
কদিন আগে বিতর্কিতভাবে বাদ পড়েছিলেন শৃঙ্খলাজনিত ব্যাপারে। দলের জন্য অপরিহার্য বলেই ফেরানো হয়েছে দ্রুতই। মাঠে নেমেই সেটার প্রমাণ দিলেন। নিলেন ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট। পরে সংবাদ সম্মেলনে এসে তিনাশে পানিয়াঙ্গারা কাথাবার্তায় বুঝিয়ে দিলেন, শুধু ভালো পেসারই নন, বেশ মজার চরিত্রও
এই উইকেটে ৫ উইকেট, এতটা আশা করেছিলেন?
তিনাশে পানিয়াঙ্গারা: নাহ্...আমি চেয়েছি প্রথম দিন বিকেলে যেমন বোলিং করেছি, তার চেয়ে ভালো বোলিং করতে। ৫ উইকেট পাওয়া তাই বোনাস বলতে পারেন। তবে ৫ উইকেট তো ৫ উইকেটই। বিশেষ করে টেস্টে ৫ উইকেট সব সময়ই বিশেষ কিছু।
আকাশ মেঘলা ছিল, আবহাওয়া গুমোট—এসব থেকে কতটা সাহায্য পেয়েছেন?
পানিয়াঙ্গারা: সত্যি বলতে, খুব বেশি নয়। এমনকি সকালেও খুব একটা সহায়তা পাইনি। সুইং খুব বেশি ছিল না। মেঘলা আকাশ দেখে ভেবেছিলাম সাহায্য পাব। তেমনটা হয়নি।
আজকে (গতকাল) আপনাদের পরিকল্পনা কী ছিল?
পানিয়াঙ্গারা: মূল পরিকল্পনা ম্যাচ জেতা। প্রথম ইনিংসে ২৪০ রানে অলআউট হয়ে যাওয়ার পর কাজটা কঠিন হয়ে গেছে। বোলিংয়ে আমরা ম্যাচে ফিরেছি। তবে এখনো দুই দলেরই ভালো সম্ভাবনা আছে। আশা করি, স্কিলের প্রদর্শনী আমরা বাংলাদেশের চেয়ে এখন ভালো দেখাতে পারব।
কদিন আগে ত্রিদেশীয় সিরিজে মিচেল জনসনের ভীতিকর বোলিংয়ের ভিডিও সতীর্থদের ফোনে পাঠানোর দায়ে নিষিদ্ধ করা হয়েছিল আপনাকে। দলে ফিরেই ৫ উইকেট পাওয়া কি সাফল্যটাকে আরও মধুর করে তুলেছে?
পানিয়াঙ্গারা: ৫ উইকেট সব সময়ই মধুর। সব সময়ই দারুণ অনুভূতি, সেটা আগে থেকেই দলে থাকি অথবা দলে ফিরি। ফেরা-টেরা ভাবছি না। আমি দারুণ খুশি।
টেলএন্ডারদের আজ বাউন্সার তো ভালোই দিলেন, জনসনের মতো হয়ে ওঠার ইচ্ছে আছে?
পানিয়াঙ্গারা: আহা, ওর মতো গতি যদি আমার থাকত! আসলে অনুপ্রেরণার কিছু নেই। ওরা টেলএন্ডার, ওদের বিপক্ষে কিছু বাউন্সার দিতেই হয়। বাউন্সার টেলএন্ডারদের প্রাপ্য।
৫ উইকেটে কোনটি সবচেয়ে বেশি তৃপ্তি দিয়েছে?
পানিয়াঙ্গারা: তামিম আর মুশফিকের উইকেট। বছরের পর বছর ওরা শক্ত প্রতিপক্ষের বিপক্ষে রান করেছে। বাংলাদেশের জন্যও ওরা দুজন খুব গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। ওদের ফেরাতে পারা ছিল দারুণ। তবে কাজ মাত্র অর্ধেক সারা হলো। আবার ওদের আউট করতে হবে। ওরা ভালো ক্রিকেটার, নিশ্চয়ই চাইবে ভুল শোধরাতে। পরের ইনিংসে তাই আরও ভালো করতে হবে আমাদের।
* কত লক্ষ্য দিতে চান বাংলাদেশকে?
পানিয়াঙ্গারা: ৯০০!
৯০০ রান কি যথেষ্ট হবে?
পানিয়াঙ্গারা: আশা তো করি! আসলে আমাদের নিশ্চিত করতে হবে যেন ওদের চাপে ফেলতে পারি। জানি না ভালো স্কোর কত। ১০০ রান করেও ওদের আটকাতে পারলে তা ভালো স্কোর, না পারলে ৪০০-ও ভালো স্কোর নয়। রান যতই করি, ওদের ১০ উইকেট নিতে হবে। ব্যস।