'যুব বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামুনুর রশীদ
মামুনুর রশীদ

২০০৪ সালে ছিলেন জাতীয় দলের সহকারী কোচ। এবার অনূর্ধ্ব-২১ দলের প্রধান কোচ হিসেবে বাংলাদেশকে এএইচএফ কাপে চ্যাম্পিয়ন করেছেন মামুনুর রশীদ। কাল ফাইনালের পর সাফল্যের পেছনের কথা জানালেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক...
অনূর্ধ্ব-২১ দলের এতটা সাফল্য আশা করেছিলেন?
মামুনুর রশীদ: চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছি। জানতাম পারব, সেভাবেই কাজ করেছি। ওমান ও শ্রীলঙ্কাকে নিয়ে যা একটু চিন্তা ছিল। কিন্তু শ্রীলঙ্কা ঢাকায় আসার পর দেখলাম, অতটা শক্তিশালী নয়। ওমান তো আমাদের চেয়ে পিছিয়েই পড়েছে।
ওমানের সঙ্গে সব সময় একটা মনস্তাত্ত্বিক লড়াই চলে বাংলাদেশের। এবার ওমান ২ ম্যাচে খেয়েছে ১১ গোল। রহস্যটা কী?
মামুনুর: রহস্য কিছু নয়। ওমানের খেলোয়াড়দের সামর্থ্য দেখে মনে হয়েছে সহজেই জিতব। আমাদের বল রিসিভ করে ডজ দেওয়ার সামর্থ্য আছে, ওদের তা নেই। এটাই বড় পার্থক্য গড়ে দিয়েছে।
এই টুর্নামেন্টে বাংলাদেশ একটি গোলও খায়নি। অভাবনীয় ব্যাপার...
মামুনুর: সতি৵ই অভাবনীয়। আসলে সপ্তাহে সাত দিনই গোলকিপারদের নিয়ে বিশেষ অনুশীলন করেছি। তা ছাড়া রক্ষণভাগও জমাট ছিল আমাদের।
৫ ম্যাচে ৩৫ গোল। দাপটের সঙ্গে চ্যাম্পিয়ন। আপনার অনুভূতি কেমন?
মামুনুর: দারুণ। আসলে এটা পুরোপুরি দলগত সাফল্য। তিন মাস ধরে সবাই অনেক পরিশ্রম করেছি। ভারতে খেলা প্রস্তুতি ম্যাচগুলো অনেক কাজে এসেছে। খেলোয়াড়েরা ব্যক্তিগত ডায়েরি রাখত। এই দলে যাতে সুখী পরিবারের ছোঁয়া থাকে সেটাই নিশ্চিত করতে চেয়েছি। দলটা নিয়ে খুব সন্তুষ্ট ছিলাম। স্বপ্ন দেখি এই দলটি ২০১৬ সালে ভারতে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপে খেলবে।
এটা সত্যিই সম্ভব মনে করেন?
মামুনুর: অবশ্যই সম্ভব। অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ সামনে রেখে ভারত এখনই অস্ট্রেলিয়া সফর করছে। প্রতিবছর ওরা প্রচুর ম্যাচ খেলবে। আমাদের যত বেশি সম্ভব ম্যাচ খেলা প্রয়োজন। সেই প্রস্তুতি এখনই শুরু করা উচিত।
আমাদের খেলোয়াড়েরা বাইরের টুর্নামেন্টে অনেক সময়ই স্নায়ুচাপে ভেঙে পড়েন। এ থেকে বেরিয়ে আসার উপায় কী?
মামুনুর: কঠোর পরিশ্রম। এই খেলোয়াড়েরা প্রতিভাবান। এএইচএফ কাপে চ্যাম্পিয়ন হয়ে আমাদের প্রথম লক্ষ্য পূরণ হয়েছে। তারই সুবাদে সামনে যুব এশিয়া কাপ খেলব আমরা, তাতে সেরা চারে থাকা চাই। আশা করি, ঘরের মাঠের এই সাফল্য খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াবে অনেক।
আপনার কথায় মনে হচ্ছে স্বাধীনভাবেই কাজ করতে পেরেছেন?
মামুনুর: স্বাধীনভাবে কাজের সুযোগ তৈরি করা সহজ নয়। দল নির্বাচন থেকে শুরু করে সব জায়গায় হস্তক্ষেপ করতে চেষ্টা করেছিল অনেকে। আমি তা হতে দিইনি। এ কারণে অনেকে মনঃক্ষুণ্ন।
অনেকেই বাংলাদেশের জন্য বিদেশি কোচের প্রয়োজনীয়তা দেখেন, আপনি কী মনে করেন?
মামুনুর: ভালো সুযোগ-সুবিধা পেলে দেশের অনেক কোচ হকি নিয়ে কাজ করতে আগ্রহী হবে। আকর্ষণীয় বেতন ও কাজ করার স্বাধীনতা দিতে হবে। কোনো কিছুতে হস্তক্ষেপ করা যাবে না। কোচের প্রতি আস্থা রাখার বিকল্প নেই।
আপনি হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য, নির্বাচক ও কোচ। এত দায়িত্ব সামলাতে সমস্যা হয় না?
মামুনুর: অন্য কাজে কমবেশি ঝামেলা থাকলেও কোচিংটা সব সময় উপভোগ করি। খেলা ছেড়ে কোচিংয়ের ওপর ডিপ্লোমা করেছি। এটা সৃষ্টিশীল কাজ। যে কারণে ঘরোয়া ক্লাব কোচিং এত দিন করে এসেছি।
জাতীয় দলের নতুন কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তির সঙ্গে কাজ করতে কেমন লাগছে?
মামুনুর: স্বাচ্ছন্দ্যবোধ করছি। উনি খুব ভালো কোচ। আমাকে এই টুর্নামেন্টে অনেক সাহায্য করেছেন। তাঁর কাছ থেকে অনেক কিছু শিখতে পারব।