>

প্রিমিয়ার হকিতে পরশু রেলওয়ের বিপক্ষে মোহামেডানের ১৯ গোলের ১১টিই রাসেল মাহমুদ জিমির। ঘরোয়া হকিতে এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার পর মোহামেডানকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখছেন জাতীয় দলের স্ট্রাইকার
* মাঠে নামার আগে কি ভাবতে পেরেছিলেন এত গোল করেবন?
রাসেল মাহমুদ জিমি: এসব ভেবে তো কেউ মাঠে নামে না। তবে ম্যাচ শেষেই জানি এটা রেকর্ড। শুধু জানতাম যে কামাল ভাই এর আগে ৭টি গোল করেছিলেন (জাতীয় দলের সাবেক খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল, মোহাম্মদ সাদেক ও আরিফুল হক প্রিন্স এর আগে এক ম্যাচে সর্বোচ্চ ৭টি করে গোল করেছিলেন)। তবে আমি এই ম্যাচে নামার আগে একটা লক্ষ্য নিয়েই নেমেছিলাম।
* সেই লক্ষ্যটা কী?
জিমি: ম্যাচের আগে সতীর্থদের বলেছিলাম, আজ তোমাদের কাউকে পাস দেব না। গোলও করতে দেব না। নিজেই যত পারি গোল করব। সতীর্থরা আমাকে সমর্থন করেছে। চেয়েছে আমি যেন হ্যাটট্রিক করি। আসলে মজা করে ওদের এসব কথা বলেছিলাম। পরে দেখি রেকর্ড হয়ে গেছে।
* মোহামেডানের হকি কমিটির চেয়ারম্যান নাকি ম্যাচের আগে বলেছিলেন প্রতিপক্ষকে ২০ গোল দিতে পারলে বোনাস দেওয়া হবে?
জিমি: অনেক আগেই মুনীর ভাই ঘোষণা দিয়েছিলেন, যদি কেউ একা পাঁচ বা দশের বেশি গোল করতে পারে, তাকে বোনাস দেওয়া হবে। আসলে তাঁর মনমানসিকতাই এমন। তবে আমরা এসব নিয়ে ভাবি না, খেলাটাই উপভোগ করি।
* রেকর্ডের পর অনেক শুভেচ্ছা-অভিনন্দন তো পেয়েছেন?
জিমি: ফেডারেশনের কেউ আমাকে কিছু বলেনি। তবে ফেসবুকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। ক্লাবের সবাই অভিনন্দন জানিয়েছেন। মাঠেই মোহামেডানের সমর্থকেরা অভিনন্দন জানিয়েছেন। আমার খুব ভালো লেগেছে। গায়ক আসিফ আকবর আমার খেলার খুব ভক্ত, তাঁর মগবাজারের বাসায় ডিনারের দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিলেন আমাকে।
* ৭ ম্যাচে ৬১ গোল খাওয়া রেলওয়ের মতো দুর্বল দলের প্রতি একটু বেশিই ‘নিষ্ঠুরতা’ দেখানো হলো না?
জিমি: রেলওয়ে প্রিমিয়ারের জন্য দল গড়লেও মাঠে প্রতিদ্বন্দ্বিতার জন্য এই দল হয়নি। শুধু কাউন্সিলরশিপ বাঁচানোর জন্য যদি কেউ দল গড়ে তাহলে এমন দলের দরকার নেই। ওরা খেলোয়াড়দের উৎসাহ নষ্ট করে দিয়েছে। এমন দলের বিপক্ষে যে কেউই এমন খেলতে চাইবে।
* আন্তর্জাতিক হকিতে এত গোল করা কঠিন, কী বলেন?
জিমি: সব জায়গায় গোল করা কঠিন। যদিও আন্তর্জাতিক টুর্নামেন্টে সর্বোচ্চ ৫ গোল করেছি থাইল্যান্ডের বিপক্ষে।
* লিগে মোহামেডানের ৮ ম্যাচের ৪টিতে খেলে ১৫ গোল করলেন। সর্বোচ্চ গোলদাতা হওয়ার চেষ্টা নিশ্চয়ই আছে?
জিমি: চোটের কারণে কয়েকটি ম্যাচ খেলতে পারিনি। তবে মাঠে ফিরেই সেরাটা দেওয়ার চেষ্টা করছি। লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার চেয়ে দলকে চ্যাম্পিয়ন করাই আমার লক্ষ্য।
* বিদেশিদের ভিড়ে আপনার এই পারফরম্যান্স স্থানীয়দের জন্য কতখানি অনুপ্রেরণার?
জিমি: আমার এই রেকর্ড অবশ্যই স্থানীয়দের আরও বেশি গোল করতে অনুপ্রেরণা জোগাবে। আমি মনে করি, লিগে এত বিদেশি খেলোয়াড় খেলানো উচিত নয়। পাঁচজন বিদেশি খেলছে বলেই দেশের পাঁচ খেলোয়াড় বেঞ্চে বসে আছে। ঘরোয়া টুর্নামেন্টে যদি দেশের খেলোয়াড়েরা খেলতে না পারে তাহলে জাতীয় দলেরই ক্ষতি।