'মূল লক্ষ্য কোটা প্লেস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল্লাহ হেল বাকি
আবদুল্লাহ হেল বাকি

গ্লাসগোতে গত বছর হওয়া কমনওয়েলথ গেমসে রুপা জিতেছিলেন। কিন্তু এরপর খুব বেশি ভালো করতে পারেননি। তবে এবার জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপে টপকে গেছেন কমনওয়েলথ গেমসে নিজের স্কোর। ঢাকা রাইফেল ক্লাবের শ্যুটার আবদুল্লাহ হেল বাকির এখন একটাই প্রত্যাশা, নিজের যোগ্যতায় (কোটা প্লেসে) অলিম্পিকে খেলা
. যে স্কোরে সোনা জিতেছেন, এটা নিয়ে আপনি কতটা সন্তুষ্ট?
আবদুল্লাহ হেল বাকি: এখানে যে স্কোর (২০৫.৩ পয়েন্ট) করেছি তাতে আমি খুশি। এটা মোটেও খারাপ স্কোর নয়। যদিও ফাইনালে সব সময় আমার স্কোর বাছাইয়ের চেয়ে একটু কমই হয়। কারণ ফাইনালে আমি খুব স্নায়ুচাপে ভুগি। আসলে আমার মূল লক্ষ্য কোটা প্লেস নিয়ে (সরাসরি যোগ্যতা অর্জন করে) অলিম্পিকে খেলা। ভালো একটা ফল করা, এর আগে বাংলাদেশের কেউ যেটা করতে পারেননি। এটা মাথায় রেখেই আমি এত দিন অনুশীলন করেছি। এর জন্য যা যা করা উচিত তাই করে যাচ্ছি।
. কোচ তো কোরিয়ায় চলে গেছেন। কোচ ছাড়া অনুশীলন কীভাবে করছেন?
বাকি: কোচের দেওয়া নির্দেশনা সব সময় মেনে চলছি। প্রতিদিন তাঁর সঙ্গে শিডিউল নিয়ে আলোচনা করি। কোথায় ভুল হচ্ছে সেগুলো নিয়ে কথা বলি। কোচ আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহেই চলে আসবেন। তখনই হয়তো ক্যাম্প শুরু হয়ে যাবে।
. কমনওয়েলথ গেমসের পর আরও তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেছেন। সেখানে আপনাকে খুব বেশি ধারাবাহিক দেখা যায়নি...
বাকি: এটা সত্যি, গত তিনটি টুর্নামেন্টে আমি খুব ভালো করিনি। এশিয়ান গেমসে আমার স্কোর ছিল ৫১৯.৫ পয়েন্ট। কুয়েতে চতুর্থ আন্তর্জাতিক শ্যুটিং গ্রাঁ প্রিতে করেছিলাম ৬২২ পয়েন্ট। আর কোরিয়ায় শ্যুটিং বিশ্বকাপে ৬২১.৯। ওসব জায়গায় যে ভুলগুলো হয়েছে তা কাটিয়ে উঠতেই কঠোর অনুশীলন করে যাচ্ছি। এখানে আমি জাতীয় প্রতিযোগিতায় কমনওয়েলথ গেমসের স্কোরটা (২০২.১) টপকাতে পেরেছি। এটাও আমার জন্য অনেক বড় কিছু। এই ধারাবাহিকতা এখন ধরে রাখতে চাই।
. ভবিষ্যতে তিনটি বড় মাপের আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবেন। কোটা প্লেস পেতে যা বড় সুযোগ। এই টুর্নামেন্টগুলো নিয়ে আপনার কী পরিকল্পনা?
বাকি: আগামী আগস্টে আজারবাইজানে খেলব বিশ্বকাপ শ্যুটিংয়ে। দিল্লিতে সেপ্টেম্বরে বিশ্ব এয়ারগান চ্যাম্পিয়নশিপ। আর নভেম্বরে কুয়েতে খেলব বিশ্বকাপ শ্যুটিংয়ে। আমি শতভাগ আত্মবিশ্বাসী আজারবাইজানে, কুয়েত বা ভারতের কোনো একটি জায়গায় ভালো রেজাল্ট করব। আমার যে স্কোর আছে সেটা ধরে রাখতে পারলেই হয়তো স্বপ্নের কোটা প্লেস পেয়ে যেতে পারি। আসলে এসব টুর্নামেন্টের প্রতিটি থেকে সেরা তিনজন করে কোটা প্লেস পেয়ে অলিম্পিকে খেলবে। শেষ দিকে আমি যেসব টুর্নামেন্টে খেলব সেখানে অন্তত সেরা পাঁচে থাকলেও সুযোগটা থাকবে। আমি আশাবাদী, বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে কোটা প্লেস নিয়ে অলিম্পিকে খেলতে পারব।
. গত মার্চে দক্ষিণ কোরিয়ায় এক মাসের বিশেষ অনুশীলন করেছিলেন। এরপর সেখানেই বিশ্বকাপ শুটিংয়ে অংশ নেন। কিন্তু আশানুরূপ ফল হলো না কেন?
বাকি: পারফরম্যান্স ভালো হয়নি। কিন্তু আমার ক্যারিয়ারে সবচেয়ে ভালো ট্রেনিং পেয়েছি কোরিয়াতেই। ওখানে আমার পরিচিত একজন কোচ ছিলেন। সবচেয়ে বড় ব্যাপার, কোরিয়ায় নিয়মিত যেভাবে অনুশীলন করেছি সেটা এখানেও ধরে রেখেছি। আগে আমার স্কোর শুধু ওঠা-নামা করত। সেখানে ট্রেনিং করার পর ধারাবাহিকতা ধরে রেখেছি।
. ফেডারেশনের আধুনিক শ্যুটিং সরঞ্জাম নেই। এটা আপনাদের অনুশীলনে কতখানি প্রভাব ফেলে?
বাকি: এতে আমাদের অনেক সমস্যা হয়। এখান থেকে অনুশীলন করে দেশের বাইরে খেলতে গেলে মানিয়ে নিতে একটু সময় লাগেই। মনে হয় আবার পেছন থেকে শুরু করছি।