'যথেষ্ট হয়েছে, আর নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী সালাউদ্দিন
কাজী সালাউদ্দিন

উচ্চ বেতনে বিদেশি কোচ আনার উদ্যোগটা তাঁরই। কিন্তু সেই কোচ নিয়ে এখন পড়েছেন মহা বিপাকে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কথা বললেন দুই ডাচ কোচকে নিয়ে চলমান সংকট প্রসঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন মাসুদ আলম
l কদিন পরপরই দুই ডাচ কোচকে নিয়ে একই কাহিনি। তাঁরা বেতন পাচ্ছেন না! এটা আর কত শুনতে হবে?
কাজী সালাউদ্দিন: আপনারা শুধু কোচের কথা শোনেন। একটা প্রশ্ন কি তাঁকে করেছেন, “তুমি কত দিন দলকে অনুশীলন করিয়েছ? কত দিন টিমের সঙ্গে আছ?” আমরা ১৬ মাসে ওদের বেতন দিয়েছি প্রায় আড়াই কোটি টাকার মতো। কিন্তু এই ১৬ মাসের মধে৵ ৮ মাসই তো তারা নেই।
l সেটা তাঁদের দোষ, নাকি ফেডারেশন কাজে লাগাতে পারছে না?
সালাউদ্দিন: আমরা কাজে লাগাব না কেন? ওরা একের পর এক কারণ দেখিয়ে হল্যান্ডে যাচ্ছে। আজ চিঠি পাঠিয়ে ক্রুইফ বলেছে, সে পরশু (কাল) আসবে। ২৭ অক্টোবর রাজশাহীতে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ শেষে পরদিন মালয়েশিয়া যাবে কোচদের একটা সেমিনারে। সেখান থেকেই নাকি আবার হল্যান্ড যাবে। এটা কি মগের মুলুক নাকি?
l এর আগে তো কোচ ছুটি নিয়েই হল্যান্ড গেছেন। আপনারা তাহলে ছুটি দেন কেন?
সালাউদ্দিন: ছুটি তো দিতে হয় না। জোর করে নেয়। ক্রুইফের বাবা হাসপাতালে, গুরুতর অসুস্থ। তারপর তার ওয়াইফের এই সমস্যা, ছেলের ওই সমস্যা। সমস্যা লেগেই আছে। বিকেএসপি তার পছন্দ হয় না। এশিয়ান গেমসে গিয়ে বলল, ওখানকার হোস্টেল ভালো নয়। সব বড় দল গেমস ভিলেজে ছিল। অথচ আমার কোচের ওটা পছন্দ নয়। এটা কী ধরনের কথা। যথেষ্ট হয়েছে, আর নয়।
l তার মানে কি বলতে চাইছেন এই কোচদের আর রাখবেন না?
সালাউদ্দিন: চূড়ান্ত কিছু বলব না এখনই। তবে ন্যাশনাল টিমস কমিটি দু-তিন দিনের মধ্যে সভায় বসে একটা সিদ্ধান্ত নেবে। এভাবে আর চলতে পারে না। আপনারা দুই দিন পরপরই নিউজ করেন, কোচ এই বলেছে ওই বলেছে। এটার শেষ দেখা এখন খুবই জরুরি।
l ঠিক এই কথাতেই আসছিলাম। দুই দিন পরপরই বেতন নিয়ে কোচরা অভিযোগ করবেন, এটা তো দেশের সম্মানের ব্যাপার...
