'রিভার্স সুইপে সবচেয়ে বাজে সাঙ্গাকারা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে
কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে
দুজনের বন্ধুত্বটা অনেক দিনের। টেস্টে সর্বোচ্চ রানের (৬২৪) জুটির রেকর্ডটির পাশেও আছে তাঁদের নাম। শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে মাহেলা জয়াবর্ধনে আর কুমার সাঙ্গাকারার এই যুগলবন্দী কিংবদন্তিতুল্য। জয়াবর্ধনের বিদায়ে রূপকথার একটা অধ্যায় শেষ হয়েছিল, এবার যাচ্ছেন সাঙ্গাকারাও। বন্ধুর বিদায়লগ্নে তাঁকে নিয়ে ক্রিকইনফোর সঙ্গে সাক্ষাৎকারে মনের দুয়ার খুলে দিয়েছেন মাহেলা জয়াবর্ধনে

*সাঙ্গাকারাকে প্রথম দেখে কেমন মনে হয়েছিল?
মাহেলা জয়াবর্ধনে: যতটুকু মনে পড়ে, স্কুল ক্রিকেটে প্রথম দেখা হয়েছিল। ওই সময়েও সে একটা চরিত্র ছিল। আমার মনে হয় না স্কুলে থাকতে সে ক্রিকেটার হওয়ার কথা ভেবেছিল। তখন এটা তার কাছে একটা মজার ব্যাপার ছিল। ট্রিনিটি কলেজের অনূর্ধ্ব-১৫ কিংবা অনূর্ধ্ব-১৭ দলের হয়ে যে যখন খেলত, তার সামনে কোনো লক্ষ্য ছিল বলে আমার মনে হয় না। ওই সময় সে হয়তো টেনিসটাই বেশি খেলতে চাইত, আর ইয়েহালির (সাঙ্গাকারার স্ত্রী) পেছনে ঘুরত। প্রথমবার শ্রীলঙ্কার ড্রেসিংরুমে গিয়ে মানিয়ে নেওয়া একটু কঠিন। প্রথম বছর সাঙ্গাকারাও নিশ্চিত ছিল না, ওটাই তার জায়গা কিনা। সে নিশ্চিত ছিল না উইকেটকিপার হিসেবে, নাকি শুধু ব্যাটসম্যান হিসেবে খেলবে। পায়ের নিচে মাটি খুঁজে পেতে এবং নিজে কতটা ভালো তা বুঝতে তার কিছুটা সময় লেগেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটা ম্যাচে প্রথমবার সে ৯০-এর বেশি রান করল। ওই ইনিংসটাই তাকে আত্মবিশ্বাস জুগিয়েছিল।
*সে কি ড্রেসিংরুমের চরিত্র ছিল?
জয়াবর্ধনে: অবশ্যই। সে সব জানে এবং সব কথাতেই তার নাক গলানো চাই, সেটা ঠিক হোক বা ভুল। মুরালির সঙ্গে যখন তার লাগত, তখন মজা হতো। কারণ মুরালিও সব জানত। রাজনীতি আর কত বিষয় নিয়ে যে ওদের মধ্যে তর্ক হতো! সাঙ্গাকারা এমনই। সে তর্কে কখনো হার মানতে চায় না। সে আইন নিয়ে পড়াশোনা করছিল, যদিও এখনো স্নাতক হয়নি। কিন্তু ড্রেসিংরুমেই সে আইনের অনুশীলন শুরু করেছিল। মজাই হতো। তাকে পেয়ে আমার খুব ভালো হয়েছিল, কারণ তখন ড্রেসিংরুমে সে-ই ছিল আমার বয়সী। আমি এমন একজনকে পেয়েছিলাম যার সঙ্গে আমার মেলে এবং যার সঙ্গে খেতে যেতে পারতাম।
*ক্যারিয়ারের প্রথম দিকে স্লেজিং করে বেশ কয়েকবার জরিমানাও দিয়েছিলেন তিনি। কোনো ঘটনার কথা মনে পড়ে?
জয়াবর্ধনে: কাউকে আউট করার আগ পর্যন্ত সে স্লেজিং করে যেতে পারত। বেশির ভাগ সময় সাঙ্গাকারাই জিতত। ফলে অনেকেই বুঝল যে ওর সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে লাভ নেই। আমার মনে পড়ে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০২ সালের সিরিজে অনেক কথার লড়াই হয়েছিল। শুরুটা দক্ষিণ আফ্রিকাই করেছিল। আমাদের হয়ে সাঙ্গাকারা একাই লড়ে গেল। যেভাবে সে পোলক, বাউচার আর গিবসদের পেছনে লেগেছিল সেটা দেখে খুব মজা পেয়েছিলাম। ঠিক হোক বা ভুল, সে দলের হয়ে লড়ে যায়। তখন তার ভেতর থেকে আইনজীবী সত্তা বেরিয়ে আসে।
*তাঁর কোন ব্যাপার নিয়ে আপনারা মজা করতেন?
