>

গত প্রিমিয়ার লিগে ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। এবার ব্যাটে রানখরা। সেই খরা কাটিয়ে ওঠার ইঙ্গিত দিয়েছেন স্থগিত হয়ে যাওয়া আগের ম্যাচের ৪৮ রানের ইনিংসে। আর কাল তো বিকেএসপিতে মোহামেডানের বিপক্ষে সেঞ্চুরিই করে ফেললেন আবাহনীর লিটন দাস। ম্যাচ শেষে জানিয়েছেন, কীভাবে ফিরে পেলেন নিজেকে
* গত মৌসুমে অনেক ভালো খেলেছিলেন লিগে। আজকের (গতকাল) ব্যাটিংয়ের পর কি মনে হচ্ছে, আগের ফর্মে ফিরেছেন?
লিটন দাস: না, তেমন কিছু নয়। গত বছরেরটা গত বছর চলে গেছে। এবার রানখরায় ছিলাম। আগের ম্যাচে সম্ভাবনা জাগিয়ে কিছু ভুলের জন্য আউট হয়ে গেছি। আজ (গতকাল) একটা সুযোগ এসেছিল। চেষ্টা করেছি তা কাজে লাগাতে।
* রানখরার মৌসুমে এমন একটা সেঞ্চুরি নিশ্চয়ই তৃপ্তিদায়ক?
লিটন: তৃপ্তিদায়ক তো অবশ্যই। ব্যাটসম্যানের লক্ষ্যই থাকে রান করা। ইনিংস শেষে যখন নিজের নামের পাশে বড় একটা রান দেখি, তখন অবশ্যই ভালো লাগে।
* সেঞ্চুরির পর তামিমসহ দলের অনেক খেলোয়াড়ই আপনাকে অভিনন্দন জানিয়েছে। এটাকে কি প্রেরণা হিসেবে নেন?
লিটন: আমি যত দিন ধরে রানের মধ্যে নেই, তাঁরা আমাকে অনেক সাহায্য করছেন। অনুশীলন এবং ম্যাচেও ভুল ধরিয়ে দিচ্ছেন। আমিও সেসব অনুসরণ করেই খেলেছি। আমার মনে হয়, আমার চেয়ে ওঁরা বেশি খুশি হয়েছেন।
* প্রায় দুই বছর পর সেঞ্চুরি পেলেন। এটার নিশ্চয়ই আলাদা আনন্দ আছে...
লিটন: গত বছর অনেক রান করেছি, সেঞ্চুরি করেছি। তবে সেটার চেয়ে এই সেঞ্চুরির মূল্য আমার কাছে অনেক বেশি। শুধু সেঞ্চুরি নয়, আজ ৫০ হলেও মনে হতো এর মূল্য অনেক বেশি।
* আবাহনী-মোহামেডান ম্যাচ। বাড়তি কোনো চাপ কি ছিল?
লিটন: না, এ রকম কোনো কিছু ছিল না।
* স্থগিত হয়ে যাওয়া আগের ম্যাচে ৪৮ রানের একটা ইনিংস খেলেছিলেন। সেটাই বদলে দিল আপনার ব্যাটিং?
লিটন: আমিও মনে করি, আগের ইনিংসটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। ফর্মে না থাকায় আমার জন্য ওই উইকেটে ভালো খেলা কঠিনও ছিল। ওই জায়গায় গিয়ে ৪৮ করাটাও অনেক চ্যালেঞ্জিং ছিল। নিজের ব্যাটিংয়ে আমিও অনেক খুশি ছিলাম। ওই আত্মবিশ্বাস আজ (কাল) কাজে দিয়েছে।
* গত কয়েক মাসে কোন জায়গাগুলো নিয়ে বেশি কাজ করেছেন?
লিটন: একজন ব্যাটসম্যানের কিছু পছন্দের শট থাকে, যেগুলো দিয়ে সে রান করে। বিগত কিছুদিনে আমি সেই শটগুলো ঠিকভাবে খেলতে পারছিলাম না। সেগুলোকে নিখুঁত করার চেষ্টা করছিলাম। তবে শুধু শট নয়, ক্রিকেটে মানসিকতাটাই হলো আসল। দলের সবাই আমাকে সেই সমর্থনটা দিয়েছেন। দুই ম্যাচ আগেও আমি সেভেন ডাউনে ব্যাটিং করেছি। দল চেয়েছে আমি যেন অন্তত কিছু রান করি, তাহলে আত্মবিশ্বাসটা বাড়বে।
* অনেক খেলোয়াড়ই বাজে সময়ে বিশেষ কারও সাহায্য বা পরামর্শ নেন। আপনার সে রকম কেউ আছে?
লিটন: আমি আমার স্যারদের সঙ্গেই কথা বলি। খারাপ সময়ে অনেক বিষয় নিয়েই তাঁদের সঙ্গে আলোচনা করেছি। তবে স্যাররা হয়তো শুধু বলেনই। সবচেয়ে বড় নিজের মানসিকতা। কারণ মাঠে আমাকেই খেলতে হবে। আমি কী করতে পারি, সেটা জানতে হবে। খারাপ সময়ে মনে হয় সবকিছুই বুঝি খারাপ যাচ্ছে। আসলে তা নয়। এ রকম সময়ে নিজেকে ধরে রেখে একটু কষ্ট করে ভালো খেলার চেষ্টা করতে হবে।