
ব্রাদার্স ইউনিয়নের হয়ে এবার ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ খেলছেন জুনায়েদ সিদ্দিক। তিন ম্যাচে ১ সেঞ্চুরি ও ১ ফিফটিতে ২২২ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক তালিকার দুইয়ে আছেন। ১৯ টেস্ট, ৫৪ ওয়ানডে ও ৭ টি-টোয়েন্টি খেলা বাঁহাতি এই ওপেনার কাল বললেন নিজের পারফরম্যান্স ও জাতীয় দলে তাঁর ফেরা-না ফেরা নিয়ে
* গত প্রিমিয়ার লিগে রূপগঞ্জের হয়ে ৯ ম্যাচে করেছিলেন ১৩৬ রান। এবার ব্রাদার্সের হয়ে ৩ ম্যাচেই ২২২! দুর্দান্ত শুরুর রহস্যটা কী?
জুনায়েদ সিদ্দিক: ঢাকাতেই থাকি। লিগ শুরুর তিন মাস আগে রাজশাহীতে গিয়ে অনুশীলন করেছি। পদ্মার চরে রানিং করেছি। এতে ফিটনেসে উন্নতি হয়েছে। ১২ কেজি ওজন কমেছে। এখন যেমন পরিশ্রম করি, সেটা জাতীয় দলে থাকতেও করিনি। ফিটনেসে উন্নতি হওয়ায় হয়তো ব্যাটিং ভালো হচ্ছে। আগের চেয়ে আত্মবিশ্বাসও বেড়েছে। ক্যারিয়ারে এখন সবচেয়ে ভালো অবস্থায় আছি।
* সর্বশেষ জাতীয় লিগ, বিসিএলেও ভালো খেলেছেন। ছিলেন শীর্ষ পাঁচে। প্রিমিয়ার লিগেও শুরুটা ভালো হয়েছে। নতুন প্রতিজ্ঞা নিয়ে এগোচ্ছেন মনে হচ্ছে।
জুনায়েদ: চ্যালেঞ্জটা নিজের সঙ্গেই। আগের ঘাটতিগুলো কাটিয়ে ওঠাই আমার চ্যালেঞ্জ। যে কাজগুলোয় আগে অনীহা ছিল, সেগুলোই এখন বেশি করে করি। শুধু জাতীয় দলে ফেরার জন্যই নয়, ক্রিকেট আমার প্যাশন, আমার পেশা। যখন ছাড়ব সবাই যেন বলে, সে পরিশ্রমী আর লড়াকু ছিল। যত দিন খেলি এভাবেই খেলব। ভাগ্যে থাকলে আবারও জাতীয় দলে খেলব।
* ২০১২ সালের নভেম্বর থেকে জাতীয় দলের বাইরে। এই কয় বছরে কী উপলব্ধি হয়েছে?
জুনায়েদ: অনেক কিছু শিখেছি। আমার যে ঘাটতি বা ভুলভ্রান্তি ছিল, তা ভালোভাবে উপলব্ধি করেছি। তবে স্বপ্নটা তো আছেই। সবার কাছে দায়বদ্ধতা আছে, আবার ফিরব। এত পরিশ্রম করে যাচ্ছি সে কারণেই।
* যদি পেছনে তাকান, কী কী ভুল ছিল ধরতে পেরেছেন?
জুনায়েদ: আমার আত্মবিশ্বাসে ঘাটতি ছিল। তবে অনেক খেলোয়াড় আছে, যাদের মধ্যে দ্রুত পরিণতিবোধ চলে আসে। যেমন তামিম ইকবাল। টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে সে অনেক পরিণত। আন্তর্জাতিক ক্রিকেটের পরিবেশে খাপ খাওয়াতে কারও একটু সময় লাগে। এখন ক্রিকেটে যতটা মনোযোগী, পরিণত, আগে হয়তো ছিলাম না। কোন পরিস্থিতিতে কী করতে হবে, এখন ভালো বুঝি। গুরুত্বপূর্ণ সময়ে কীভাবে ভালো করতে হবে—এসব ধীরে ধীরে আয়ত্ত করেছি।
* এসব নিয়ে আফসোস হয় নিশ্চয়ই?
জুনায়েদ: আফসোস হয়। সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। তবে যত দিন খেলব, লড়ে যাব। দিন শেষে যাতে নিজে অন্তত সন্তুষ্ট থাকতে পারি।
* এখন তো জাতীয় দলে টপ অর্ডারে জায়গা নিয়ে ভীষণ প্রতিদ্বন্দ্বিতা। ফেরার লড়াইটা আরও কঠিন হয়ে গেছে নিশ্চয়ই...
জুনায়েদ: প্রতিদ্বন্দ্বিতা আছে বলেই তো আমরা ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো খেলছি। বুঝতে পেরেছি, জাতীয় দলে সুযোগ পেতে হলে তৈরি হয়ে আসতে হবে। ধারাবাহিক পারফরম্যান্স ছাড়া এখন ধারাবাহিক সুযোগ পাওয়া যায় না। দুর্দান্ত খেললে নিশ্চয়ই ডাক পাব। এখনো আমি নিজেই নিজের খেলায় তৃপ্ত নই। জাতীয় দলে সুযোগ পেতে এমন কিছু করতে হবে, যাতে সবাই বলে, ওকে এবার নিতে হবে।