'মনে হয় এদের দিয়ে সম্ভব'
বাংলাদেশ দল ঢাকায় ফিরলেও পরিবারের সঙ্গে সিডনিতেই রয়ে গেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ছুটির মধ্যে সেখানেই তাঁর বাড়ির পাশের টপ রাইড শপিংমলে গতকাল সময় দিলেন বাংলাদেশি সাংবাদিকদের, বললেন দলকে নিয়ে তাঁর বিশ্বকাপ অভিজ্ঞতার কথা, আশার কথাও—

lবিশ্বকাপে বাংলাদেশ দলের প্রত্যাশা—
চন্ডিকা হাথুরুসিংহে: কোয়ার্টার ফাইনাল ছিল মূল লক্ষ্য, তারপর ম্যাচ ধরে ধরে এগোব ভেবেছিলাম। দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা বললে এখন আমি তাকিয়ে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে। সেখানে আবার নিজেদের দেখাতে চাই।
l সমালোচনার মধ্যেও পরিকল্পনায় অটল থাকা, নিজেকে অনুপ্রাণিত রাখার চ্যালেঞ্জ...
হাথুরুসিংহে: ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে আসলে আমি কিছু করিনি। আমি খেলোয়াড়দের দেখতে চেয়েছি, বুঝতে চেয়েছি। তারপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা সাকিবকে ছাড়া খেলতে হয়েছে। ওই সিরিজে অবশ্য আমি বুঝেছি কোথায় উন্নতি করতে হবে। প্রতিটি খেলোয়াড়ের ব্যক্তিত্ব এবং মানসিকতা বুঝে কাকে নিয়ে কীভাবে কাজ করতে হবে সেটা ঠিক করে ফেলি। দেশে ফিরে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজে মনোবিদ ড. ফিল জোন্সকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিই। মানসিকতা নিয়ে অনেক কাজ করি আমরা। ফিটনেসের ওপরও জোর দেওয়া হয় অনেক। মারিও (ট্রেনার মারিও ভিল্লাভারায়ণ) খুবই ভালো কাজ করেছে, যে জন্য বিশ্বকাপে দলের কেউ তেমন চোট পায়নি।
l বাংলাদেশের ক্রিকেটের শক্তি সম্পর্কে—
হাথুরুসিংহে: দক্ষতা...আমার চোখে এটাই। মনে হয় এদের দিয়ে সম্ভব। আমি দায়িত্ব নেওয়ার আগেও বাংলাদেশ দলের খেলা দেখে মনে হতো এদের প্রতিভা আছে, তবে মানসিকভাবে ঠিক গোছানো নয়। আত্মবিশ্বাসের অভাব আছে। কিন্তু গত ছয় মাসে তারা বিশ্বাস করতে শুরু করেছে যে তাদের সামর্থ্য আছে। একবার যদি বিশ্বাসটা এসে যায়, তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায়।
l বাংলাদেশ দলের যে কাউকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে—
হাথুরুসিংহে: আমি জেতার বিশ্বাসের কথা বলছি না। আমি বলছি সেই বিশ্বাসের কথা যাতে খেলোয়াড়েরা মনে করে আমরা যা করতে চাই তা করা সম্ভব। আমি এসে অনেক কিছু বদলেছি এবং সে জন্য অনেকে আমার সমালোচনাও করেছে। তবে আমি জানি আমরা কী করেছি। ছেলেরা অনেক দ্রুত শিখেছে। যেটা শিখতে এক-দেড় বছর লাগে, তারা তা শিখেছে তিন-চার মাসে। কৃতিত্ব খেলোয়াড়দেরই দিতে হবে।
lসাকিবকে নিয়ে বিতর্ক ও কোচের ভূমিকা—
