'মনে হয় না রেকর্ডটা বেশি দিন থাকবে'

বৃষ্টি খেয়ে নিল দিনের দু-তৃতীয়াংশ সময়। টেস্টের এমন দিন শেষে সংবাদ সম্মেলন হলেই কী আর না হলেই কী! তার ওপর যদি সংবাদ সম্মেলনে আসেন মাত্র ১৯ রান করা কোনো ব্যাটসম্যান, সেই সংবাদ সম্মেলনে প্রশ্ন করারও তো কিছু থাকে না। তারপরও সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে এলেন তামিম ইকবাল। বিস্ময়ের কিছু নেই, টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হয়ে যাওয়ায় সাংবাদিকদের কাছেও এদিন এই বাঁহাতি ওপেনারই ছিলেন সবচেয়ে কাঙ্ক্ষিত খেলোয়াড়। প্রশ্নোত্তর পর্বটাও হলো বেশ লম্বা। তার প্রায় পুরোটাই হুবহু তুলে দেওয়া হলো এখানে—
টেস্টে দেশের হয়ে সবচেয়ে বেশি রান এখন আপনার। কিন্তু আপনার কি মনে হয় হাবিবুল বাশারের ৩০২৬ রানের রেকর্ডটা আরও আগেই টপকে যাওয়া উচিত ছিল আপনাদের কারও?
তামিম ইকবাল: রেকর্ডটা ভাঙতে সাত-আট বছর লাগলেও এই সাত-আট বছরে আমি ৪০টি টেস্ট খেলেছি। সুমন ভাইয়ের (হাবিবুল বাশার) চেয়ে ১০ টেস্ট আগেই আমি রেকর্ডটা করেছি। হ্যাঁ, এটা ঠিক, যদি আরও কয়েকটা ম্যাচ আগে অর্জনটা হতো বা যারা কাছাকাছি তারা কেউ রেকর্ডটা করত আমাদের নিজেদের মানটাই আরও বাড়ত।
হাবিবুল বাশার বলেছেন আপনার পক্ষে টেস্টে ১০ হাজার রান করা সম্ভব। এই মূল্যায়নের ব্যাপারে কী বলবেন?
তামিম: কাজটা কঠিন। কারণ আমরা বছরে মাত্র তিন-চারটি করে টেস্ট খেলি। এভাবে চললে আগামী ১০ বছরে আমি হয়তো আরও ৪০টি টেস্ট খেলব। আমরা যদি বছরে অন্তত সাত-আটটা করে টেস্ট খেলি, তাহলে হয়তো এটা সম্ভব। অবশ্য এটা আমার ফর্ম, ফিটনেসসহ আরও অনেক কিছুর ওপর নির্ভর করে। বেশি বেশি টেস্ট না খেললে শুধু আমার জন্য নয়, যেকোনো বড় ক্রিকেটারের জন্যই ৬০-৭০ ম্যাচে ১০ হাজার রান করা কঠিন।
যেভাবে আউট হলেন, একটু কি হতাশ?
তামিম: হতাশ, তবে আমার মনে হয় বলটা ভালো ছিল। আমি কোনো খারাপ শট খেলিনি। তবে এটা ঠিক, আমি আরও ভালোভাবে বলটা সামলাতে পারতাম।
মুমিনুলের সামনেও একটা রেকর্ডের হাতছানি ছিল। সেটা না হওয়াটাও নিশ্চয়ই হতাশাজনক...
তামিম: অবশ্যই হতাশাজনক। মুমিনুলের কাছে কতটা হতাশার আমি বলতে পারব না। যতটুকু জানি ও এসব নিয়ে খুব একটা ভাবে না। তবে আমি খুব হতাশ। আমি চাচ্ছিলাম ও অন্তত পঞ্চাশটা রান করুক। তাহলে রেকর্ডটা হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এমনই একটা টেস্ট ভাগ্যে পড়ল যে, চার দিনে মাত্র ১৩০ ওভারের মতো খেলা হয়েছে। আমাদের দেশ থেকে যদি একজন রেকর্ড বইয়ে জায়গা পেত, কার না ভালো লাগত!
সর্বোচ্চ রানের রেকর্ডটা বড় ইনিংস দিয়ে করতে পারলে কি আরও ভালো লাগত?
তামিম: অবশ্যই। আরেকটু বড় ইনিংস খেলে যদি এখানে আসতাম তাহলে পরিস্থিতিটা অন্য রকম থাকত। আমিও অনেক বেশি খুশি থাকতাম।
রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। আপনি কি কাছাকাছি কাউকে দেখেন যে সহজেই আপনার রেকর্ড ভেঙে দিতে পারবে?
তামিম: আমার মনে হয় না এই রেকর্ড খুব বেশি দিন থাকবে। কারণ যদি আপনি মুমিনুলের রানের গড় দেখেন, ও যেভাবে রান করছে, আমি তিন হাজার রান যত ম্যাচে করেছি, আমার চেয়ে অন্তত পাঁচ-ছয় ম্যাচ আগে ওর রেকর্ডটা করে ফেলা উচিত। এ ছাড়া আরও যেসব তরুণ খেলোয়াড় আছে, তাদের পক্ষেও সম্ভব। আমি সুমন ভাইয়ের রেকর্ড ১০ ম্যাচ আগে ভেঙেছি। আমার রেকর্ড দেখবেন আরও ছয়-সাত ম্যাচ আগেই কেউ ভেঙে ফেলবে।
রেকর্ডের পর হাবিবুল বাশার কী বললেন?
তামিম: সুমন ভাই ড্রেসিংরুমে এসেছিলেন আমাকে অভিনন্দন জানাতে। আমার কাছে তা খুবই ভালো লেগেছে।
ওয়ানডে, টেস্ট দুটিতেই দেশের পক্ষে সর্বোচ্চ রান আপনার। ব্যক্তিগত সর্বোচ্চও। এত অর্জন কি দায়িত্বটা আরও বাড়িয়ে দিচ্ছে?
তামিম: আমি একটা কথা খুলনাতেও বলেছিলাম, আমার এই রেকর্ডগুলো খুব বেশি দিন থাকবে বলে মনে হয় না। আমি হয়তো ভাগ্যবান যে টেস্ট-ওয়ানডে দুটোতেই আমার এখন সর্বোচ্চ রান। তবে আমি নিশ্চিত কয়েক বছরের মধ্যে এই সবই ভেঙে যাবে। আমি আশা করব, খুব তাড়াতাড়ি ভাঙুক। আমি নিজেই ভাঙি অথবা অন্য কেউ ভাঙুক।
টেস্ট না ওয়ানডে, কোনটার রেকর্ডকে এগিয়ে রাখবেন?
তামিম: অবশ্যই টেস্ট। কারণ টেস্টই আসলে কঠিন খেলা। যতই ফ্ল্যাট উইকেটে খেলুন না কেন, এটা কঠিন। এ কারণেই খেলাটার নাম টেস্ট।