'মেসির চেয়ে রোনালদো ভালো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>নিজের সময়ের তো বটেই, সর্বকালের সেরাদেরই একজন। জিনেদিন জিদানের ভূমিকা এখন বদলে গেছে, এখন তিনি রিয়াল মাদ্রিদের ডাগ-আউটে। মেক্সিকান প্রচারমাধ্যম রেকর্ড মেক্সিকোকে দেওয়া সাক্ষাৎকারে নিজের কোচ হওয়ার সিদ্ধান্ত, ক্রিস্টিয়ানো-মেসি বিতর্ক, খেলার ধরন ও রিয়াল মাদ্রিদে ভবিষ্যৎ...এসব নিয়েই কথা বললেন জিনেদিন জিদান।
জিনেদিন জিদান
জিনেদিন জিদান

মেসি বিশ্বের সেরা খেলোয়াড় কি না
ক্রিস্টিয়ানো রোনালদোকেই আমার সেরা মনে হয়। মানুষ ওকে নিয়ে অনেক কিছুই বলতে পারে, কিন্তু সে আসলে একজন ভালো মানুষ। মেসি ওর একজন প্রতিদ্বন্দ্বী, ওদের দ্বৈরথটা ফুটবলের জন্যই দারুণ। দর্শকও এ রকম কিছুই চায়।
কোচ হওয়ার কারণ...
কোচ হব বলে কখনোই ভাবিনি। খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে সবাই চায় পরিবারের সঙ্গে সময় কাটাতে। আমি সব সময় মাঠেই খেলতে চেয়েছি, আমি এটাই ভালোমতো পারতাম। বাকি সব ছিল আমার কাছে অচেনা।
এখনো খেলার লোভ হয় কি না

অবশ্যই আমি খেলতে ভালোবাসি, কিন্তু সেটা তো আর সম্ভব না। এখন তো আর আমি মাঠে নেমে যেতে পারি না। ডাগ-আউটে থাকার অনুভূতিটা আবার অন্য রকম। খেলোয়াড় হিসেবে যে চাপ সামলাতে হয়েছিল, তার চেয়ে এটা অন্য রকম।
পূর্বসূরিদের কাজটা কত কঠিন ছিল বুঝতে পারছেন কি না
অবশ্যই। এখন আমাকেই তো সব চাপ সামলাতে হয়।
ম্যাচের জন্য প্রস্তুতি
সবচেয়ে বড় ব্যাপার, খেলোয়াড়দের কাছে আমার বার্তাটা পৌঁছে দেওয়া। ওরা সবাই খুবই পেশাদার, সে জন্য আমি ওদের শুধু দুটি বা তিনটি পরামর্শ দিই। আমাদের দারুণ একঝাঁক খেলোয়াড় আছে, ওদের নিয়ে আমি গর্বিত।
মানসিক শক্তি
৮০ থেকে ৯০ শতাংশই তো এটাই। সবচেয়ে বড় ব্যাপার, একাগ্রতা ধরে রাখা। খেলোয়াড়দের এটাই ধরে রাখতে বলি, কারণ তাদের শুধু বছর দশেকের মতো সময় বাকি আছে। রিয়ালের হয়ে খেলাটা স্বপ্নপূরণের মতো। এখানে খেলতে পারাটা আমাদের সবার জন্যই বিশাল সৌভাগ্য। এটা আমাদের মনে রাখতে হবে।
কোচে কি কিছু আসে-যায়
অবশ্যই যায়। দল হারলে সেই দায় তো ম্যানেজারেরই। কিন্তু আপনাকে সেই দায়িত্ব মেনে নিতে হবে, সেটার ভালো-মন্দ দুটোই।