'যেন নতুন জীবন পেলাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাসেল মাহমুদ জিমি
রাসেল মাহমুদ জিমি

ঘরোয়া হকিতে দুই ও আন্তর্জাতিক হকিতে তিন বছর নিষিদ্ধ হয়েছিলেন গত বছরের নভেম্বরে। এক বছর পর সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে হকি ফেডারেশন। মাঠে ফিরতে তাই আর বাধা নেই। সেই প্রস্তুতিও শুরু করে দিয়েছেন রাসেল মাহমুদ জিমি
 গত এশিয়া কাপে শৃঙ্খলা ভঙ্গের জন্য আপনিসহ চার খেলোয়াড়কে নিষিদ্ধ করেছিল হকি ফেডারেশন। নিষেধাজ্ঞা উঠে গেল কদিন আগে। এখন মাঠে ফেরার ব্যাপারে কী ভাবছেন?
রাসেল মাহমুদ জিমি: যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে চাই। অনুশীলনও শুরু করেছি। সামনে যে টুর্নামেন্টই পাব, তাতেই খেলতে চাই। একই সঙ্গে জাতীয় দলেও ডাক পাওয়ার অপেক্ষা করছি।
 কিন্তু ফিটনেস কি সেভাবে আছে? প্রায় এক বছর স্টিকও নাকি হাতে নেননি?
জিমি: স্টিক হাতে নিইনি প্রায় ১১ মাস। মাস দেড়েক ধরে অবশ্য স্টিক-বল নিয়ে আবার টুংটাং শুরু করেছি। ফিটনেস ফিরে পেতে রানিংসহ করণীয় সবই করে যাচ্ছি। মানে আমার দিক থেকে সব প্রস্তুতিই আছে। দেখা যাক কী হয়।
 কিন্তু জাতীয় দলে ঢুকতে ফিটনেসের সঙ্গে ফর্মের ব্যাপারও আছে। কী মনে হয় জানুয়ারিতে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবেন?

জিমি: আমি আশা ছাড়ছি না, মাত্র তো জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে। আমি ফিটনেস টেস্ট দিতে তৈরি। যোগ্যতার প্রমাণ দিয়েই জাতীয় দলে নিজের জায়গা ফিরে পাব বলে বিশ্বাস আছে।
 মালয়েশিয়া থেকে কোচ নতুন কোচ এসেছেন। তাঁর সঙ্গে জানাশোনা আছে?
জিমি: আমি তাঁকে ভালো করেই চিনি। মালয়েশিয়ায় যখন সেখানকার ঘরোয়া হকিতে খেলেছি, এই কোচ তখন অন্য একটা দলে কোচ কাম খেলোয়াড় ছিলেন। কাজেই তাঁর সঙ্গে কাজ করতে সমস্যা হবে না।
 শুনলাম নৌবাহিনীতে যোগ দিয়েছেন?
জিমি: নৌবাহিনীতে যোগ দেওয়া মানে তাদের হয়ে শুধু টুর্নামেন্ট খেলব। এ নিয়ে একটা চুক্তি হয়েছে নৌবাহিনীর সঙ্গে। আমার সঙ্গে নৌবাহিনীতে নাম লিখিয়েছে রানা, কৌশিক, সারোয়ার। তবে লিগে যেহেতু নৌবাহিনী খেলে না, কাজেই তখন পছন্দমতো ক্লাব দলে খেলতে পারব।
 একটু পেছনে ফিরে যাই। নিষিদ্ধ থাকার সময়টা কেমন কেটেছে?
জিমি: সত্যি বলতে দুর্বিষহ জীবনই কাটালাম একটা বছর, এটাকে আমি অভিশপ্ত এক বছর বলি। খেলা ছাড়া থাকা সম্ভব নয় একটা দিনও, অথচ একটা বছর শুধু মাঠে কেন, হকি থেকেই দূরে ছিলাম। রাস্তাঘাটে লোকজন দেখে নানা প্রশ্ন করত, খুব খারাপ লাগত তখন।
 তাহলে তো বলা যায় মুক্তির আনন্দে আছেন এখন...
জিমি: মুক্তির আনন্দ বললেও কম বলা হবে। মাথার ওপর থেকে বিরাট বোঝা নেমে গেছে। যেন নতুন জীবন পেলাম। এখন দেশের বাইরেও খেলতে পারব। নিষিদ্ধ থাকায় বাইরের অফার পেয়েও যেতে পারিনি।
 কোথায় খেলার প্রস্তাব পেয়েছেন?
জিমি: ফ্রান্স, জার্মানি, ওমানে খেলার প্রস্তাব আছে। ফ্রান্সে আগামী মার্চে হবে ইউরো হকি লিগ, ওটায় খেলব আশা করছি। এপ্রিলে জার্মানিতে যেতে পারি, ওমানেও সম্ভাবনা আছে খেলার। আসলে চারদিক থেকেই খেলার জন্য নানা প্রস্তাব পাই।
 একটা বছর বিরাট ক্ষতিই হয়ে গেল আপনার। এটা কীভাবে কাটিয়ে উঠবেন ভাবছেন?
জিমি: বিরাট ক্ষতিই। তবে তা পুষিয়ে নিতে চেষ্টা করব। আসলে চোখেমুখে অন্ধকার দেখছিলাম এত দিন। যা-ই হোক, আমাদের নিষেধাজ্ঞা তোলার আবেদনে সাড়া দিয়েছে ফেডারেশন, এ জন্য খুশি লাগছে। যা হওয়ার হয়েছে, পেছনে তাকিয়ে আর লাভ নেই। সামনে শুধু খেলতে চাই। দেশের হয়ে পারফর্ম করাই আমার বড় লক্ষ্য।