
অতীতে নামী-দামি অনেক গোলরক্ষক পেয়েছে বাংলাদেশের ফুটবল। সেই ধারায় যেন ছেদ পড়ছে। এখন কেতাদুরস্ত গোলরক্ষক দূরে থাক, একটু নির্ভর করার মতো গোলরক্ষকেরও অভাব। পরশু ঢাকায় শেষ হওয়া এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল তা দেখিয়ে দিল ভালোভাবে। এই প্রতিযোগিতায় বাংলাদেশ দলের গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন কথা বললেন সেসব নিয়েই
.এএফসি অনূর্ধ্ব-২৩ প্রতিযোগিতা কেমন গেল?
রাসেল মাহমুদ লিটন: খুবই বাজে কেটেছে আমার জন্য। কাউকে দোষারোপ করব না। আমিই আসলে ভালো খেলতে পারিনি।
.ভালো খেলতে না পারার কারণ কী?
লিটন: মানসিক চাপ নিয়ে ফেলেছিলাম। সারাক্ষণই ভাবতাম, ভালো খেলতে হবে। এই চাপটা নেওয়া ঠিক হয়নি। ফুরফুরে থেকে নিজের কিপিংটা করতে পারলে এমন হতো না।
. সিরিয়া-উজবেকিস্তানের সঙ্গে হজম করা ৮ গোলের ৬টিই সেট পিসে। তার মানে কি এটা নিয়ে কোনো অনুশীলন হয়নি?
লিটন: অনুশীলন হয়েছে। জার্মানি থেকে আসা গোলকিপিং কোচ আমাদের সব দেখিয়ে দিয়েছেন। কোন বলে কীভাবে যেতে হবে তাঁর কাছ থেকে পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়েছিলাম। আমি ঠিকঠাক পজিশনও নিতে চেয়েছি। কিন্তু হলো না, কী বলব আর।
.ফ্রি-কিকে আপনার পজিশন নড়বড়েই মনে হয়েছে। আসলে সমস্যা কী ছিল?
লিটন: আমি আসলেপ্রথম ও দ্বিতীয় বারের মাঝামাঝি ছিলাম। যাতে দুই দিকে ঝাঁপাতে পারি। কিন্তু দেখা গেল, বলের নাগাল আমি পাইনি। এটা হয়ে গেছে। সিরিয়ার সঙ্গে প্রথম গোলটি হয়েছে ফ্রি-কিকে। বল হাতে লাগালেও তীব্র গতির কারণে আটকাতে পারিনি। ওই ম্যাচে আরেকটি গোল হয়েছে ফ্রি-কিকে। এসব গোল খেয়ে খুবই খারাপ লেগেছে। রাতে ঘুমাতে পারিনি।
.কর্নারেও তো বলের ফ্লাইটে গন্ডগোল হয়েছে কয়েকবার। যার ফলে ওরা হেডে একাধিক গোল করেছে...
লিটন: আসলে সিরিয়া বা উজবেকিস্তানের খেলোয়াড়দের উচ্চতা, শারীরিক সক্ষমতা অনেক বেশি। এসবের কাছেই আমরা আসলে মার খেয়েছি। কীভাবে ওরা চিলের মতো ছোঁ মেরে হেড করেছে তা তো সবাই দেখেছেন।
.এই যে বাফুফে গোলকিপার কোচ আনল জার্মানি থেকে, তাহলে এর ফল কী?
লিটন:উনি খুবভালো কোচ। বারবারই বলেছেন, গোল হতেই পারে। পৃথিবীর সব গোলকিপারই গোল খায়। কিন্তু আমাদের সমস্যা হলো, আমরা অনেক বাজে গোলও হজম করি।
. এটা থেকে পরিত্রাণের পথ দেখছেন?
লিটন: পরিত্রাণ তো পেতেই হবে। নিজেকে আরও তৈরি করার বিকল্প নেই। আমার সঙ্গে এই দলে ছিল মোহামেডানের সুজন ও বিজেএমসির নাইম (লিটন এবার শেখ রাসেলে)। সবাইকে আরও বেশি বেশি খেলতে হবে। আমরা যত খেলব, ততই শিখব।
.আপনি তো জাতীয় দল ও অনূর্ধ্ব-২৩ দল মিলিয়ে গোটা পনেরো আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন। সব মিলিয়ে সেই অভিজ্ঞতা কেমন?
লিটন: কখনো ভালো অভিজ্ঞতা, কখনো খারাপ। তবে একটা কথা হলো, এই টুর্নামেন্টে আমাদের ডিফেন্স লাইন অনেকটা নিচে নেমে খেলেছে। ফলে আমার ঘাড়ের ওপর সারাক্ষণই একটা চাপ থেকেছে। এতে ভুল করার শঙ্কা থাকে বেশি। ডিফেন্স আরেকটু ওপরে থাকলে হয়তো আরেকটু জায়গা পেতাম। মানসিক চাপটা আমার ওপর জেঁকে বসত না।