'মনে হয় না খুব কঠিন হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরুল কায়েস
ইমরুল কায়েস

টেস্ট বিশেষজ্ঞ হলেও প্রস্ততি ম্যাচে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে তাঁকে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে কাল ফতুল্লায় সেই ম্যাচ খেলে নতুন কিছু অভিজ্ঞতা হলো ইমরুল কায়েসের। যা থেকে বাংলাদেশ দলকে কিছু পরামর্শও দিতে পারছেন
* এই ম্যাচ থেকে বাংলাদেশ দল কী বার্তা পেল?
ইমরুল কায়েস: টি-টোয়েটিতে যারা আমাদের মূল স্কোয়াডে আছে, তাদের কয়েকজন আছে এই দলে (রনি তালুকদার ও সোহাগ গাজী)। আমার মনে হয়, তাদের জন্য ভালো একটা সুযোগ ছিল প্র্যাকটিস করার। যেমন সোহাগ গাজী আজ বোলিং করল অনেক দিন পর। কীভাবে টি-টোয়েন্টিতে বোলিং করতে হবে, এটা তার জন্য নতুন এক অভিজ্ঞতা। সামগ্রিকভাবে এগুলো ওদের জন্য ভালো একটা সুযোগ হয়েই এসেছে।
* শুরুতে তিনটি বোল্ড। মোট পাঁচটি। দক্ষিণ আফ্রিকার পেস বোলিংটা আসলে কতটা চ্যালেঞ্জিং?
ইমরুল: ওদের বোলিং অ্যাকুরেসি তো খুব ভালো। এখন বিশ্বের সেরা বোলিং আক্রমণ বলা যায় এটিকেই। আমার মনে হয় রনি ও বিজয় দুটি ভালো বলেই আউট হয়েছে। মারতে গিয়ে আউট হয়নি। এই সিরিজে আমাদের এ রকম বলের মুখোমুখি হতে হবে আসলে সবাইকেই।
* এই পেস বোলিং বাংলাদেশের ব্যাটিংকে কোনো বার্তা দিল?
ইমরুল: এই বোলাররা জানে ঠিক কোথায় বল করতে হবে। আমাদের ব্যাটসম্যানরা উইকেটে গিয়ে কিছু সময় দেখুক, তারপর মনে হয় না তাদের জন্য বড় কোনো সমস্যা হবে। আরামে খেলতে পারবে।
* উইকেটটা কী পেসারদের জন্য সহায়ক ছিল?
ইমরুল: না, বল আসলে কখনো উঠছিল কখনো নামছিল। এ ছাড়া কোনো সমস্যা ছিল না। আন্তর্জাতিক ক্রিকেটে এটা বড় কোনো সমস্যা নয়। ব্যাটসম্যনাদের সবাইকে এই জায়গায় মানিয়ে নিতে হবে।
* সামগ্রিকভাবে বিসিবি একাদশের ব্যাটিংটা কীভাবে দেখছেন?
ইমরুল: আমরা আসলে ব্যাটিংয়ে একটু তাড়াহুড়ো করেছি। পরিকল্পনা ছাড়া ব্যাটিং করেছি, টপ অর্ডার শুরুটা ভালো করে দিলে ১৩০-৪০ লক্ষ্য দিতে পারলে একটা ফাইট হতো। বোলাররাও স্বচ্ছন্দে বোলিং করতে পারত।
* দক্ষিণ আফ্রিকা দলকে কতটা চ্যালেঞ্জ মনে হচ্ছে?
ইমরুল: আমার মনে হয়, আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি দলেরই বোলিং ভালো। চ্যালেঞ্জ তো সব সময়ই থাকে। বাংলাদেশ দল অনেক উন্নতি করেছে। আমার মনে হয়, তারা নিজেদের প্রমাণ করতে পারবে।
* সোহাগ গাজীকে কেমন দেখলেন?
ইমরুল: কয়েক মাস পর সে বোলিং করল। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে আসছিল। অনেক দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে এসে একটু সমস্যা হয়ই। আজকের ম্যাচে তার জন্য হয়তো বা হচ্ছিল। এটা চিন্তা করতে হবে, কার বিপক্ষে সে বোলিং করছে। ডি ভিলিয়ার্সের সামনে সে বোলিং করেছে, যে এখন টি-টোয়েন্টিতে বিশ্বসেরা। আমার বিশ্বাস, সোহাগ তাড়াতাড়িই নিজেকে মানিয়ে নেবে এবং ভালো করবে।
* বাংলাদেশ দলের জন্য আপনার কোনো পরামর্শ? দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজটা খুব কঠিন সিরিজ হবে?
ইমরুল: আমার মনে হয় না খুব কঠিন হবে। ক্রিকেট মানসিক খেলাও। সবাই যদি চিন্তা করে আমরা দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলছি, তাহলে মানসিকভবে সমস্যা হয়ে যেতে পারে। তবে বাংলাদেশ দল অনেক ভালো করবে বলেই আমার বিশ্বাস।