হাথুরুসিংহে: জানতাম আমি ভুল করিনি। আমি এটাও জানতাম, যারা সমালোচনা করছে তারা সঠিক ছিল না। তাই রাগ করিনি। তবে আমি তাদের কথাগুলো হেসে উড়িয়ে দিইনি। সেগুলো মনোযোগ দিয়ে শুনতাম।
l মাহমুদউল্লাহকে চার নম্বরে আনা প্রসঙ্গে—
হাথুরুসিংহে: আমরা জানতাম সে পারবে। ওর একটু সময় লাগে ধাতস্থ হতে। আগে মুশফিক চারে ব্যাটিং করত এবং সে আমাদের সেরা ব্যাটসম্যান। আমার দৃষ্টিতে সেই এই বিশ্বকাপে আড়ালে থাকা নায়ক। ইংল্যান্ডের বিপক্ষে ওর ৮৬ রানের ইনিংসটাই ম্যাচ জিতিয়েছে। মাহমুদউল্লাহ এবং মুশফিক দুজনই তাদের দায়িত্ব পালন করেছে। এই কন্ডিশনে ৩ উইকেট পড়ে গেলে ম্যাচে ফেরা কঠিন, তাই মিডল অর্ডারটা এমনভাবে সাজানো উচিত যাতে বিপর্যয় হলেও ঘুরে দাঁড়ানো যায়। আমি খেলোয়াড়দের কাছে বিষয়টা ব্যাখ্যা করেছি এবং তারাও তা মেনে নিয়ে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছে। সব কৃতিত্বই তাদের। আমাদের দলে বিশ্বসেরা অলরাউন্ডারও আছে, কিন্তু শেষ পর্যন্ত দল হিসেবেই খেলেছি আমরা।
l মুশফিককে চার নম্বর থেকে সরানো—
হাথুরুসিংহে: আমাকে বলুন তো মুশফিক চার নম্বরে খেলা ম্যাচগুলোর কয়টি বাংলাদেশ জিতেছে? এখন আমি জানতে চাই, তার চার নম্বরে খেলা গুরুত্বপূর্ণ না ম্যাচ জেতা? আমার কাছে ম্যাচ জেতাটাই সবার আগে। যদি মনে হয় সে চার নম্বরে ব্যাট করলে দল জিতবে তাহলে সে চারে ব্যাট করবে।
l সৌম্য সরকারে আস্থা—
হাথুরুসিংহে: সে আমার দেখা বাংলাদেশের সেরা তরুণ খেলোয়াড়। তবে এক-দুই ম্যাচের পারফরম্যান্স দেখে যেন হতাশ না হয়ে যাই। স্টিভ স্মিথকে দেখুন। এখন সেরা ব্যাটসম্যান। অথচ সে তিন বছর দলের বাইরে ছিল! এখন দলে ফিরে দারুণ পারফরম করে অন্যদের চাপে ফেলেছে। তরুণ খেলোয়াড়েরা এ রকম খেলে চাপ তৈরি করলেই আসলে ক্রিকেটের উন্নতি হবে।
l মুমিনুল হক সম্পর্কে মূল্যায়ন—
হাথুরুসিংহে: ওকে আরও অপেক্ষা করতে হবে। আমার মতে, তিন নম্বরে সৌম্য মুমিনুলের চেয়ে বেশি দিচ্ছে। তাদেরই খেলানো হবে যারা দলের জন্য অবদান রাখতে পারবে। আমি কখনো বলিনি মুমিনুল ওয়ানডে খেলতে পারে না, সে খুবই ভালো খেলোয়াড়। কিন্তু এ পর্যায়ে আমাদের কম্বিনেশনে তাকে সেভাবে খেলানো সম্ভব হয়নি।
l ওপেনিং জুটির ব্যর্থতা—
হাথুরুসিংহে: অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কন্ডিশনে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হচ্ছে দুটো নতুন বলের বিপক্ষে ইনিংস শুরু করা। স্কটল্যান্ডের বিপক্ষে তামিমের ৯৫ রানের ইনিংসটা খুবই ভালো ছিল। ওর ইনিংসের ওপর ভর করেই তিন শর বেশি রান তাড়া করা সম্ভব হয়েছে। পাকিস্তানের বিপক্ষে দারুণ ব্যাটিং করেছে, যদিও সেটা কেউ দেখেনি। কারণ ওটা প্রস্তুতি ম্যাচ ছিল। আমার ধারণা, তামিম নিজে অন্য যে কারও চেয়ে বেশি হতাশ।
l পেস বোলিং নিয়ে সন্তুষ্টি—
