>

অক্টোবরে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে কামরুল ইসলামের টেস্ট অভিষেকটা মোটেই মনে রাখার মতো কিছু হয়নি। পর পরই নিউজিল্যান্ড সফরটা গেছে দারুণ। আগামী মাসে ভারতের সঙ্গে একমাত্র টেস্টে সুযোগ পেলে কিউইদের বিপক্ষে পাওয়া আত্মবিশ্বাসটা কাজে লাগাতে চান। কাল বিসিবি একাডেমি ভবনে দাঁড়িয়ে কথা বললেন ৪ টেস্ট খেলা এই পেসার
* ভারত সফর নিয়ে আপনার প্রত্যাশা কী?
কামরুল ইসলাম: নিউজিল্যান্ডের কন্ডিশন আমাদের জন্য ভিন্ন ছিল। কিন্তু ভারতে সেটা থাকবে না। আমাদের সঙ্গে ওখানকার কন্ডিশনের অনেক মিল। চোটে পড়া আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়েরা দ্রুত সেরে উঠলে আশা করি ভারতে ভালো করতে পারব।
* নিউজিল্যান্ডের অভিজ্ঞতা ভারতের মতো চেনা কন্ডিশনে কতটা কাজে দেবে?
কামরুল: নিউজিল্যান্ডে পেসারদের জন্য সুযোগ ছিল। তবে সেখানে সাফল্য পেতে ভালো বোলিংও করতে হয়েছে। স্পিনারদের মধ্যে সাকিব ভাই সেখানে ভালো করেছেন। ব্যাটসম্যান বুঝে বোলিং করতে পারলে যেকোনো কন্ডিশনে ভালো করা যায়। নিউজিল্যান্ডে যেভাবে বোলিং করেছি, আমার আত্মবিশ্বাসটা বেড়েছে। ভারতের বিপক্ষে সুযোগ পেলে ভালো করার চেষ্টা করব।
* ২০১৫ সালে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারতে খেলতে গিয়েছিলেন। ওখানকার উইকেট সম্পর্কে একটা ধারণা নিশ্চয়ই আছে।
কামরুল: উইকেট বলেন, কিংবা আবহাওয়া, পরিবেশ, খেলোয়াড়দের গড়ন সবকিছুতেই তাদের সঙ্গে আমাদের মিল আছে। তবে ভারত খুবই শক্তিশালী দল। ওদের অনেক পারফরমার আছে। ভারতের সঙ্গে ভালো করাটা তাই সহজ হবে না। যদিও আমাদের অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। আন্তর্জাতিক ক্রিকেটের অনেক রেকর্ড তাদের অধিকারে। যেকোনো সংস্করণে লম্বা ইনিংস খেলার সামর্থ্যও আছে। আমরা যদি সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, ভারতে ভালো ফল করতে পারব আশা করি।
* নিউজিল্যান্ডের খেলোয়াড়দের সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে আপনার?
কামরুল: ট্রেন্ট বোল্টের সঙ্গে হয়েছে। ও যখন আমাকে বোলিং করছিল, বলছিল, তুমি আলতোভাবে ডিফেন্স করতে পারো। যখন বাউন্ডারি মারছিলাম, বলছিল, তুমি আক্রমণাত্মকও খেলতে পারো দেখি! মাঠের বাইরে কেন উইলিয়ামসনের সঙ্গে কথা হয়েছিল। সে আমাকে বলেছে, তোমার অ্যাকশনটা একটু ভিন্ন। সামনে না পেছনে বল করছ বুঝতে একটু অসুবিধা হয়েছে। ওকে বলেছি, আমার লক্ষ্য ছিল তোমার উইকেটটা নেব। কীভাবে তোমার উইকেট নেওয়া যায় সারা রাত ভেবেছি! উইলিয়ামসন জিজ্ঞেস করল, তা আমার কী দুর্বলতা খুঁজে পেলে? সরাসরি ওকে বললাম, তুমি অফ স্টাম্পের ওপরে আউট সুইংয়ে দুর্বল আছ। সে বলল, তুমি ঠিক ধরেছ। এই যে একজন ব্যাটসম্যানকে পড়তে পেরেছ, এটা ভবিষ্যতে তোমার কাজে লাগবে।
* নিউজিল্যান্ডের সঙ্গে উইলিয়ামসনের উইকেটটা পাওয়ার লক্ষ্য ছিল। যদি সুযোগ পান, ভারতের বিপক্ষেও কি এমন কোনো লক্ষ্য থাকবে? বিশেষ করে, বিরাট কোহলির উইকেট...
কামরুল: বিরাট কোহলি বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। বড় ব্যাটসম্যানের উইকেট নেওয়ার লক্ষ্য সব বোলারেরই থাকে। যখন খেলা শুরু করি, স্বপ্ন দেখতাম, জীবনে একবার যদি শচীন টেন্ডুলকারের উইকেট পেতাম, অনেক বড় পাওয়া হতো সেটা। আমি জাতীয় দলে আসার আগেই তিনি অবসর নিয়ে ফেলেছেন। এবার লক্ষ্য থাকবে কোহলির উইকেট।