'রেফারি জোর করে হারিয়েছেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ালী ফয়সাল
ওয়ালী ফয়সাল

চীনের ইউনান প্রদেশে আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলতে গেছে বাংলাদেশ। কিন্তু চাপে পড়ে গেছে প্রথম দুই ম্যাচে হেরেই। সেখানকার সবকিছু নিয়ে মুঠোফোনে কথা বললেন কালকের ম্যাচের ভারপ্রাপ্ত অধিনায়ক ওয়ালী ফয়সাল
* চীনের এই টুর্নামেন্টে বাংলাদেশ দল কেমন খেলছে?
ওয়ালী ফয়সাল: প্রথম ম্যাচে মিয়ানমারের সঙ্গে দুবার এগিয়ে গিয়েও জয় আসেনি। দল ভালোই খেলেছে। আজ (কাল) আরও ভালো ম্যাচ খেললাম, কিন্তু রেফারি জিততে দিল না। একরকম জোর করেই তিনি আমাদের হারিয়ে দিলেন।
* তার মানে খুব বাজে রেফারিং হয়েছে?
ওয়ালী: অনেক বাজে রেফারিং। স্থানীয় দলকে জেতাতে যেন মরিয়া হয়ে উঠেছিলেন চীনেরই রেফারি। আমাদের বিরুদ্ধে অহেতুক বাঁশি বাজিয়েছেন, বক্সের আশপাশে বেশ কয়েকটি ফ্রি-কিক দিয়েছেন। নিরপেক্ষ রেফারিং হলে এই ম্যাচ আমরা হারতাম না।
* রেফারিং সমস্যা একপাশে রেখে যদি বলেন ম্যাচে দলের সমস্যা ছিল কোথায়?
ওয়ালী: সমস্যা বলতে দু-তিনটি ভালো সুযোগ এসেছিল। ওগুলো কাজে লাগাতে পারলে রেজাল্ট আসতে পারত। ৫৫ মিনিটে রাজু লাল কার্ড দেখার পর ১০ জন নিয়েও আমরা ম্যাচে ফিরে এসেছিলাম। জীবন মিস করেছে ভালো জায়গায় বল পেয়েও। ওর অভিজ্ঞতা কম। তবে সে আস্তে আস্তে আরও ভালো খেলবে এবং আমরা ম্যাচ জিতব আশা করি।
* আপনি আজ হঠাৎ দলে এলেন, তারওপর অধিনায়ক!
ওয়ালী: হ্যাঁ, আমি নিজেই একটু অবাক। লোপেজের অধীনে আগের চার ম্যাচে সুযোগ পাইনি। বেঞ্চে বসে থাকতে খারাপ লাগত। আজ কী মনে করে কোচ দলে রাখলেন কোচই ভালো বলতে পারবেন। আমি চেষ্টা করেছি ভালো খেলতে। আশা করি, এরপর থেকে নিয়মিত সুযোগ পাব।
* কোচ বলেছেন, মামুনুলের নাকি রাতে হালকা জ্বর এসেছিল। তাই একাদশের বাইরে রেখে দ্বিতীয়ার্ধে নামিয়েছেন।
ওয়ালী: জ্বর কি না বলতে পারব না। কোচ কেন তাঁকে একাদশে রাখেনি তিনিই বলতে পারবেন। তবে এটা বলতে পারি, মামুনুল শুরু থেকে থাকলে এই ম্যাচটা আমরা হারতাম না। সে খেললে মাঝমাঠে অন্যরা উজ্জীবিত থাকে। মামুনুল অনেক দিন ধরেই বাংলাদেশ দলের মাঝমাঠের প্রাণ। আসলে কোচ কাকে একাদশে রাখবেন পুরোপুরিই তাঁর এখতিয়ার।
* কোচ তো সাফের জন্য দলে পরীক্ষা-নিরীক্ষা করছেন। এটাকে কীভাবে দেখছেন?
ওয়ালী: এ ব্যাপারে কিছু বলার নেই আমার। ওই যে আগেই বললাম, দল গড়ার ব্যাপারটা পুরোপুরিই কোচের ওপর নির্ভর করছে। আমরা যারা খেলোয়াড়, আমাদের কাজ হলো কোচ সুযোগ দিলে তাঁর মন জয় করা।
* আপনি বলছিলেন চীনের লিজিয়ান ক্লাবের সঙ্গে ভালো খেলছে বাংলাদেশ। আপনাদের খেলা দেখে স্থানীয় লোকজনের প্রতিক্রিয়া কেমন?
ওয়ালী: এখানকার লোকজন ইংরেজি বলতে পারে না। এটা একটা বড় সমস্যা। খাওয়াদাওয়ার সমস্যা, ইন্টারনেট সংযোগ পাওয়া ভাগ্যের ব্যাপার। কোনো তথ্য পাওয়া যায় না। সবকিছু মিলিয়ে একটা আজব টুর্নামেন্টই হচ্ছে। তবে লিজিয়ানের বিপক্ষে আমাদের খেলায় স্থানীয়দের অখুশি হওয়ার কথা নয়, এটা বলতে পারি।
* অন্য দলগুলোকে কেমন দেখছেন?
ওয়ালী: সবাই ভালো দল। চীনের যে দুটি দল আছে আমাদের গ্রুপে, তার একটির সঙ্গে খেললাম। অন্য দলটি হেবেই, তারাও বেশ শক্তিশালী। ওদের সঙ্গে মঙ্গলবার খেলব আমরা। চেষ্ট করব ম্যাচটা বড় ব্যবধানে জিতে টুর্নামেন্টে টিকে থাকতে।