'মোস্তাফিজ তখন আরও ভয়ংকর হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জি এম নওশের প্রিন্স
জি এম নওশের প্রিন্স

১৯৭৬ সালে ঢাকার ক্রিকেটে শুরু, ক্রিকেটকে বিদায় জানান ১৯৯৭ সালে। মাঝে কিছুদিন বিসিবির নির্বাচকের দায়িত্ব পালন করে বাংলাদেশ দলের সাবেক বাঁহাতি পেসার জি এম নওশের প্রিন্স এখন যুক্তরাষ্ট্রপ্রবাসী। দেশে ঘুরতে এসে কাল মিরপুরে খেললেন স্বাধীনতা কাপ ক্রিকেট। তারই এক ফাঁকে কথা বললেন বাংলাদেশের পেস বোলিং নিয়ে
* দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে আছেন। বাংলাদেশের ক্রিকেটের সাফল্য সেখানে কতটা উপভোগ করেন?
জি এম নওশের প্রিন্স: যখন দেখি প্রতিদিনই আমাদের দল একটু একটু করে এগোচ্ছে, মনে হয় আমাদের স্বপ্নটাই বাস্তবায়ন হচ্ছে। তবে ভালো করাটা কখনো শেষ হয় না। ওপরে যাওয়া যায়, তবে সেটা ধরে রাখাই বড় ব্যাপার। আমাদের ছেলেরা যে এখন বুঝতে পারছে কী করে এটা করা যায়, সেটাই বেশি ভালো লাগে।
* একটা সময় বাংলাদেশ দলের পেস বোলিং আক্রমণ খুব ভালো ছিল না। এখন এই জায়গাতেও অনেক প্রতিদ্বন্দ্বিতা। এই উন্নতিটাকে কীভাবে দেখেন?
প্রিন্স: আমি বলব খুবই স্বাস্থ্যকর প্রতিদ্বন্দ্বিতা। এটা হওয়াই উচিত। আমি যখন জাতীয় দলে ঢুকি, তখন বাদশা ভাই, দীপু চৌধুরী, সামিউর রহমানের মতো অনেকেই ছিলেন। তারপরও কিন্তু আমি এসে একটা প্রান্ত ধরে রাখি। যত দিন খেলেছি, আমার কাছ থেকে সেটা কেউ নিতে পারেনি। সে জন্য আমাকে কষ্ট করতে হয়েছে। এখনকার পেসারদের বলি, একবার ঢুকতে পারলে দয়া করে বাবা এটা ছেড়ো না। সিঁড়িতে উঠতে পারবে, কিন্তু থাকাটা বড় কঠিন।
* বাংলাদেশের আবহাওয়া, খাদ্যাভ্যাস, শারীরিক সামর্থ্য এসবও কি ভালো পেস বোলার হয়ে ওঠার পথে অন্তরায়?
প্রিন্স: অবশ্যই। তবে পেস বোলার মানেই শুধু জোরে বল করা নয়। ১৫০ কিলোমিটার গতি দরকার নেই। সুইংটাও খুব কাজে দেয়। আমাদের কিছু সুইং বোলার দরকার। বাতাসে সুইং করাতে পারে এমন বোলার। এ জন্য অনেক বেশি শক্তির দরকার নেই। দরকার চিন্তা, একটু বুদ্ধি খাটানো। ওরা যথেষ্ট ভালো বল করে। তারপরও তিনটি স্লিপ নিয়ে বল করার সময় বলটা ভেতরে আসবে না বাইরে নেবে, এই জিনিসগুলো আরেকটু ভালো করে বুঝে নেওয়া দরকার।
* মোস্তাফিজের বোলিং কেমন লাগে? আপনি নিজেও তো বাঁহাতি পেসার ছিলেন...
প্রিন্স: দুর্দান্ত বোলার। দেখলেই বোঝা যায় ও শতভাগ দিচ্ছে, উইকেট নেওয়ার জন্য বোলিং করছে। কাট করাচ্ছে। ওয়ানডে ক্রিকেটের জন্য আদর্শ বোলিং। তবে ওকে টেস্টের জন্য বল ভেতরে আনাটা আরেকটু রপ্ত করতে হবে। মোস্তাফিজ তখন আরও ভয়ংকর হবে। ওর অ্যাকশন, রানআপ সবই অসাধারণ। আমার বিশ্বাস, বল ভেতরে আনাটাও সে শিখে যাবে। কোচরা তো আছেনই। যত্ন নিলে বাংলাদেশ দলে লম্বা সময় খেলবে মোস্তাফিজ।
* মাশরাফি, মোস্তাফিজ থেকে শুরু করে বাংলাদেশ দলের প্রায় সব পেসারেরই কমবেশি চোট-সমস্যা আছে। একজন সাবেক পেসার হিসেবে বলুন, চোট থেকে মুক্ত থাকতে কী করা উচিত বোলারদের?
প্রিন্স: চোটে আমিও পড়তাম। কিন্তু মাংসপেশিতে টান পড়া অথবা হ্যামস্ট্রিংয়ে সমস্যা...ওই পর্যন্তই। এসবেরও কারণ ছিল। আমাদের তখন বলা হতো পানি কম খেতে (হাসি)। ফিট থাকা আসলে অনেকটা নিজের ওপর। অনেক কিছু থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। আমি যদি বাংলাদেশ দলে দশ বছর খেলতে চাই, আমাকে সবার আগে সুশৃঙ্খল হতে হবে। লাইফস্টাইল ঠিক করতে হবে। আমি কিন্তু জীবনে রাস্তার পাশে দাঁড়িয়ে চটপটি, হালিম খাইনি। কারণ পেট খারাপ হলে পরদিন খেলতে পারব না। সেই অভ্যাস এখনো আছে। সংযমটা খুবই দরকার।