'মিসবাহ-ইমরানে তুলনা হয় না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>পাকিস্তানের হয়ে টেস্টে সবচেয়ে বেশি রান ও সবচেয়ে বেশি সেঞ্চুরি তাঁর। টেস্ট ক্রিকেট আয়োজন করেছে এমন ১১টি দেশেই সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান। সেই ইউনিস খান সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডমিনিকা টেস্ট দিয়ে বিদায় বলে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে। পাকিস্তানের জিয়ো টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে সদ্য সাবেক হওয়া এই ব্যাটসম্যান কথা বলেছেন দীর্ঘ ক্যারিয়ারের প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে। উঠে এসেছে মিসবাহর সঙ্গে তাঁর বন্ধুত্ব, অবসর-পরবর্তী ভাবনাও—
ইউনিস খান
ইউনিস খান

প্রশ্ন: বিদায়ী সিরিজে এসে টেস্টে ১০ হাজার রানের মাইলফলক ছুঁলেন, ক্যারিয়ারের শেষ টেস্টে দুর্দান্ত এক জয় পেল পাকিস্তানও, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জয়—সব মিলিয়ে কেমন লাগছে? 
ইউনিস খান: ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জয়টা আসলেই অসাধারণ অর্জন। বিশেষ করে যেভাবে আমরা সিরিজের শেষ টেস্টটা জিতেছি। এই প্রথম পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাল। আমার নিজের অর্জন নিয়ে বলব, আমার ১০ হাজার রান করার মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের ইতিহাস পূর্ণতা পেল। আমি ১০ হাজার রান করেছি বলে বলছি না। আমার সব সময় মনে হতো, কেউ তো আসবে পাকিস্তান ক্রিকেটে যে ১০ হাজার রানের এই মাইলফলকটা পার করবে। সৃষ্টিকর্তা আমাকেই সুযোগটা দিয়েছেন, আমি কৃতজ্ঞ। 
প্রশ্ন: জয় দিয়েই নিশ্চয়ই ক্যারিয়ারটা শেষ করতে চেয়েছিলেন। কিন্তু ডমিনিকায় শেষ মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ ও রকম প্রতিরোধ গড়ার পর কী মনে হচ্ছিল? 
ইউনিস খান: শেষ দিনটা আসলেই অনেক নাটকীয়তার মধ্য দিয়ে গেছে। যেভাবে রোস্টন চেজ প্রতিরোধ গড়েছিল, একটা সময় মনে হচ্ছিল ওরা হয়তো ড্র করে ফেলবে। বিশেষ করে শেষ আধঘণ্টা ছিল শ্বাসরুদ্ধকর। তবে আমরা হাল ছাড়িনি, জয় আমাদেরই হয়েছে। 
প্রশ্ন: বিদায়ী বক্তৃতায় মিসবাহ-উল-হক বলেছেন, ক্যারিয়ারের একটা লম্বা সময় এবং শেষ টেস্ট আপনার সতীর্থ হিসেবে খেলতে পারা বিশাল গর্বের ব্যাপার তাঁর জন্য। মিসবাহকে নিয়ে আপনি কী বলবেন? 
ইউনিস খান: মিসবাহ আমাকে নিয়ে যা বলেছে, আমি আসলেই আপ্লুত। আমার জন্যও এটা গর্বের ব্যাপার যে আমি মিসবাহর সঙ্গে খেলেছি। এক-দুই বছর নয়, দীর্ঘ সময়। মিসবাহর আন্তর্জাতিক ক্যারিয়ার ২০০১ সালে শুরু হয়েছিল, আমার আরও এক বছর আগে। প্রায় ষোলো-সতেরো বছর আমরা দেশের হয়ে একসঙ্গে খেলেছি। প্রথম দিকে হয়তো ও খুব একটা সুযোগ পায়নি। আমাদের মিডল অর্ডারে তখন মোহাম্মদ ইউসুফ ও ইনজামাম-উল-হক খেলেন। তবে শুরুর দিকে আমাকেও জায়গা পেতে অনেক লড়াই করতে হয়েছে। তারপর ও যখন অধিনায়কত্ব পেল, ওই সময়টায় আমিও টেস্ট ক্রিকেটে নিজেকে নতুন করে খুঁজে পেলাম। আমরা দুজন পাকিস্তান ক্রিকেটের উত্থান-পতন দুটিই কাছ থেকে দেখেছি। উচ্ছ্বাস-হতাশা ভাগাভাগি করেছি। ওর সময়ে পাকিস্তান টেস্ট ক্রিকেটের এক নম্বর দল হয়েছে। তার মতো একজনের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারাটা আসলেই গর্বের। 
প্রশ্ন: এখন তো ইমরান খানের সঙ্গেও মিসবাহ-উল-হকের তুলনা হচ্ছে। পরিসংখ্যানে মিসবাহই পাকিস্তানের সফলতম অধিনায়ক। ইমরানের সঙ্গে তাঁর এই তুলনাটাকে কীভাবে দেখেন? 
