>

যেখানেই যাচ্ছেন, সবার মুখেই একটা প্রশ্ন। চ্যাম্পিয়ন হতে পারবেন? এরই মধ্যে রহমতগঞ্জকে প্রিমিয়ার লিগ টেবিলে সবার ওপরে নিয়ে সে পথে পা ফেলেছেন কামাল বাবু। রহমতগঞ্জ কোচের মুখেই শোনা যাক তাঁর দলের অগ্রযাত্রার রহস্য
*এবার লিগ শুরুর আগে আপনি বলেছিলেন রহমতগঞ্জ শিরোপা লড়াইয়ে থাকবে। শুনে অনেকে ভ্রু কোঁচকান। কী ভেবে এতটা সাহসী উচ্চারণ করেছিলেন?
কামাল বাবু: খেলোয়াড়েরাই আমার শক্তি। ওদের আমি জানি, চিনি। খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে পারি খুব ভালো। ফুটবলে পরিশ্রম আর পরিশ্রমই শেষ কথা। আমার তাই বিশ্বাস ছিল লিগে ফাইটে থাকব।
*নয় ম্যাচে ৫ জয়, ৪ ড্র আপনার দলের। শেখ জামালের সঙ্গে সমান ১৯ পয়েন্ট নিয়ে গোলগড়ে রহমতগঞ্জই সবার ওপরে। এর পেছনে কোন বিষয়টিকে এগিয়ে রাখবেন?
বাবু: আমার ম্যাচ রিডিং অন্যদের চেয়ে ভালো। যেকোনো পর্যায়ের ফুটবলেই খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক অন্যদের চেয়ে আমার বেশি। সে আমার দলে খেলুক বা না খেলুক। খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করার ক্ষমতাই আমাকে এগিয়ে নিচ্ছে।
*ঢাকার ফুটবলে মাঝারি কোনো দলের লিগ চ্যাম্পিয়ন হওয়ার নজির নেই। রহমতগঞ্জও নিজেদের ইতিহাসে এই প্রথম লিগ টেবিলের শীর্ষে। তো এটা ধরে রেখে লেস্টার সিটি হতে পারবেন?
বাবু: ২২ ম্যাচের লম্বা লিগে চ্যাম্পিয়ন হতে পারব কি না জানি না। গতবার ১০ নম্বর হয়ে কোনোরকমে অবনমন এড়িয়েছি। তবে হ্যাঁ, আমি খেলোয়াড়দের লেস্টার সিটির কথা বলি ব্রিফ করার সময়। ইংল্যান্ডের মতো দেশে বাঘা বাঘা দলকে লেস্টার হারাতে পারলে আমরা কেন নই?
*কিন্তু আবাহনী-শেখ জামালের মতো দলগুলোকে টপকে লিগে চ্যাম্পিয়ন হওয়া তো কঠিন?
বাবু: দেখুন, ওরা নামে বড়, সাইনবোর্ড বড়। কিন্তু খেলায় কি বড়? আবাহনীর মতো দল আমাদের সঙ্গে জিততে পারেনি। ২-২ ড্র। ওই ম্যাচে একজন বিদেশি নিয়ে খেলেছি। চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছি, শেখ জামালের সঙ্গে ড্র করেছি। কাউকে বড় ভেবে নিজেকে গুটিয়ে রাখব কেন?
*তৃণমূল থেকে সর্বোচ্চ স্তরে আপনার সাফল্য আছে। কিন্তু আপনাকে কখনো কাজে লাগায়নি ফুটবল ফেডারেশন। খারাপ লাগে না?
বাবু: আমি ওসব নিয়ে ভাবি না। আমি ভাবি সাফল্য পেতে হবে। শেখ রাসেলকে তৃতীয় বিভাগ থেকে প্রিমিয়ারে আমি তুলেছি, দীপালি যুব সংঘকে ১৮ মাসে তৃতীয় বিভাগ থেকে তুলে এনেছি শীর্ষ স্তরে। আমার কোচিংয়ে সানরাইজ তৃতীয় বিভাগ থেকে প্রথম বিভাগে এসে রানার্সআপ হয়। জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ ফুটবলে আমার অধীনে ঢাকা জেলা টানা তিনবার চ্যাম্পিয়ন। এগুলোই আমার কাছে আনন্দের।
*ফুটবলে একটা কথা প্রায়ই শোনা যায়, জাতীয় দলকে কামাল বাবুর টিমের সঙ্গে খেলিয়ে দাও এবং জাতীয় দল হারবে। রহস্যটা কী?
বাবু: জাতীয় দলকে আমার দল বা আমার মনোনীত একাদশ ছয় ম্যাচে চারবার হারিয়ে বাকি দুবার ড্র করেছে। আমি আসলে সামনে কারা সেটা দেখি না। জিততে নামি। এবং কিছু টেকনিক আছে, সেগুলো প্রয়োগ করি।
*অনেকে মজা করে আপনাকে এখন বাংলাদেশের হোসে মরিনহো বলে। এটা কেমন লাগে? আপনার ছোটবেলা কেমন ছিল?
বাবু: মজা করে কেউ কিছু বললে ভালোই লাগে। আর আমার জন্ম কুমিল্লায়। তবে বড় ভাইয়ের হাত ধরে বড় হয়েছি পুরান ঢাকার হাজি ওসমান গনি রোডে, অর্থাৎ আলুবাজারে। ওয়ারী, বিআরটিসি, ধানমন্ডি, ফরাশগঞ্জে খেলে কোচ হয়েছি।