'মার খেলেও আমি খুশি থাকি'
>

এলেন, দেখলেন, জয় করলেন—বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এখন পর্যন্ত কথাটা সবচেয়ে বেশি খাটে বোধ হয় তাঁর ক্ষেত্রেই। বাঁহাতি পেসারের অভাব ঘুচিয়ে বাংলাদেশ দলে তাঁর আবির্ভাবটা এমনই বিস্ময়-জাগানিয়া যে, বিশ্ব ক্রিকেটেই হইচই পড়ে গেল। ৫ ও ৬ উইকেট—ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতে ১১ উইকেট নিয়ে অংশ হয়ে গেছেন রেকর্ডেরও। সাতক্ষীরায় সংবর্ধনার স্রোতে ভেসে ঢাকায় ফিরে মুস্তাফিজুর রহমান বলেছেন তাঁর নতুন জগৎ আর বোলিং-দর্শনের কথা—
* অনেক দিন পর সাতক্ষীরা থেকে এলেন। কেমন সময় কাটল এবার?
মুস্তাফিজুর রহমান: এবারই সবচেয়ে ভালো সময় কাটল। দুটি সিরিজ ভালো খেলে গেছি। এ জন্য আমার প্রতি চেনা-অচেনা মানুষের আগ্রহ, কৌতূহল অনেক বেশি ছিল। দূরদূরান্ত থেকে মানুষ এসেছে আমাকে দেখতে।
* আপনার অনেক সংবর্ধনা হয়েছে সেখানে। কেমন উপভোগ করেছেন সেসব?
মুস্তাফিজ: আনুমানিক ১৫-১৬টি সংবর্ধনা অনুষ্ঠানে যেতে হয়েছে। সাতক্ষীরায় হয়েছে, নিজের এলাকায়ও হয়েছে। অনেক ভালো লেগেছে। আগে কেউ চিনত না, এখন সবাই চেনে। অনেক জায়গায় বক্তৃতা দিতে হয়েছে। আমি অবশ্য কোথাও বেশি কিছু বলিনি। সব জায়গায় আমাদের জন্য দোয়া চেয়েছি।
* সাতক্ষীরায় আপনার পরিবারের সদস্যদের জীবনও তো কিছুটা বদলে যাওয়ার কথা। তাঁদের প্রতিক্রিয়া কী?
মুস্তাফিজ: সবাই খুশি। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত লোক আসত দেখা করতে। এটাই বেশি ভালো লেগেছে। বেশির ভাগ মানুষ অপরিচিত। খেলার ভক্ত, আমার ভক্ত। বাসার মানুষজনও উপভোগ করেছে এসব।
* এলাকায় গিয়ে এবার ক্রিকেট খেলেছেন?
মুস্তাফিজ: তেমন একটা না। একদিনই একটু খেলেছিলাম। আমাদের ওখানে একটা বিল আছে, সেটার পাশে। ওদিক দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলাম। পরিচিত অনেককে খেলতে দেখে বললাম, ‘আসব নাকি?’ ওরা বলল, ‘জি ভাই, আসেন।’ আমি যাওয়ার পর আরও অনেকে চলে এল। কিছুক্ষণ ব্যাটিং করলাম। সন্ধ্যা হয়ে গিয়েছিল, তার ওপর বৃষ্টিও এল। সে জন্য বেশিক্ষণ থাকিনি।
* আপনিই বলেছেন, অনুশীলনে একদিন এনামুল হক কাটার কীভাবে করে দেখিয়ে দিয়েছিলেন। তো কাটার শেখার আগ পর্যন্ত বাঁহাতি পেসার হিসেবে আপনার শক্তির দিক কোনটা ছিল?
মুস্তাফিজ: কাটার শেখার আগে আমার বলে আহামরি কিছু ছিল না। সুইং করানোর চেষ্টা করতাম। ন্যাচারাল যেটা ছিল সেটাই। খুব ভালো যে সুইং হতো তাও না...মোটামুটি হতো আর কি।
* আন্তর্জাতিক ক্রিকেটের শুরুতেই কাটার দিয়ে সবাইকে ভড়কে দিয়েছেন। আর কোনো চমক দেখাতে চান?
