'মামুনুলের জায়গায় খেলা সহজ নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল বাতেন কোমল
আবদুল বাতেন কোমল
নতুন কোচ মামুনুল ইসলামকে প্লে-মেকারের ভূমিকা থেকে সরিয়ে উইংয়ে এনেছেন। তাঁর জায়গায় তৈরি করেছেন আবদুল বাতেন কোমলকে। আগামীকাল কিরগিজস্তানের সঙ্গে বিশ্বকাপ বাছাই ম্যাচেই সেটা দেখা যেতে পারে। বিশকেক থেকে এসব নিয়েই কাল কথা বললেন বাংলাদেশ দলের এই অভিজ্ঞ ফুটবলার

* ম্যাচ তো এসে গেল। কিরগিজস্তানে কেমন কাটছে?

আবদুল বাতেন কোমল: এমনিতে তেমন কোনো সমস্যা নেই। কাল (পরশু) একটু গরম ছিল। আজ দেখছি বেশ ঠান্ডা। সূর্যের মুখই দেখলাম না। তাপমাত্রা ১১ ডিগ্রির মতো।

* শেষ মুহূর্তের অনুশীলনে কোচ কী নিয়ে কাজ করছেন?

কোমল: আজ সকালে ‘উইথ বল’ অনুশীলন ছিল। গতি নিয়েও কাজ করেছেন। বিকেলে ম্যাচের আদলে একটা সেশন হয়েছে। খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া বাড়াতেই এই ম্যাচ। তারপর তিন বনাম তিন করে পোস্টের সামনে একটা ম্যাচ খেলেছি।

* তাতে কি একাদশটা পরিষ্কার বোঝা গেল?

কোমল: না না, ওইভাবে একাদশ করেননি কোচ। নিজেদের মধ্যে শুধু ভাগ করা খেলা। এখনো একাদশের ব্যাপারে চূড়ান্ত কিছু বলেননি কোচ।

* আপনার কী মনে হচ্ছে, একাদশে থাকবেন?

কোমল: ইনশা আল্লাহ। কোচ তো সেভাবেই অনুশীলনে তৈরি করেছেন আমাকে।

* সে ক্ষেত্রে তো অনেক দিন পর আপনাকে একাদশে দেখা যাবে। ডি ক্রুইফ আপনাকে বদলি হিসেবেই ব্যবহার করতেন...

কোমল: ক্রুইফ আমাকে একাদশে নিয়েছিলেন ২০১৩ কাঠমান্ডুতে এএফসি চ্যালেঞ্জ কাপে। নেপালের সঙ্গে ওই ম্যাচে আমরা ২-০ গোলে জিতেছিলাম। এরপর থেকে বদলি হিসেবে খেলেছি।

* বাফুফে একাদশের সঙ্গে বিকেএসপিতে অনুশীলন ম্যাচে আপনাকে মামুনুলের জায়গায় খেলিয়েছেন কোচ। নিশ্চয় কিরগিজস্তান ম্যাচেও ওই পজিশনেই দেবেন?

কোমল: হ্যাঁ, মামুনুলের জায়গাতেই আমাকে দেবেন। সেভাবেই মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছি। নতুন জায়গায় খেলব, আমার মধ্যে একটা উত্তেজনা কাজ করছে।

* প্লে-মেকারের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আপনার অভিজ্ঞতা নেই। সমস্যা হবে না?

কোমল: আমি আসলে ২০০৮ কলম্বো সাফে জাতীয় দলে অভিষেকের পর লেফট উইঙ্গার হিসেবেই খেলে এসেছি। আমার ক্লাব আবাহনীতেও তাই। এখন এটা বুঝতে পারছি, মামুনুলের জায়গায় খেলা সহজ নয়, অনেক পরিশ্রম করতে হবে। তবে আমার তেমন সমস্যা হচ্ছে না। বিকেএসপির ওই অনুশীলন ম্যাচে ৩৫ মিনিটে ব্যথা পাওয়ার আগ পর্যন্ত অনেক সুযোগ তৈরি করেছিলাম। ওই সময়ের মধ্যে ৫ কিলোমিটার দৌড়েছি, কোচ এতে আমার ওপর খুশিই আছেন।

* কোচ এমনিতে ম্যাচে কী করতে চান মনে হলো?

কোমল: কোচ চান আমরা পুরো দলটা একসঙ্গে রক্ষণ করি। বল হারানোর সঙ্গে সঙ্গে সবাই নিজেদের অর্ধে চলে আসি। প্রতিপক্ষকে সহজে আমাদের রক্ষণে এসে আক্রমণ করতে দেওয়া যাবে না।

* ম্যাচে তাহলে আমরা ভালো কিছু নিশ্চয়ই আশা করতে পারি?

কোমল: এই কদিনে অনেক পরিশ্রম করল গোটা দল। খেলোয়াড়েরা আত্মবিশ্বাসী। ভালো কিছু আমরা দেখাতে পারব আশা করি। সবাই দোয়া করবেন।

* বিশকেকের কথা একটু বলুন। ওখানে বিশেষ কিছু চোখে পড়েছে?

কোমল: ফুটবল নিয়ে এখানে বেশ আগ্রহ। আমরা কিরগিজস্তান ফুটবল ফেডারেশনের যে মাঠে অনুশীলন করছি, ওটার আশপাশে অনেক মাঠ। পিচ্চি থেকে বুড়ো সবাই ফুটবল খেলে। মেয়েদের দলও এখানে সকাল-বিকেল অনুশীলন করছে।

* কিরগিজস্তান দলের সঙ্গে দেখা হয়েছে?

কোমল: ওদের সঙ্গে দেখা হয়নি। ওরা সম্ভবত অন্য কোনো মাঠে অনুশীলন করে।