>

দাবা অলিম্পিয়াডে এবার প্রত্যাশা অনুযায়ী ফল পায়নি বাংলাদেশ। শেষ ম্যাচে কাতারের কাছে হেরে অলিম্পিয়াডে নিজেদের সর্বনিম্ন অবস্থানে নামতে হয়েছে। কেন এই পিছিয়ে যাওয়া? বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৩টি অলিম্পিয়াডে খেলা গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান পরশু দেশে ফিরে ব্যবচ্ছেদ করলেন কারণগুলো
* এর আগে দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের সর্বনিম্ন অবস্থান ছিল ৭৪। এবার আজারবাইজানের প্রতিযোগিতায় হলো ৭৬। মেয়েরাও এবার সর্বনিম্ন ৭৭তম অবস্থানে। পিছিয়ে যাওয়ার কারণটা কী?
জিয়াউর রহমান: কারণ অনেক। প্রথমেই বলব, আমরা শুরুটা ভালোই করেছিলাম। কিন্তু শেষ দিকে ক্লান্ত হয়ে পড়ি, শরীর-মন আর চলছিল না। মূলত এ কারণেই শেষ ম্যাচে হেরে গেলাম কাতারের কাছে।
* অথচ কাতারের সঙ্গে জিতলে গল্পটা ভিন্ন হতে পারত। এটা নিশ্চয়ই আপনাদের মনে ছিল?
জিয়া: কাতারের সঙ্গে জেতা কঠিন ছিল না। ওরা আমাদের চেয়ে র্যাঙ্কিংয়ে ৪ ধাপ ওপরে থাকলেও ম্যাচটা জিতব বলেই আশা ছিল। কিন্তু ওই যে বললাম, ক্লান্তি। ওটাই ‘ভিলেন’ হয়ে গেল। আমি আর পারছিলাম না, অন্যদেরও প্রায় একই অবস্থা হয়। তাই জেতার অবস্থানে থেকেও আমরা জিততে পারিনি। আমি নিজেই হেরেছি।
* এমনিতে বাংলাদেশ দলের সামগ্রিক পারফরম্যান্স কীভাবে মূল্যায়ন করবেন?
জিয়া: খেলোয়াড়দের পারফরম্যান্স অ্যাভারেজ। আরও ভালো হতে পারত। আমাদের মধ্যে রাজীব ভালো খেলেছে। ও ছিল এক নম্বর বোর্ডে। বড় ম্যাচে ভালো করেছে রাজীব। শক্তিশালী ক্রোয়েশিয়ান প্রতিযোগীর সঙ্গে জিততে জিততে ড্র করেছে। দ্বিতীয় বোর্ডে রাকিব, তৃতীয় বোর্ডে আমি। তারপর নিয়াজ ভাই। দ্বিতীয় রাউন্ডে শক্তিশালী নরওয়ে ম্যাচে জিতেছেন তিনি, সামগ্রিকভাবে নিয়াজ ভাইও ভালো করেছেন।
* আপনি তো অনেক দিন ধরে খেলছেন। তাহলে শেষ দিকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারছে না কেন?
জিয়া: সমস্যা হলো, আমরা মানসিকভাবেই দুর্বল। এই পর্যায়ে খেলতে মানসিকভাবে শেষ পর্যন্ত সেরাটা দেওয়ার ক্ষমতা থাকতে হবে।
* তাই বলে আমাদের চেয়ে পিছিয়ে থাকা আরব আমিরাতের সঙ্গে ২-২ ড্র কেন? ওটা ছিল ষষ্ঠ রাউন্ড। তখন তো মানসিক অবসাদ থাকার কথা নয়!
জিয়া: সত্যি বলতে, আমিরাতের সঙ্গে ড্র অপ্রত্যাশিত। আমি ও নিয়াজ ভাই জিতেছি। রাজীব ভালো খেলতে খেলতেই হেরে গেল। রাকিবও তাই। আমিরাতের একজন গ্র্যান্ডমাস্টার। আমাদের চারজন। ওই ড্রটাও পিছিয়ে দেয় বাংলাদেশকে। এটিকে দুর্ভাগ্যই বলব।
* অথচ বিশ্বসেরা ম্যাগনাস কার্লসেনের নরওয়েকে প্রায় কাঁপিয়ে দিয়েছিলেন।
জিয়া: নরওয়ের সঙ্গে আমরা ১.৫-২.৫ পয়েন্টে হেরেছি। কঠিন লড়েছি ওই দিন। নরওয়ে এবার পঞ্চম হয়েছে, ওদের কাছ থেকে দেড় পয়েন্ট পাওয়া মানে বড় ব্যাপারই। এটা আমাদের উজ্জীবিত করেছে।
* আপনি তো বাংলাদেশের হয়ে সর্বোচ্চ অলিম্পিয়াড খেলেছেন। পেছনে তাকিয়ে কোন অলিম্পিয়াডকে সেরা বলবেন?
জিয়া: ২০১২ সালে ৩৩তম হয়েছে বাংলাদেশ। সেবার অবশ্য তুরস্কে সবাই ভালো খেলেনি। তবু নিজেদের সেরা অবস্থান ছিল ভাগ্য পাশে থাকায়। আমাদের সেরা অলিম্পিয়াড বলব, ২০০২ স্লোভেনিয়ায়। সেবার অবস্থান ছিল ৩৪তম। আমরা সবাই তখন তরুণ। রাজীব জিএম নর্ম করল।
* দেশে ফিরে কী মনে হচ্ছে, অলিম্পিয়াডে ভালো করতে কেমন প্রস্তুতি নেওয়া দরকার?
জিয়া: ভালো কোচিং আর বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা জরুরি। গত এক বছরে ২৬০০ রেটিংয়ের ওপরের খেলোয়াড়ের সঙ্গে আমি খেলিনি। অন্যদেরও একই অবস্থা। এ ছাড়া নতুন খেলোয়াড় তুলতে হবে। কিন্তু সম্ভাবনাময় খেলোয়াড় কই! পাইপলাইন প্রায় বন্ধ। সেভাবে ট্রেনিং হয় না। এটাই প্রতিবার অলিম্পিয়াডে গিয়ে উপলব্ধি করি।