গত এশিয়াডে বাংলাদেশ অষ্টম হয়েছিল। এবারের এশিয়াডেও তা-ই, ৫ ম্যাচে ২৪ গোল খেয়েছে। একই জায়গায় দাঁড়িয়ে আছে বাংলাদেশের হকি। ১০ দলে অষ্টম হয়ে কাল ইনচন এশিয়ান গেমস থেকে ঢাকায় ফিরে নিজেদের পারফরম্যান্সের ময়নাতদন্ত করলেন অধিনায়ক মামুনুর রহমান চয়ন

ষষ্ঠ হওয়ার লক্ষ্য নিয়ে ইনচন গেলেন, ফিরলেন অষ্টম হয়ে!
মামুনুর রহমান চয়ন: আমাদের সমস্যা হয়েছে প্রথম ম্যাচে। জাপানের সঙ্গে সেদিন খুব বাজে খেলেছি। ৮ গোল খাওয়া উচিত হয়নি।
ওই হারটা কি লম্বা বিমানভ্রমণের প্রভাব?
চয়ন: একটু তো অবশ্যই। একে তো সবাই ক্লান্ত ছিল, তার ওপর যে মাঠে খেলা ওই মাঠে একটুও অনুশীলন করতে পারিনি। এ জন্য শুরু থেকে বল রিসিভ করতে পারছিলাম না। আর বিমানভ্রমণের ধকলে ৫-৬ জন অসুস্থ হয়ে পড়ে। বদলি করার মতো খেলোয়াড়ও বেঞ্চে ছিল না।
ওমানের কাছে হারের ব্যাখ্যাটা কীভাবে দেবেন?
চয়ন: ওমানের সঙ্গে কেউ খেলতে পারিনি। পোস্টের সামনে বল নিয়ে গিয়ে বাইরে মেরেছি সবাই!
জানুয়ারিতে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের জন্য এই পারফরম্যান্স দুশ্চিন্তার নয় কি?
চয়ন: এর প্রভাব বিশ্ব হকি লিগে পড়বে না বলেই আশা করছি। এবার এশিয়াডের ফল নিয়ে মোটামুটি সন্তুষ্টই ছিলাম। কোরিয়ার কাছে এর আগে ১১-১২ গোল খেতাম। এবার খেয়েছি ৭টি। মালয়েশিয়ার কাছে ৭-৮টি গোল খেতাম। এবার ৫টি। ৪৫ মিনিট পর্যন্ত মালয়েশিয়ার সঙ্গে ড্র ছিল খেলা। আসলে ওমানের সঙ্গে বাজেভাবে হেরে সব শেষ হয়ে গেছে। এটা কেউ মানতে পারছে না। কারণ ঢাকায় এশিয়ান গেমসের বাছাইপর্বে ওদেরই ৬ গোলে হারিয়েছিলাম।
মাঝমাঠ তো একেবারে ছন্নছাড়া ছিল।
চয়ন: নান্নু ভাই (শেখ মোহাম্মদ নান্নু) আর সাব্বির রানা ক্যাম্প ছেড়ে চলে যাওয়ায় মিডফিল্ড নিয়ে সমস্যায় পড়ে যাই আমরা। যেটা পরে উতরাতে পারিনি।
আপনার নিজের পারফরম্যান্সে কি সন্তুষ্ট?
চয়ন: আমি সন্তুষ্ট। চেষ্টা করেছি আমার শতভাগ উজাড় করে খেলতে।
পেনাল্টি কর্নার ‘বিশেষজ্ঞ’ হয়েও নামের প্রতি সুবিচার করতে পারেননি আপনি।
চয়ন: এখন পেনাল্টি কর্নারে অনেক বৈচিত্র্য আনতে হচ্ছে। প্রায় ৯৫ ভাগ পিসিই এভাবে মারা হচ্ছে। ওমানের সঙ্গে ২টি গোলই আমার পাসে ভেরিয়েশন এনে মারা হয়েছে। আসলে আমাদের প্রধান সমস্যা ফিল্ড গোল আসছে না।
এই দলে তরুণ, অনভিজ্ঞ খেলোয়াড়দের আধিক্য। এটাও কি বাজে ফলের অন্যতম কারণ?
চয়ন: এরা অনভিজ্ঞ হলে ঢাকায় ওমানকে ৬ গোল কীভাবে দিলাম। এটা সত্যি, আমরা মাত্র ৫ জন আগের এশিয়ান গেমসে খেলেছি। কিন্তু এটাও তো মানতে হবে আমাদের আর কোনো ভালো খেলোয়াড় নেই।
ওমান কি বাংলাদেশের চেয়ে এগিয়ে যাচ্ছে?
চয়ন: শুধু ওমান না, সবাই এগোচ্ছে। সবাই প্রতিপক্ষকে নিয়ে যেমন হোমওয়ার্ক করে সেটা আমরা করি না। ওমান আমাদের সঙ্গে এর আগে খেলা ৩-৪টি ম্যাচের ভিডিও এবং অন্য বিষয়গুলো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছে। আর আমরা শুধু মাঠে গিয়েছি। ম্যাচ খেলে চলে এসেছি। আমাদের এখন ফেডারেশনের কাছে কিছু চাই।
সেগুলো কী?
চয়ন: কোচিং স্টাফ বাড়াতে হবে। আমাদের একজন ভালো মানের ট্রেনার ও ভিডিও অ্যানালিস্ট জরুরি।
কোচ নাভিদ আলমের প্রসঙ্গে কী বলবেন। কোচ কি এমন পারফরম্যান্সের দায় এড়াতে পারেন?
চয়ন: কোচ চেষ্টা করেছেন। কোচ যা শিখিয়েছেন তা যদি আমরা অনুসরণ করতে না পারি, তাহলে তো হবে না। উনি তো মাঠে গিয়ে খেলে দেবেন না। ফেডারেশন কাকে কোচ রাখবে বা রাখবে না, সেটা ফেডারেশনের ব্যাপার।