মুস্তাফিজ: চমক না। তবে সুইংটাই আরও ভালো করতে চাই। এটা আরও ভালো হলে বোলার হিসেবে আমার জন্যও আরও ভালো হবে। ওটা নিয়েই কাজ করছি এখন।
* একটা সময় নাকি নতুন ব্যাটসম্যান এলেই ইয়র্কার দিতে চাইতেন। ইয়র্কারই তো বেশি প্রিয় ছিল আপনার...
মুস্তাফিজ: চাইলে ওটা এখনো করতে পারি। প্র্যাকটিসে ইয়র্কার বল করি। তবে ইয়র্কার হোক, সুইং হোক বা কাটার, ব্যাটসম্যানকে আউট করতে পারলেই আমার ভালো লাগে। বিশেষ কোনো বল যে বেশি প্রিয়, তা না।
* বলের গতি আরও বাড়াতে কোনো কাজ করার ইচ্ছে আছে?
মুস্তাফিজ: কিছু কাজ করলে হয়তো বলের গতি বাড়ানো সম্ভব। তবে চেষ্টা করে গতি বাড়ানোর ইচ্ছে নেই। বেশি জোরে বল করলেই যে বল ভালো হবে, এ রকম কথা নেই। বোলিংয়ে সবকিছুর সমন্বয় থাকাই ভালো। তা ছাড়া আমার যেটুকু শারীরিক সামর্থ্য বল ততটুকুই জোরে হবে। এর চেয়ে বেশি হবে না। তাসকিনেরটা আলাদা হিসাব। আমার যেটা আছে সেটা ধরে রাখতে চাই। আর জোরে বা আস্তে যেভাবেই বল করি না কেন, আমি যা করতে চাই তাই হয়।
* কাটারের জন্য বাড়তি কোনো অনুশীলন করেন?
মুস্তাফিজ: তেমন একটা না। অনুশীলনে প্রথমে জোরে জোরে বল করার চেষ্টা করি। পরের দিকে হয়তো কিছু কাটার করলাম। বাড়তি কিছু করি না।

* আপনার কাটার নাকি ব্যাটসম্যানরা বুঝতেই পারেন না...
মুস্তাফিজ: এগুলো প্রকৃতিগতভাবেই হয়েছে। যখন থেকে কাটার দেওয়া শুরু করি, এ রকমই হচ্ছে। শুরুর দিকে একটু কম হতো। এখন আস্তে আস্তে ভালো হয়েছে। এটাকে আরও ভালো করার চেষ্টা করছি।
* কাটার-স্লোয়ার এগুলো ছাড়া আর কোনো বল আছে যেটা দিয়ে বোলিংয়ে বৈচিত্র্য আনার চেষ্টা করেন?
মুস্তাফিজ: আসলে মার খেলে এমনিতেই বলে বৈচিত্র্য চলে আসে। এখন যেগুলো করছি সেগুলোতে ব্যর্থ হলে বলে বৈচিত্র্য চলে আসবে। তখন মাথায় কাজ করবে কী করতে হবে। তবে কাটারটা আমি জোরে, আস্তে দুইভাবেই মারি। নতুন বলে জোরেরটা ভালো হয়, বল একটু পুরোনো হলে আস্তেরটা ভালো হয়।
* অনূর্ধ্ব-১৯ দলে খেলার পর ‘এ’ দলের হয়ে মাত্র একটা সফর করেই জাতীয় দলে ডাক পেলেন। খুব অবাক হয়েছিলেন তখন?
