'লম্বা থ্রো শেখাব ছেলেদের'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলাল আহমেদ
বেলাল আহমেদ

ঢাকার মাঠে লম্বা থ্রো করে পরিচিতি পেয়েছিলেন। কিন্তু একসময় পাড়ি জমান লন্ডনে। সেখান থেকে ছয় বছরের প্রবাস জীবন শেষে আবার ফুটবলে ফিরে এলেন বেলাল আহমেদ। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে কথা বললেন অতীত-বর্তমান নিয়ে
 আরে বেলাল, আপনি হঠাৎ...?
বেলাল আহমেদ: (চওড়া হাসি) আমি তো আবার ফুটবলে ফিরে এলাম। এই যে অনূর্ধ্ব-১৮ ক্লাব ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, আমি মুক্তিযোদ্ধা টিমে ট্রেনার হিসেবে যোগ দিয়েছি। মানিক ভাই (মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম) বললেন, দেশে আছ যখন ফুটবলের জন্য কাজ করো।
 আপনি লন্ডন চলে গিয়েছিলেন। তা ফিরলেন কবে?
বেলাল: গত বছর এপ্রিলে ফিরেছি। আর যাওয়ার ইচ্ছে নেই। দেশে এসে বিয়ে করেছি। টুকটাক ব্যবসাও করছি। তবে এখন থেকে ফুটবলেও কাজ করব।
 ফুটবলে ফিরবেন ভাবতে পেরেছিলেন?
বেলাল: সব সময় ভাবতাম আবার ফুটবল অঙ্গনে ফিরব। যেখানেই ছিলাম ফুটবল খুব মিস করেছি। মন চাইত দেশে চলে আসি। কিন্তু নানা কারণে আসা হয়নি।
 আপনাকে দেখে তো সেই লম্বা থ্রোর কথা মনে পড়ে গেল। একসময় আপনি ঢাকার মাঠে লম্বা থ্রো করার জন্য অনেক পরিচিতি পেয়েছিলেন...
বেলাল: সেসব দিনগুলো অনেক মনে পড়ে। ঢাকার মাঠে লম্বা থ্রো করে পরিচিতি পাওয়া আলমগীর ভাইও আমাকে স্বীকৃতি দিয়েছিলেন। এখনকার ছেলেরাও লম্বা থ্রো করায় আমার সঙ্গে পারবে না। ভাবছি এখন আবার লম্বা থ্রো করার প্র্যাকটিস করব। আমার থ্রোর রেকর্ডটায় আপনারা কিন্তু একটু সাহায্য করতে পারেন।
 কীভাবে?
বেলাল: ইউটিউবে দেখলাম একটা থ্রো আছে। সেটাকে ফ্লিক থ্রো বলে। সোজা জাম্প করে এই থ্রো করা হয়েছে। আমার থ্রো তো আপনারা দেখেছেন, আমি কিন্তু মাঝমাঠ থেকে থ্রো করে গোলপোস্টে নিয়েছি। এটার ভিডিও ক্যাসেট আমি কার কাছ থেকে পেতে পারি? ওটা পেলে আমার খুব উপকার হয়।
 আপনি ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি তখনকার কোনো ভিডিও থাকে...
বেলাল: ওই ভিডিও আমার খুব দরকার। তা ছাড়া ইস্টবেঙ্গলের সঙ্গে যে ম্যাচ খেলেছিলাম, কলকাতার এক টিভির ‘এক মিনিটের নিউজ’ অনুষ্ঠানে আমার থ্রো দেখিয়েছিল। ওই থ্রো আমি এখন সবাইকে দেখাতে চাই।
 ঢাকায় এমন পরিচিতি রেখে লন্ডনে চলে গিয়েছিলেন কেন?
বেলাল: ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার আসার পর খেলাধুলা হচ্ছিল না ঠিকমতো। রাজনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কী করব, কী করা যায়...ভাবতে ভাবতে ওই বছর লন্ডন চলে যাই। আবার পরিস্থিতি ভালো হয়ে গেলেও আমার ফেরা হয়নি। আমারই ব্যাডলাক।
 ফুটবল নিয়ে কোনো পরিকল্পনা?
বেলাল: ‘সি’ লাইসেন্সের জন্য কাগজপত্র জমা দিয়েছি ফেডারেশনে। ওই কোর্সটা করব। স্বপ্ন আছে, কোনোভাবে যদি গিনেস বুকে নাম ওঠাতে পারি। পাশাপাশি লম্বা থ্রো শেখাতে চাই ছেলেদের।
 লন্ডনে বাংলাদেশিরা আপনাকে চিনত?
বেলাল: অনেকেই দেখে বলত, আরে বেলাল, তুমি এখানে! শেষবার মোহামেডানে খেলে লন্ডন যাওয়ার পর জীবনটাই গেল বদলে। কখনো জাতীয় দলে খেলা হয়নি। তবে অনূর্ধ্ব-২০ জাতীয় দল দিয়েই আমার উত্থান। ২০০০ থেকে মানিক ভাইয়ের হাত ধরে আমার পরিচিতি। তাঁর অধীনে মুক্তিযোদ্ধায় খেলে সবচেয়ে বেশি নজর কেড়েছিলাম। তাই মানিক ভাইয়ের সঙ্গে সব সময় যোগাযোগ রাখতাম।