>

চুড়ির বদলে হাতে বক্সিং গ্লাভস। রিংয়ে নামার পর কপালে চুল ওড়ে তাই চুলে দিয়েছেন ‘বব-কাট’। গত বছর জাতীয় জুনিয়র বক্সিংয়ে সেরা হওয়ার পর কাল জাতীয় মহিলা বক্সিংয়েও সোনা জিতলেন শামীমা আক্তার। এসএ গেমসেও সোনার স্বপ্ন দেখছেন যশোরের মেয়েটি
* জুনিয়রে সোনা জয়ের পর সিনিয়রেও বাজিমাত করলেন। খুব খুশি নিশ্চয়ই?
শামীমা আক্তার: কী যে ভালো লাগছে, তা বলে বোঝাতে পারব না।
* প্রথমবারের মতো এসএ গেমসের বক্সিংয়ে খেলবে মেয়েরা। আপনাদের প্রস্তুতি কেমন চলছে?
শামীমা: সাড়ে চার মাস ধরে আমরা বক্সিং ফেডারেশনের আবাসিক ক্যাম্পে আছি। আমার সঙ্গের অনেকে এরই মধ্যে বাড়ি ফিরে গেছে। কিন্তু আমি এখনো টিকে আছি। নতুন যোগ দেওয়া অন্যরাও ভালো করছে। এসএ গেমসে আমার একটাই লক্ষ্য—দেশের হয়ে সোনা জেতা।
* প্রতিপক্ষদের সম্পর্কে কতটা জানেন?
শামীমা: কোচ এবং বড় ভাইয়ারা ইন্টারনেট থেকে বিভিন্ন দেশের বক্সিংয়ের ভিডিও ডাউনলোড করেন। ওগুলো দেখে অনুশীলন করি।
* এত খেলা থাকতে বক্সিংয়ের প্রতি ভালো লাগাটা জন্মাল কীভাবে?
শামীমা: অনেকটা শখের বশেই বক্সিংয়ে এসেছি। যশোরের পালবাড়িতে আমাদের বাড়ির পাশেই একটা বক্সিং ক্লাব আছে। সেখানে অন্য মেয়েরা এসে প্রতিদিন অনুশীলন করে। আমি ওদের অনুশীলন দেখতাম। একদিন কোচ স্যারকে বললাম, স্যার আমি খেলতে চাই। স্যার বললেন তোমার বাসা থেকে অভিভাবক ডেকে আনো। ওনারা অনুমতি দিলে খেলাতে পারি। বাসায় গিয়ে অনেক কষ্টে আম্মুকে রাজি করাই।
* অনেক কষ্টে কেন?
শামীমা: আমি বাবা-মায়ের একমাত্র সন্তান। ছোটবেলায় ছেলেদের সঙ্গেই ফুটবল, ক্রিকেট খেলেছি। পোশাকও পরতাম ছেলেদের মতো। আব্বু-আম্মু কখনো বাধা দেননি। তবে তাঁরা চাননি যে মারামারির খেলায় আসি। কিন্তু শেষ পর্যন্ত জেদ ধরেই বক্সিংয়ে। আমি খুবই দুষ্টু ছিলাম। গ্রামে এর গাছের লিচু, ওর গাছের আম-কাঁঠাল, পেয়ারা চুরি করে পাড়তাম। আমার নামে সবাই অভিযোগ দিত বাবার কাছে। বাবার হাতে কত যে মার খেয়েছি। বাবা ভাবতেন বাইরে গিয়েও যদি দুষ্টুমি করি। তবে এখন আর কেউ কোনো অভিযোগ করে না। মা সেদিন ফোনে এসব বলছিলেন আর কাঁদছিলেন।
*এসএ গেমসের আবাসিক ক্যাম্পে আছেন। মাকে ছেড়ে এর আগে কখনো বাড়ির বাইরে থেকেছেন?
শামীমা: না। গত বাংলাদেশ গেমসের সময় বাবা আমাকে রেখে গিয়েছিলেন ঢাকায়। কিন্তু বাবা যেতেই কান্না। ফোন করে বাবাকে বলি, তুমি আমাকে নিয়ে যাও। বাবা অর্ধেক পথ থেকে ফিরে এসে আমাকে নিয়ে গিয়েছিলেন।
* তাহলে তো ক্যাম্পে অনেক কষ্ট হচ্ছে থাকতে?
শামীমা: প্রথম যেদিন লাগেজ নিয়ে ক্যাম্পে উঠি, সেদিন অনেক কেঁদেছিলাম। কিন্তু রিংয়ে নামলে আবার কঠিন হয়ে পড়ি। শুধুই প্রতিপক্ষকে মারতে ইচ্ছা করে।
* বক্সিং খেলেন। স্কুলের বন্ধুরা কী বলে?
শামীমা: বক্সার হওয়ার জন্য স্কুলের বন্ধুরা, স্যাররা সবাই এখন চেনে আমাকে। ক্লাসে সবার আগে স্যার আমাকেই পড়া ধরেন। বলেন, বক্সার উঠে দাঁড়াও। পড়া বলো। স্কুলের সবাই আমাকে সাহায্য করে। এখন যেমন ক্যাম্পে আছি, পরীক্ষা শুরু হয়েছে ১ ডিসেম্বর। স্যার বলেছেন, আমি যদি মডেল টেস্টে ভালো করি, তাহলে এসএসসি পরীক্ষাও দিতে পারব।
* ক্যারিয়ার নিয়ে কী স্বপ্ন দেখেন?
শামীমা: আমি বাংলাদেশের লায়লা আলী হতে চাই। অনেক ওপরে ওঠার স্বপ্ন আমার। ভারতের বক্সার মেরি কম অলিম্পিকে ব্রোঞ্জ জিততে পারলে আমরা কেন পারব না! আমিও একদিন অলিম্পিকে খেলতে চাই, জিততে চাই পদক।