ইউনিস খান: দেখুন, সব অধিনায়কেরই একটা নিজস্ব ধরন থাকে। শুধু ক্রিকেট অধিনায়ক নন, বিশ্বের সব নেতারই নিজস্ব ধরন আছে নেতৃত্ব দেওয়ার। মোহাম্মদ আলী জিন্নাহ, আল্লামা ইকবালের কথাই বলুন, বা নেলসন ম্যান্ডেলা, সবারই যাঁর যাঁর জায়গায় স্বকীয়তা ছিল। ইমরান খান দুর্দান্ত অধিনায়ক ছিলেন। পাকিস্তান ক্রিকেটকে তিনি একটা সম্মানের জায়গায় নিয়ে গেছেন। আবার মিসবাহও দারুণ অধিনায়ক। ওর সময়ে পাকিস্তানের কত অর্জন! দুজনেরই আলাদা শক্তি ও সীমাবদ্ধতার জায়গা আছে। আমার মনে হয়, এভাবে দুজনের তুলনা হয় না। 
প্রশ্ন: এখন তো অবসর নিয়েছেন। ফিরে তাকালে কোনো কিছুর জন্য আক্ষেপ হয়? কিংবা অতৃপ্তি? 
ইউনিস খান: না, একদমই না। আমি ক্যারিয়ারে ভালো-মন্দ দুই রকম সময়ই পার করেছি। কিন্তু এমন না যে কোনোটাই খুব দীর্ঘ হয়েছে। আমি যেমন প্রতি ম্যাচে সেঞ্চুরি করতে পারিনি, আবার প্রতি ম্যাচেই খারাপও খেলিনি। আমার কাছে যে ক্যাচগুলো এসেছে সব ধরেছি, এমন নয়। আবার সব ক্যাচ ফেলিওনি। সব ম্যাচ জিততে পারিনি, আবার সব ম্যাচ হারিওনি। আমি মনে করি আমার ক্যারিয়ার খুবই ভারসাম্যপূর্ণ। ক্যারিয়ার নিয়ে আমার তাই কোনো আক্ষেপ নেই। একটা ব্যক্তিগত আক্ষেপ অবশ্য আছে। আমার বাবা আজ নেই। আমার তিন ভাই, বোন মারা গেছেন। ওদের অনুপ্রেরণাতেই আমার ক্যারিয়ার। ওরা এ দিনটা দেখে যেতে পারলে আমার ভালো লাগত। 
প্রশ্ন: দীর্ঘ ক্যারিয়ারে তো অনেক স্মরণীয় মুহূর্ত। এর মধ্যে আলাদা করে কোনটার কথা বলবেন... 
ইউনিস খান: আন্তর্জাতিক ক্রিকেটে আমার অভিষেক ম্যাচটা। ২০০০ সালে করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে প্রথম রানটা করার পর অন্য রকম লাগছিল। তারপর টেস্ট ক্রিকেটে আমার প্রথম সেঞ্চুরিটার কথা বলব। ২০০৯ সালে লর্ডসে আমার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। এ মুহূর্তগুলো সব সময় মনে থাকবে। 
প্রশ্ন: অবসরের পর ক্রিকেট থেকে নিশ্চয়ই হারিয়ে যাবেন না। ভবিষ্যৎ পরিকল্পনা কী? 
ইউনিস খান: আপাতত সবার আগে যেটা করতে চাই তা হচ্ছে, আমার ছেলে ও মেয়ে দুজনকে সময় দেওয়া। ওদের ভালো শিক্ষায় শিক্ষিত করতে চাই। এর বাইরে পাকিস্তান ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছে তো আছেই। শুধু ক্রিকেটই নয়, দেশের হয়ে যেকোনো ক্ষেত্রে যদি অবদান রাখার সুযোগ হয়, আমি কাজ করব।