'সত্যি বড় সুযোগ হারিয়েছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষ্ণ কুমার
কৃষ্ণ কুমার

বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে ওমানের কাছে হারটা মেনে নিতে পারছে না বাংলাদেশের হকি অঙ্গন। জিতলে সেমিফাইনাল নিশ্চিত, সুযোগ ছিল তৃতীয় রাউন্ডে ওঠারও। কিন্তু সুযোগটা হেলায় হারিয়েছে বাংলাদেশ। সিঙ্গাপুর থেকে কাল টেলিফোনে অধিনায়ক কৃষ্ণ কুমারের কণ্ঠেও শোনা গেল সেই আক্ষেপ
ওমানের সঙ্গে এগিয়ে থেকেও হার। আসলে সমস্যাটা কোথায় ছিল?
কৃষ্ণ কুমার: আমরা কিন্তু প্রথম দিকে খুব ভালোই খেলছিলাম। একসময় এগিয়েও যাই। কিন্তু হঠাৎ দেখি আম্পায়ার আমাদের বিপক্ষে বাঁশি বাজাতে শুরু করলেন। কেন তাঁরা এটা করলেন, তা বুঝলাম না। আমাদের বিপক্ষে পেনাল্টি কর্নার (পিসি) হয় না। তবু বাঁশি বাজিয়েছেন।
শুধু কি এটাই হারের কারণ?
কৃষ্ণ: আসলে অহেতুক কার্ড দেখিয়েছেন আম্পায়ার। অনেক ভুল সিদ্ধান্ত দিয়েছেন। এ জন্য মানসিকভাবে পিছিয়ে পড়ি। আমাদের তিনজন খেলোয়াড় ওই ম্যাচে হলুদ কার্ড দেখেছে। ৬০ মিনিটের ম্যাচে ২০ মিনিট খেলোয়াড় কম নিয়ে খেলেছি। তা ছাড়া আমরাও কিছু ভুল করেছি।
পেনাল্টি শ্যুট আউটেও তো জেতার সুযোগ ছিল বাংলাদেশের। জিমি-সারোয়াররাও গোল করতে পারেননি...।

কৃষ্ণ: হকির নতুন নিয়মে পেনাল্টি শ্যুট আউটে ড্রিবলিং করে গোল করতে হয়। সময় মাত্র ৮ সেকেন্ড। এটা আধাআধি সুযোগ। আমাদের দুর্ভাগ্য যে একটাও গোল করতে পারিনি।

দেশের মাটিতে ওমানকে সহজে হারালেও বিদেশে কেন বারবার হারছে বাংলাদেশ?

কৃষ্ণ: আগের দলের সঙ্গে এই ওমান দলের আকাশ-পাতাল পার্থক্য। ওরা আমাদের চেয়ে অনেক উন্নতি করেছে। আরেকটা কথা, অলিভার কার্জ এই দলের কোচ। অলিভার একসময় আমাদেরও সহকারী কোচ ছিলেন। উনি বাংলাদেশ দলের নাড়িনক্ষত্র সব জানেন। এ ছাড়া ওমানের অনেক খেলোয়াড় ইউরোপে লিগ খেলে। এ কারণেও ওরা লাভবান হয়েছে। দেশের মাটিতে আমরা এগিয়ে থাকি, কারণ দর্শক সমর্থন দেয় আমাদের।

প্রতিপক্ষ ওমান বলে কি চাপে ছিলেন?

কৃষ্ণ: আমরা কিছু বুঝতে পারছি না আমাদের সমস্যা কোথায়। মানসিকভাবে হয়তো একটু চাপে ছিলাম।

ওমানের সঙ্গে জিতলেই সেমিফাইনাল। হয়তো তৃতীয় রাউন্ডে যাওয়ারও সুযোগ থাকত বাংলাদেশের।

কৃষ্ণ: সত্যি বড় সুযোগ হারিয়েছি। এ জন্য খুব আফসোস হচ্ছে। ওই ম্যাচে হারের পর সবাই খুব হতাশ হয়ে পড়েছিলাম। আমরা যে দুর্দান্ত একটা সুযোগ হারিয়েছি তা-ও বুঝতে পেরেছি। ম্যাচের পর তাই সবার মন খুব খারাপ ছিল। কেউ কারও সঙ্গে কথা পর্যন্ত বলিনি। অনেক তো ওই রাতে খাওয়া-দাওয়াও করেনি ঠিকমতো।

নির্ধারিত সময়েই তো জিততে পারতেন। শুধু আড়াই মিনিটের মতো সময় কাটিয়ে দিলেই হতো।

কৃষ্ণ: ওই যে বললাম তখনো দুজন খেলোয়াড় কম নিয়ে খেলেছি। কার্ড খেয়ে বেরিয়ে গেল দুজন। তা ছাড়া ওরা গোল দিতে এলে বাধা তো দেবই। ওই সময় বাধা দিলেই আম্পায়ার কার্ড দেখিয়েছেন। আন্তর্জাতিক হকি ফেডারেশনের কোচ মিশেল কিনান এখানে এসে খেলা দেখেছেন। উনিও বলেছেন আম্পায়ারের সিদ্ধান্তগুলো সঠিক ছিল না।

টাকার জন্য নাকি আপনারা ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারেননি?

কৃষ্ণ: এ ব্যাপারে আমার কিছু জানা নেই। ওই দিন কোচ শুধু আমাকে বলেছিলেন, কৃষ্ণা আজ আমরা আধা ঘণ্টার মতো রানিং করব, বাইরে কোথাও। পরে একটি রাস্তার পাশে যাই। ওখানে বাগান আছে। ফাঁকা জায়গা আছে। সেখানেই ঘাম ঝরালাম। স্পিড ট্রেনিং করলাম।

প্রস্তুতি ম্যাচ খেলে যেতে পারেননি। এটাও কি বাজে ফলের পেছনের কারণ?

কৃষ্ণ: সত্যি বলতে কি আমাদের আরও বেশি প্রস্তুতি ম্যাচ খেলা দরকার। ফেডারেশনের কাছে আমি অনুরোধ করব যেন বড় দলের সঙ্গে বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ করে দেয় আমাদের।