'শিখেছি ধৈর্য ধরতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরিতে দুজনের মিল। পাল্লা দিয়ে রান তোলার সময় কখনো কখনো শট খেলায়ও মিল খুঁজে পাওয়া গেল তামিম ইকবাল ও ইমরুল কায়েসের l শামসুল হক
সেঞ্চুরিতে দুজনের মিল। পাল্লা দিয়ে রান তোলার সময় কখনো কখনো শট খেলায়ও মিল খুঁজে পাওয়া গেল তামিম ইকবাল ও ইমরুল কায়েসের l শামসুল হক

উদ্বোধনী জুটিতে ২২৪ রানের নতুন রেকর্ড। সেঞ্চুরি করেছেন দুজনই। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনেও এলেন একসঙ্গেই। সংবাদ সম্মেলনে সেঞ্চুরিয়ান তামিম ইকবালের কথাবার্তার চৌম্বক অংশ

অনেক দিন পর সংবাদ সম্মেলনে আসা প্রসঙ্গে
তামিম ইকবাল: কথা না বলা আসলে ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। এটা ব্যক্তিগত একটা ব্যাপার। কিন্তু ওই রকম কিছুই না। আন্তর্জাতিক ক্রিকেট খেললে একসময় না একসময় তো কথা বলতেই হতো। ব্যক্তিগত কারণেই আমি চেষ্টা করেছি কয়েকটা দিন একটু এড়িয়ে যাওয়ার।
খুলনা ও চট্টগ্রামে দুই রকম ইনিংস
তামিম: খুলনারটায় বেশি পরিশ্রম করতে হয়েছে। উইকেট দেখতে খুব ফ্ল্যাট মনে হলেও ব্যাটিং করার জন্য খুব সহজ ছিল না। খুব পরিশ্রম করে ওই ইনিংসটা খেলতে হয়েছে। দুটি দুই রকম ইনিংস। আজ (গতকাল) হয়তো বা অনেকগুলো বাউন্ডারি মারার বল পেয়েছি, যেটা খুলনায় পাইনি।
সঙ্গী হিসেবে ইমরুল কায়েসকে পাওয়ায় কাজটা সহজ হয়েছে কি না
তামিম: আমি যার সঙ্গেই ইনিংস শুরু করি, তার সঙ্গেই একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। ইমরুলের সঙ্গে আমার উদ্বোধনী জুটিটা খুব ভালো হয়। এর আগেও বোধ হয় আমাদের রেকর্ড ছিল, এবারও হয়েছে। আমিও ওর খেলাটা বুঝি, সে আমার খেলাটা বোঝে। মাঝখানে যদি একটু কথা বলা যায়, তাহলে কাজটা সহজ হয়ে যায়। পরিকল্পনা করে খেলা যায়। ওর সঙ্গে ব্যাটিং করাটা অনেক উপভোগ করি।

নিজের মাঠে সেঞ্চুরি
তামিম: কয়েক দিন ধরে আমি কোচদের বলছিলাম, এই মাঠে সেঞ্চুরি করতে চাই। কারণ সবাই তার নিজের মাঠে অন্তত একটা সেঞ্চুরি করতে চায়। আমি এক-দুবার কাছাকাছি গিয়েও সেটা করতে পারিনি। শেষ পর্যন্ত করতে পেরে অনেক খুশি লাগছে। সামনে যদি সুযোগ পাই, আশা করি আবার আরেকটা করব।
আপনার আর ইমরুলের জুটি সব সময় ভালো হয়। সেটা কি কাজ করে মাথায়?
তামিম: ব্যাটিং করার সময় তো আসলে পরিসংখ্যান মনে থাকে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সঙ্গী যদি আপনার খেলার ধরনটা বোঝে। ব্যাটিংয়ে অনেক সময় তাড়াহুড়ার ভাব চলে আসে। তখন সঙ্গী আপনাকে শান্ত করে দিলে অনেক সুবিধা হয়। যে রকম আমার আজ (গতকাল) একটা সময়ে হচ্ছিল, তখন ও আমাকে শান্ত করে দিয়েছে। বা ওর কোনো সময় সেটা হলে আমি চেষ্টা করি শান্ত করে দেওয়ার। সবকিছু মিলিয়েই একটা জুটি হয়।
অনেক প্রতীক্ষার পর সেঞ্চুরি পাওয়ার অনুভূতি
তামিম: ক্রিকেটে আমরা সব সময় শুধু চেষ্টাই করতে পারি। মাঝে মাঝে ফল পাওয়া যায়, মাঝে মাঝে যায় না। আপনাকে ধৈর্য ধরতে হবে। অনেক সময় সব চেষ্টা করেও ব্যর্থ হবেন, আবার কখনো কখনো আপনি কোনো চেষ্টা না করেও সাফল্য পাবেন। একটু ধৈর্য ধরতে হবে, এই সময়ে আমি এই জিনিসটাই শিখতে পেরেছি। আর আমি মন থেকে মুশফিককে ধন্যবাদ দিতে চাই। বাজে সময়ে সে আমাকে সব সময় সমর্থন দিয়েছে। কোচকেও ধন্যবাদ দেব। উনি নতুন এসেছেন। যখন আসেন, তখন আমি খুব একটা ভালো খেলছিলাম না। তার পরও উনি আমার পাশে থেকেছেন। আমাকে কয়েকটা কথা বলেছেন, যেগুলো হয়তো আমি আপনাদের বলতে পারব না। খারাপ সময়ে অনেক কথায়ও কিন্তু অনেক উন্নতি হয়ে যায়।
উইকেটে গিয়ে বেশি সময় থাকা প্রসঙ্গে
তামিম: আমি কয়েকটা ম্যাচে ভুল করেছি। প্রথম বল থেকে আক্রমণ করার চেষ্টা করছি। তখন হয়তো সেটাতে ব্যর্থ হয়েছি। এরপর ভাবলাম মৌলিক কাজগুলোই করি। যত বেশি সময় সম্ভব পিচে থাকতে চাইলাম। উইকেটের মাঝখানে থাকা ছাড়া তো এই জিনিসটা পরিবর্তন করতে পারব না। সেটারই ফল পাচ্ছি।
৬টি টেস্ট সেঞ্চুরির মধ্যে কোনটা এগিয়ে
তামিম: ছয়টাই সমান গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্রিকেটে আমি কখনো পুরো এক দিন ব্যাটিং করিনি, খুলনায় যেটা করেছি। কোনো দিন চিন্তা করিনি পুরো এক দিন ব্যাটিং করে আমি ৭৫ রান করব। অন্তত এক শ রান তো করব, এটাই আশা করতাম। ওই ইনিংসটা খেলতে খুব কষ্ট হয়েছে। তার পরও সব সেঞ্চুরিই আমার জন্য সমান গুরুত্বপূর্ণ।
সেঞ্চুরির মাহাত্ম্য
তামিম: সেঞ্চুরি আপনাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে পারে, যদি আপনি নিয়মিত তা করতে পারেন। অনেক ইনিংসেই দেখবেন আমি হয়তো তাড়াহুড়া করতে গিয়ে আউট হয়ে গেছি। তবে এই দুটি ইনিংসে আমি চেষ্টা করেছি। আমার চিন্তা ছিল, ওরা যদি আউট করতে পারে, আমি আউট হব। আমি আমার দিক থেকে ভুল করার চেষ্টা কম করব।