বাংলাদেশের ফুটবলের সঙ্গে তাঁর সম্পর্কটা নিবিড়। ২০০৩ সাফ শিরোপা এনে দিয়েছিলেন বাংলাদেশকে। ২০০৫ সালে ছিলেন মুক্তিযোদ্ধার কোচ। গত ২২ ডিসেম্বর এসে দায়িত্ব নিয়েছেন আবাহনীর। নতুন দল নিয়ে অভিজ্ঞতা জানাচ্ছেন বাংলাদেশের ফুটবলে পুরোনো মুখ জর্জ কোটান

কেমন চলছে সবকিছু?
জর্জ কোটান: এমনিতে এখানে খারাপ লাগার কিছু নেই। বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি। অনেক বন্ধু আছে, পুরোনো খেলোয়াড়েরা সবাই পরিচিত। সবার সঙ্গে দেখা হয়, কথা হয়। কিন্তু আরেকটা ব্যাপার নিয়ে ভয়ানক বিপদে আছি।
কী সেটা?
কোটান: এখানকার মাঠ। আমি ৬-৭টি মাঠ ঘুরে দেখেছি। কোনোটাই ভালো ফুটবলের উপযোগী নয়। বঙ্গবন্ধু স্টেডিয়ামেরও একই দশা। কোরিয়ার বুসান আইপার্কের সঙ্গে শেখ জামালের ম্যাচটা দেখলাম এই স্টেডিয়ামে, ম্যাচের পর মাঠ দেখে আমি একটা শব্দই উচ্চারণ করব, ‘টেরিবল!’
বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠও ভয়ানক!
কোটান: অবশ্যই। মাঠ অসমতল। বল ঠিকমতো গড়ায় না, লাফ দেয়, শক্ত। আপনি এখানে ভালো পাস দিতে পারবেন না। ফুটবল উন্নয়নের অন্যতম বড় শর্তই মাঠ। ইউরোপ ফুটবলে এগিয়ে থাকার অন্যতম কারণ তাদের খুব ভালো মাঠ। আমি বুঝতে পারি না, বাংলাদেশে কেউ কেন মাঠের ব্যাপারে যত্নশীল নন!
যদি পেছনে ফেরেন, ২০০৩ সালে আপনার অধীনে সাফ ফুটবল জয়ের সময় বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠটা কেমন ছিল?
কোটান: খারাপ ছিল বলব না। কিন্তু উন্নতি না হয়ে অবনতিই তো দেখছি। এ অবস্থার অবসান দরকার। একটা সুইমিংপুলে পানিই না থাকলে সেখানে সাঁতার হবে কীভাবে? মাঠটাও তেমন, মাঠে ঘাস থাকা চাই। সমান ও মসৃণ না হলে ফুটবল খেলাই অসম্ভব।
আবাহনীর অনুশীলন মাঠের কী অবস্থা?
কোটান: আবাহনীর নিজস্ব মাঠে খেলোয়াড়দের নিয়ে পরিকল্পনামতো কাজ করা কঠিন। অনেক সমস্যা। শক্ত, অপরিচ্ছন্ন। অনেক মানুষ সেখানে নানা জিনিস ছুড়ে ফেলে যায়। আবাহনী কর্তৃপক্ষের নজরে এনেছি বিষয়টা, তারাও সমস্যাটা জানে। আমাকে বলা হয়েছে, এলাকার লোকজনকে আটকানো কঠিন হয়ে পড়েছে। এলাকার লোকজনের বোঝা উচিত, ফুটবল মাঠ শুধুই ফুটবলের জন্য। মাঠের ব্যাপারটা নিয়ে ভাবছি কয়েক দিনের মধ্যে ফেডারেশনের সঙ্গে কথা বলব।
আবাহনী দলটাকে কেমন দেখছেন?
কোটান: মাত্রই শুরু করলাম নতুন যাত্রা। এই কদিনে বুঝেছি স্থানীয় খেলোয়াড়েরা ভালোই। তবে কিছু ঘাটতি আছে। মানসম্মত বিদেশি খেলোয়াড় আনলে এবং তারা ভালো খেললে দলটা প্রত্যাশা পূরণ করতে পারবে আশা করি। তবে আমি বিদেশি খেলোয়াড়ের ওপর বাংলাদেশের ফুটবলে এত নির্ভরতা পছন্দ করছি না। বেশি বেশি বিদেশি খেলা মানে স্থানীয়রা চলে যাবে সাইডলাইনে, যেটা দেশের ফুটবলের জন্য ভালো ফল আনবে না।
সাফ প্রসঙ্গে ফিরে যাই, আপনি ট্রফি দিয়ে যাওয়ার পর বাংলাদেশের ফুটবলে কোনো পরিবর্তন দেখছেন?
কোটান: সাম্প্রতিক বছরগুলোর কথা বলতে পারব না। তবে ২০০৩ সালে যেসব খেলোয়াড় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম, তাদের অনেকের সঙ্গে এবার এসে কথা বলেছি। ওরা সবাই বলেছে বাংলাদেশের ফুটবল নিচের দিকে যাচ্ছে। তবে এটা আমার নিজস্ব পর্যবেক্ষণ নয়।
আপনার সময়ের পর সাফ ট্রফিটা বাংলাদেশের কাছে অধরা হয়ে আছে। কী মনে হয় বাংলাদেশ আবার এই ট্রফিটা ঘরে তুলতে পারবে?
কোটান: এটা সময়ই বলবে। তবে একটা ব্যাপার বুঝি, রেজাল্ট করতে একটা দল গড়ে তুলতে হবে। ২০০৩ সালে সাফে সাফল্যের পেছনে ছিল, ঐক্যবদ্ধ এবং শক্তিশালী একটা দল। তেমন দল গড়ে তোলার ওপরই আমি সবচেয়ে বেশি জোর দেব। সেটি করতে ফেডারেশন আমাকে আবারও জাতীয় দলের দায়িত্ব দিলে সানন্দেই নেব।