'শ্যুটিংয়ের কথা মনে পড়ত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইফুল আলম রিংকি
সাইফুল আলম রিংকি

সপরিবারে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। শ্যুটিং অঙ্গনের অনেকে ধরে নিয়েছিলেন ওখানেই থিতু হবেন সাইফুল আলম রিংকি। কিন্তু ১০ মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে দেশে ফিরে আবার শ্যুটিং ফেডারেশনে যোগ দিয়েছেন কোচ হিসেবে। এসব নিয়েই কাল কথা হলো আন্তর্জাতিক সাফল্য পাওয়া সাবেক এই শ্যুটারের সঙ্গে
আপনি সপরিবারে যুক্তরাষ্ট্র যাওয়ার পর শ্যুটিং অঙ্গনে বলাবলি হচ্ছিল, হয়তো আর না-ও ফিরতে পারেন...
সাইফুল আলম রিংকি: সাধারণত পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে গেলে স্বাভাবিকভাবে অনেকে মনে করে, একেবারেই হয়তো চলে গেছে। আমি দুটি কারণে যুক্তরাষ্ট্রে গিয়েছি। ছোট বোনের সঙ্গে দেখা করা আর চেয়েছি আমাদের দ্বিতীয় সন্তানের জন্ম ওখানেই হোক। সাবরিনারও (স্ত্রী) এই ইচ্ছেটা ছিল।
তাহলে থাকার ইচ্ছে ছিল না?
রিংকি: ওখানে গিয়েছিলাম ভ্রমণ ভিসায়। যাওয়ার পর অভিবাসী হওয়ার ব্যাপারে খোঁজখবর নিই, কিন্তু এখন অভিবাসী হওয়া অনেক কঠিন গেছে যুক্তরাষ্ট্রে। চাইলেই এটা সম্ভব নয়। তাই এটি নিয়ে ভাবিনি। অভিবাসী হতে পারলে একটা সুবিধা, যখন ইচ্ছে আসা-যাওয়া করা যায়। তখন হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারত।
ওখানে থাকার সময় খেলার কথা মনে পড়ত?
রিংকি: তা তো অবশ্যই। শ্যুটিংয়ের কথা মনে পড়ত সারাক্ষণ। তাই আশপাশে শ্যুটিং রেঞ্জ খুঁজেছি। আটলান্টায় যেখানে ছিলাম, সেখান থেকে ১০০ মাইল দূরে রেঞ্জ আছে, ওই রেঞ্জে আমি ১৯৯৬ অলিম্পিক, ৯৯-তে বিশ্বকাপ খেলেছি। এবার আটলান্টা থাকার সময় ওখানে বিশ্বকাপও হয়েছে। যাওয়ার খুব ইচ্ছে ছিল। কিন্তু একটু দূর বলে আর যাওয়া হয়নি।
বাংলাদেশের অনেক শ্যুটারই যুক্তরাষ্ট্রে বসত গড়েছেন। তাঁদের সঙ্গে দেখা বা যোগাযোগ হয়েছে?
রিংকি: আটলান্টায় সাবেক শ্যুটার রুবেল থাকে, ফ্লোরিডায় জনি, সাগর। ওদের সঙ্গে দেখা হয়েছে। পুরোনো দিনের অনেক স্মৃতিচারণা করেছি। টেক্সাসে রাব্বি, নিউইয়র্কে ফেরদৌসের বাস। শোয়েব তো যুক্তরাষ্ট্র গিয়ে আবার ফিরে এসেছে দেশে। এঁদের সবার সঙ্গেই যোগাযোগ হতো নিয়মিত। শ্যুটার আঁখি সম্প্রতি নিউইয়র্কে বসত গড়েছে, আসার সময়ও ওর সঙ্গে দেখা হয়েছে।
দেশে তো এর আগেও কোচিংয়ে ভালো পরিবেশ না পেয়ে হতাশায় ছিলেন। পরিস্থিতি তো পরিবর্তন তেমন হয়নি। তাহলে ফিরলেন কেন?
রিংকি: দীর্ঘদিন যে অঙ্গনে ছিলাম, হুট করে সেখান থেকে বিচ্ছিন্ন হওয়া কঠিন। আমার আগ্রহ ছিল, আবার কোচিংয়ে ফিরব। দেশে আসার পর ফেডারেশন বলল, ৫০ মিটার রাইফেলে খেলা বন্ধ। নতুন খেলোয়াড় বের হচ্ছে না। আমাকে দায়িত্ব নিতে অনুরোধ করল তারা, তাই ৫০ মিটারে নবীন কোচিং ক্যাম্পে কোচ হিসেবে যোগ দিয়েছে তিন-চার দিন আগে।
তাহলে কি বলতে পারি কোচিংয়ের টানেই ফিরে এসেছেন?
রিংকি: ঠিক কোচিংয়ের টান বললে ভুল হবে। আসলে দেশের বাইরে থাকলে দেশের জন্য মায়া বাড়ে। বলতে পারেন দেশের টানেই ফিরে এসেছি। এসে কোচিং করানোর প্রস্তাব পাওয়ায় করছি।
আপনার স্ত্রী সাবরিনা সুলতানাও দেশের নামী শ্যুটার। তাঁর কি আবার শ্যুটিংয়ে ফেরার সম্ভাবনা আছে? মানে আপনাদের দুজনকে একসঙ্গে আবার...
রিংকি: কিছুদিন আগে সে অবসর নিয়েছে। অবসরের পর কোচিং করানোর পরিকল্পনা করেছিল। কিন্তু যুক্তরাষ্ট্রে যাওয়া, সেখানে দ্বিতীয় সন্তানের মা হওয়া, এসব কারণে খেলার বাইরেই আছে এখন সে। সহসাই তার কোচিং করানোর সম্ভাবনা দেখছি না।