে ভালো করতে পারিনি। দ্বিতীয় ইনিংসে সেটা পুষিয়ে নিয়েছি। সেঞ্চুরিটা আমার জন্য ভালো হয়েছে।
পাকিস্তানের বিপক্ষে টেস্টে সাত নম্বরে ব্যাট করেছেন। কিন্তু ওয়ানডেতে নামেন ওপরের দিকে। আপনি নিজে আসলে কোন জায়গায় ব্যাট করতে স্বচ্ছন্দ বোধ করেন?
সৌম্য: আমি বিশ্বকাপের আগেই এটা বলেছিলাম...দল আমাকে যেখানে খেলাবে আমি সেখানেই খেলব।
যেহেতু দলের প্রয়োজনে নিচেও খেলতে হচ্ছে, এটা নিয়ে কি আলাদাভাবে কাজ করেছেন?
সৌম্য: হ্যাঁ করছি। বিসিএলেও আমি যেমন পাঁচ-ছয়ে ব্যাটিং করেছি। আমাকে সেভাবেই বলা হয়েছিল। আমিও ভাবলাম একটাই তো ম্যাচ, খেলে দেখি কেমন হয়। প্রথম ইনিংসে সাফল্য না পেলেও দ্বিতীয় ইনিংসে সফল হয়েছি।
অলরাউন্ডার হলেও জাতীয় দলে বোলিংয়ের সুযোগ কমই পান। তো বোলিং চালিয়ে যাওয়ার ব্যাপারে কী পরিকল্পনা?
সৌম্য: আমি যখনই সুযোগ পাই বোলিং করার চেষ্টা করি। সর্বশেষ ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে বল করেছি। যতটুকু পেরেছি নিজের সেরাটা দিতে চেষ্টা করেছি। সময় পেলে অনুশীলনও বোলিং করি।
প্রথম দুই টেস্টে ব্যাট হাতে বড় কিছু করতে পারেননি। এবার কতটা প্রস্তুত?
সৌম্য: প্রথম টেস্টে দুই ইনিংসেই সেট হয়ে আউট হয়ে গেছি। দ্বিতীয় টেস্টেও ভালো করতে পারিনি। সেটই হতে পারিনি। তবে এরপর থেকে যখন প্র্যাকটিস শুরু করেছি, তখন থেকেই চেষ্টা করছি টেস্টের জন্য মানসিকভাবে ফিট হতে। বল ছাড়া, টিকে থাকা এসব নিয়ে কাজ শুরু করেছি। সুযোগ পেলে এবার বড় ইনিংস খেলতে চাই।
ভারতীয় দলের কোনো বোলারকে নিয়ে আলাদা করে কাজ করছেন?
সৌম্য: স্পিনারদের নিয়ে একটু কাজ করার ইচ্ছা আছে আমার।
সামনে জাতীয় দলের অনেক ব্যস্ততা। র্যাঙ্কিংয়ে উন্নতি, চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা—এসবও নির্ভর করছে আসন্ন সিরিজগুলোর ফলাফলের ওপর। দলের মধ্যে এ নিয়ে আলোচনা হয়?
সৌম্য: আসলে আমার সামনে সে রকম আলোচনা এখনো হয়নি। তবে ভালো ফলাফল করলে অবশ্যই আমরা সেখানে যাব। যেহেতু এ রকম একটা সুযোগ আছে আমাদের সামনে, সবারই চেষ্টা থাকবে ভালো করার। সবাই চেষ্টা করব ভালো খেলে ফলাফল আমাদের পক্ষে আনতে।