সালাউদ্দিন: মানছি। কিন্তু কোচ আমাদের জন্য কী করল, কী অগ্রগতি এনে দিল আমাদের ফুটবলে, সেটা নিয়ে আলোচনা দেখি না। একটাই শুনি, কোচ বেতন পেল কি না। বেতন ফ্যাক্টর নয়, ফ্যাক্টর পুরো ব্যাপারটা। বেতন বোনাস আসে কখন, যখন আপনি কাজ করবেন। সাফে ওর অধীনে আমরা গ্রুপ থেকেই বিদায় নিলাম। এর চেয়ে বড় হতাশার কিছু নেই।
l তাহলে এত দিন রাখলেন কেন? আরেকটা ব্যাপার, ফেডারেশন কাজ দিয়েছে কোচ করেননি, এমন তো শোনা যায়নি।
সালাউদ্দিন: শুনুন, কোচ যেটা করছে সেটা পুরোপুরি ব্ল্যাকমেলিং। চাকরির অর্ধেক সময়ই তাকে দেশে রাখতে পারিনি। তাকে যে বেতন দেব, দেশবাসী আমাদের প্রশ্ন করবে টাকা কেন দিলাম? এটা তো দেশের টাকা।
l একটা প্রাসঙ্গিক প্রশ্ন। কোচের বেতনের টাকার কোনো উৎস ঠিক না করেই মাসে প্রায় ২৫ লাখ টাকা খরচে দুই কোচ আনলেন। সিদ্ধান্তটা কি ঠিক ছিল?
সালাউদ্দিন: আপনি বারবার সেই বেতন প্রসঙ্গে যাচ্ছেন। আমাদের টাকার সমস্যা নয়। সমস্যা একটাই, কোচের সার্ভিস না পেলে কেন বেতন দেব? একজন কোচ হিসেবে তার মানসিকতাও তো সঠিক নয়।
l কিন্তু শোনা যায়, ফেডারেশনের হাতে টাকা নেই। তা ছাড়া কাজ বুঝে নেওয়ার দায়িত্বও ফেডারেশনের।
সালাউদ্দিন: ফেডারেশন কীভাবে কাজ বুঝে নেবে? এশিয়ান গেমস থেকেই পারলে তিনি দেশে চলে যান। আমরা না করার পর এখানে এসে বললেন বাবা মৃত্যুপথযাত্রী। একই কারণে দ্বিতীয়বার ছুটি দিলাম। এমন আবেগময় কথাবার্তা বললে না করা তো কঠিন।
l এমনিতে কোচ সময়মতো বেতন না পেলে বেতন চাইবেন এটা খুবই স্বাভাবিক। আপনি কি মনে করেন কোচ বেতন চেয়ে অন্যায় কিছু করেছেন? তা ছাড়া চুক্তি অনুযায়ী কোচ কিছুই পাননি বলেও দাবি করেছেন।
সালাউদ্দিন: বেতন চাওয়াটা ন্যায়-অন্যায়ের বিষয় নয়। নৈতিকতার ব্যাপার। আমরা তাদের বাসা থেকে শুরু করে সব দিয়েছি। তাদের স্ত্রীরা এসে বলেছে, থাকবে না। হোটেল চেয়েছে হোটেল দিয়েছি, ক্রুইফের স্ত্রী বাসায় ওয়াশরুমে হোঁচট খেয়ে পড়ে ব্যথা পেয়ে হাসপাতালে গেছে, সেই বিলও ফেডারেশন দিয়েছে। আমরা ত্রুটি রাখিনি। তার পরও শুনে আসছি কোচ পদত্যাগ করবে। ফিফাকেও নাকি তারা এটা জানিয়েছে। আমার প্রশ্ন, পদত্যাগ করে না কেন? মধুটা কোথায়?
l আপনার কি মনে হয় এই কোচদের আনা ভুল হয়েছে?
সালাউদ্দিন: (কিছুক্ষণ ভেবে) হ্যাঁ। এক শব্দে বললাম।
l আপনি ফেডারেশনে সহসভাপতি থাকার সময় কোচের বেতনের একটা অংশ নিজে দিয়েছেন। সভাপতি হয়ে ইউরোপীয় কোচ এনেছেন। শেষ পর্যন্ত ব্যাটে-বলে হলো না কেন?
সালাউদ্দিন: ইউরোপের কোচ আনলে এই সমস্যা হবেই। ভারতসহ আরও কয়েকটা দেশও একই সমস্যায় পড়েছে। আমাদের ভাবনাটা ঠিকই আছে। হয়তো সঠিক লোক বাছাই করতে পারিনি। আমরা আনলাকি।