মুস্তাফিজ: ততটা অবাক হয়নি। আমার মধ্যে একটা জিনিস আছে, যখন যে জায়গায় সুযোগ পাব ভালো বল করার চেষ্টা করব। ম্যাচ বা নেট প্র্যাকটিস, টার্গেট থাকে ভালো করার। জাতীয় দলে কখন ডাক পাব সেটা চিন্তা করিনি। তবে যেকোনো সময় ডাক পেলে যেন ভালো খেলতে পারি, সে জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম।
* বিশ্ব ক্রিকেটে এমন কোনো বোলার আছেন যাঁর সঙ্গে কথা বলতে চান বা দেখা হলে যাঁর কাছ থেকে টিপস চাইবেন?
মুস্তাফিজ: দেখি...সময় এলে হয়তো কথা বলব। একজনের কাছ থেকে তো সবকিছু শেখা যাবে না। একেকজনের একেকটা ভালো। এখন যাঁরা খেলছেন তাঁদের মধ্যে আমার কাছে মাশরাফি ভাইয়ের বোলিংই বেশি ভালো লাগে। উনি সব দিক দিয়ে ভালো। বাঁহাতিদের মধ্যে ভালো লাগত আমিরের বল।
* আন্তর্জাতিক ক্রিকেটে যে কয়টা উইকেট পেয়েছেন, সবচেয়ে আনন্দ পেয়েছেন কোনটাতে?
মুস্তাফিজ: টি-টোয়েন্টি ম্যাচে শহীদ আফ্রিদির উইকেটটা। স্টার খেলোয়াড়দের আউট করতে পারলে যে কারোই ভালো লাগে। আফ্রিদি তো স্টারদেরও স্টার! আফ্রিদির উইকেট নিতে হবে, এমন কোনো লক্ষ্য ছিল না। আমার যেকোনো স্টার খেলোয়াড়ের উইকেট পেলেই ভালো লাগে।
* ভারত আর দক্ষিণ আফ্রিকা দলেও তো অনেক তারকা ছিল...
মুস্তাফিজ: না, না...আমার কাছে আফ্রিদিই বেশি বড় স্টার।
* এখন পর্যন্ত কোন ব্যাটসম্যানকে বল করাটা বেশি কঠিন মনে হয়েছে?
মুস্তাফিজ: সবাইকেই তো একই রকম লাগে। আসলে ব্যাটসম্যান যে-ই হোক, মাঠে আমি কখনো নার্ভাস থাকি না। মার খেলেও আমি খুশি থাকি। যেসব ব্যাটসম্যান মারে বেশি, আমার তাদের বল করতেই ভালো লাগে। কারণ মার খেলে নতুন বল বের হবে, বোলিংয়ে আরও বৈচিত্র্য আসবে।
* আন্তর্জাতিক ম্যাচে করা প্রথম বলের অভিজ্ঞতার কথা বলুন। কী করতে চেয়েছিলেন ওই বলে?
মুস্তাফিজ: সুজন স্যারের একটা কথা আমার ভালো লাগে। দিনের যেকোনো সময়ই হোক, প্রথম বলটা উনি স্টাম্পে করার কথা বলেন। আমিও চেয়েছি আমার ক্যারিয়ারের প্রথম বলটা ভালো জায়গায় করতে। ওটা সে দিনেরও প্রথম বল ছিল।
* কোন ধরনের ক্রিকেট খেলতে বেশি ভালো লাগে?
মুস্তাফিজ: আমার তো আগে সবচেয়ে বেশি ভালো লাগত টি-টোয়েন্টি ক্রিকেট। কারণ ওটা তাড়াতাড়ি শেষ হয়। দিনেরটা দিনে শেষ হওয়াই ভালো। টেস্টে টানা পাঁচ দিন খেলা হয়। মনে হতো, এখানে সবকিছুই বেশি বেশি করা লাগবে। এখন অবশ্য সব ধরনের ক্রিকেটই ভালো লাগছে।
* বোলার হিসেবে স্বপ্ন?
মুস্তাফিজ: বাংলাদেশ দলকে যেন অনেক দিন সার্ভিস দিতে পারি। টেস্টে আরও ভালো বল করতে চাই।