জয়াবর্ধনে: আমরা তার উচ্চারণ নিয়ে মজা করতাম। বিশেষ করে বিদেশ সফরে সে যেভাবে মানুষের সঙ্গে কথা বলে, সেটা নিয়ে। আবার শ্রীলঙ্কায় সে আমাদের সঙ্গে যখন কথা বলে, তখন মোটেই ও রকম নয়।
*ওর এমন কোনো ইনিংস দেখে কি আপনার মনে হয়েছিল সে বিশেষ ধরনের খেলোয়াড়?
জয়াবর্ধনে: হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে (২০০৭ সালে) ওর সেঞ্চুরিটার কথা বলব। খুব খারাপ অবস্থা থেকে সে আমাদের ম্যাচটা প্রায় জিতিয়ে দিচ্ছিল। কঠিন কন্ডিশনে সে সব সময় ভালো ব্যাট করে। পাকিস্তানে বেশ কয়েকবার শেষ পর্যন্ত ব্যাট করেছে।
*ওর কাছ থেকে কি কিছু শিখেছেন আপনি?
জয়াবর্ধনে: বিদেশের মাঠে খেলার আগে সে যেভাবে অনুশীলন করে, মানসিকভাবে যেভাবে নিজেকে তৈরি করে, যেভাবে পরিকল্পনা করে নামে, সেগুলো আমি ওর কাছ থেকে শিখেছি।
*এমন কোনো ম্যাচের কথা মনে পড়ে, যখন অন্য প্রান্তে তাঁকে পাওয়ায় আপনি কঠিন একটা স্পেল পার করে দিতে পেরেছেন?
জয়াবর্ধনে: অনেকবার এটা হয়েছে। ২০০৬ সালে লর্ডসের কথা মনে পড়ছে। আমরা দুজন একসঙ্গে ম্যাচ বাঁচাতে ব্যাট করছিলাম। অ্যান্ড্রু ফ্লিনটফ আর জেমস অ্যান্ডারসন বল করছিল। সাঙ্গাকারা খুব ভালো বল দেখছিল। ওর তখন ৬০-এর মতো রান, কিন্তু ভালো খেলছিল। আমি স্ট্রাইকই পাচ্ছিলাম না। সে আমাকে সময় দিল সেট হতে। একসময় ও আউট হয়ে গেল। কিন্তু আমি সেঞ্চুরি করলাম।
*কখনো কি তাঁকে আউট হয়ে যেতে দেখে বিরক্ত হয়েছেন?
জয়াবর্ধনে: প্রথমেই বলি ভারতের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালের কথা। যুবরাজ সিংকে কাট করতে গিয়ে আউট হয়ে গেল। সে সব বোলারকেই ভালো খেলছিল, ৪০-এর মতো রান করল। কিন্তু যুবরাজের মতো এক খণ্ডকালীন বোলারের হাতে আউট হলো। আমি খুবই বিরক্ত হয়েছিলাম। সেও সেটা বুঝতে পেরেছিল। আউট হয়ে আমার পাশ দিয়ে যাওয়ার সময় মাথা নিচু করে ছিল।
*আপনারা যদি একে অন্যকে মিডল অর্ডারে সঙ্গী হিসেবে না পেতেন, তাহলে কি এত রান করতে পারতেন?
জয়াবর্ধনে: আমাদের জুটিটা বোলিং আক্রমণকে কিছুটা চাপে তো রাখতই, নিজেদের জন্যও কাজে দিত। হয়তো অনেক রান করার এটাও একটা কারণ।
*তাঁর ক্রিকেটের কোন দিকটা আপনার পছন্দ ছিল না?
জয়াবর্ধনে: ওর সুইপ আর রিভার্স সুইপ। রিভার্স সুইপে সবচেয়ে বাজে সাঙ্গাকারা। সুইপে সে ভালো ছিল, কিন্তু ওটা খেলার জন্য নিজেকে তৈরি করেনি।
*আপনারা দুজনে মিলে ব্যবসা এবং আরও অনেক কিছু করছেন। সাঙ্গাকারার তো সব সময় দেরি করে আসার বদনাম আছে। তাঁর দেরি হলে তখন কী করেন?
জয়াবর্ধনে: গত কয়েক বছরে আমি এতে অভ্যস্ত হয়ে গেছি। আমি তো মজা করে বলি যে, ওর এত দামি দামি সব ঘড়ি। কিন্তু সে সময়টাই রাখতে পারে না। আমি কখনো তাকে কোথাও আসতে বললে আধঘণ্টা হাতে রেখে বলি। তার পরও সে ১০ মিনিট দেরি করে আসে। তবে ৪০ মিনিটের বদলে আমাকে ১০ মিনিট অপেক্ষা করতে হয় আর কী!