হাথুরুসিংহে: তারা এখানে ভালো করেছে, কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়েছে। তার মানে এই নয় যে ভিন্ন কন্ডিশনে যখন খেলা হবে তখনো তারাই সামনে থাকবে। প্রতিটি ম্যাচ, প্রতিটি প্রতিপক্ষ আলাদা। খেলোয়াড়দের বলেছি, প্রতিটি ম্যাচেই তোমাদের পারফর্ম করতে হবে। অতীত পারফরম্যান্স আমার কাছে কিছু নয়। তুমি এখন কী করতে পারছ সেটাই আসল।
l তিন বাঁহাতি স্পিনার নেওয়ার কারণ—
হাথুরুসিংহে: আমি তো তাদের আনিনি। তাদের বাছাইয়ের কাজটা আমার ছিল না।
l দলের সাফল্যে অধিনায়ক মাশরাফির ভূমিকা—
হাথুরুসিংহে: সে অসাধারণভাবে দায়িত্ব পালন করেছে। একজন সত্যিকারের নেতা, আমি তো বলব নেতা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে। সতীর্থদের কাছে সে অনেক বড় ভরসার নাম, তাদের কাছ থেকে পারফরম্যান্স আদায়ে সেটা খুব সহায়ক হয়েছে।
l কোচ-অধিনায়কের সম্পর্কের রসায়ন—
হাথুরুসিংহে: কোচ এবং অধিনায়কের সম্পর্ক পারস্পরিক বিশ্বাসের ওপর নির্ভরশীল। আমাদের সম্পর্কটা খুবই ভালো। এমনকি সাকিব, মুশফিকের সঙ্গেও। তারা তাদের দায়িত্ব সম্পর্কে জানে এবং আমি আমার ভূমিকাটা জানি।
l ক্রিকেটেও এক সময় ফুটবলের মতো কোচই সর্বেসর্বা হবে না তো!
হাথুরুসিংহে: কোচের ক্ষমতা আরও বাড়বে, কিন্তু ফুটবলের মতো অতটা কখনো হবে না। সাফল্য-ব্যর্থতার দায়-দায়িত্বের অনেকটাই যেহেতু কোচকে নিতে হয়, তাই আমি মনে করি তার মতামতের গুরুত্ব আরেকটু থাকা উচিত। আপনি যদি ১৫ জন নির্বাচনের দায়িত্বে থাকতে পারেন এবং সেভাবে ম্যাচ জয়ের জন্য পরিকল্পনা করতে পারেন, তাহলেই বেশি ভালো হয়। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেট এবং ওয়ানডে ক্রিকেটে কোচদের মতামতের গুরুত্ব আরেকটু বেশি থাকা উচিত। অস্ট্রেলিয়ায় ড্যারেন লেম্যানের দল নির্বাচনে মতামত থাকে। নিউজিল্যান্ডেও কোচ দল নির্বাচনে থাকে। সেই দলগুলোর সাফল্য আমার কথার পক্ষে যুক্তি হতে পারে।
lবিসিবির কাছে সেরকম দাবি জানাবেন কিনা—
হাথুরুসিংহে: না, আমি নিজে থেকে বলতে চাই না। এটা বোর্ড দেখবে।
l বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ—
হাথুরুসিংহে: বাংলাদেশে ১৬০ মিলিয়ন লোক। ক্রিকেটের প্রতি দারুণ আবেগ। কিন্তু সমস্যা হলো ক্রিকেট-কাঠামোটা এখনো যথেষ্ট শক্তিশালী নয়। ঘরোয়া ক্রিকেট-কাঠামো শক্তিশালী হলে প্রতিভাবান খেলোয়াড় আরও বেশি আসবে এবং তাহলে আমরা ভারত, শ্রীলঙ্কার মতো হয়ে উঠতে পারব। কাঠামোটা ঠিকঠাক গুছিয়ে আনতে পারলে আমাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল।
l কেহবে এবারের বিশ্বচ্যম্পিয়ন—
হাথুরুসিংহে: আমার মনে হয় অস্ট্রেলিয়া। সম্ভবত অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ফাইনাল খেলবে এবং অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হবে।