
নতুন কোচ ফাবিও লোপেজ এসেই মাঠে তাঁর পজিশন বদলে দেন। তবে এক ম্যাচ পরই আজ তাজিকিস্তানের বিপক্ষে নিজের আসল জায়গায় ফিরে আসছেন মামুনুল ইসলাম। সে প্রসঙ্গ তো আছেই, কাল দুশানবে থেকে আরও অনেক কিছু নিয়েই কথা বললেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক
* তাজিকিস্তান ম্যাচের তো আর বাকি মাত্র কয়েক ঘণ্টা। কী ভাবছেন?
মামুনুল ইসলাম: ম্যাচ নিয়ে একটা কথাই শুধু ভাবছি—আমাদের জিততে হবে। জেতার কোনো বিকল্প নেই। সারাক্ষণই মনের মধ্যে শুধু জয় শব্দটা ঘুরছে।
* আগে তো কখনো এভাবে আপনাদের মুখে শুনিনি। এবার ম্যাচটাকে আলাদা মনে করছেন কোন জায়গায়?
মামুনুল: এই ম্যাচ জিতলে আমরা গ্রুপে চার নম্বর হতে পারি। চারে থাকলে এশিয়া কাপের বাছাইয়ে সরাসরি ঢোকার সুযোগ আসতে পারে। এ কারণেই ম্যাচটাকে খুব গুরুত্ব দিয়ে দেখছি। সবাই তাই জেতার জন্য মরিয়া।
* আপনি নাকি আবার আগের জায়গায় খেলছেন?
মামুনুল: হ্যাঁ, কোচ তো সে রকমই বলেছেন। যত দূর জানি, তাঁর ম্যাচ পরিকল্পনায় আমি প্লে-মেকার হিসেবেই আছি। তবে কোমল সম্ভবত আগের ম্যাচের মতো এদিনও লেফটব্যাকেই দাঁড়াবে। কোচ ওকে ওখানেই চান।
* কোচ এসেই আপনাকে মাঝমাঠে ডান পাশে ব্যবহার করেছেন গত ম্যাচে। এক ম্যাচ পরই আবার আগের জায়গায় ফেরার কারণ কী?
মামুনুল: কারণ তো কোচ বলেননি। আমিও তাঁকে জিজ্ঞেস করিনি। আসলে আমাকে যেখানে ব্যবহার করবেন কোচ, সেখানেই খেলব। আমার দিক থেকে কোনো সমস্যা নেই। সব পজিশনেই আমি সেরাটা দিতে চাই।
* তারপরও স্বাচ্ছন্দ্যবোধ করার একটা ব্যাপার তো থাকেই...
মামুনুল: তা ঠিক। এত দিন যেভাবে খেলে আসছিলাম সেভাবে খেলতে পারলে তো ভালোই লাগবে। দেখা যাক কী হয়। তবে আশা করছি দলের জন্য বড় অবদান রাখতে পারব।
* দলের অবস্থা কেমন দেখছেন? সব ঠিকঠাক আছে তো?
মামুনুল: হ্যাঁ, সব ঠিকঠাক। সব খবরই ভালো। তবে এখানকার ঠান্ডা ভোগাচ্ছে বেশ। আমরা এ ধরনের পরিবেশে খেলে অভ্যস্ত নই। ছয় দিন আগে আসায় কিছুটা মানিতে নেওয়ার চেষ্টা করছি। তারপরও হচ্ছে না। প্রায় সবারই কমবেশি ঠান্ডা লেগে গেছে, কাশিও আছে। আমি নিজেও তো কাশছি।
* তাজিকিস্তান থেকে ফিরলেই অস্ট্রেলিয়া ম্যাচ। ১৭ নভেম্বর ওই ম্যাচ খেলেই পরদিন চীন-যাত্রা। আপনাদের তো দম ফেলারও ফুরসত নেই!
মামুনুল: চীনে যাওয়াটা নিশ্চিত হওয়ায় ভালো লাগছে। ডিসেম্বরে সাফের আগে এই ম্যাচগুলো অনেক কাজে লাগবে। খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে ফুটবল ফেডারেশন। আমার তো মনে হচ্ছে খেলতে খেলতে ক্লান্তই (হাসি) হয়ে পড়ব।
* অথচ একসময় আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য কত হা-হুতাশ করতে হতো! আর এখন সময় কত বদলে গেছে। ভাবলে কেমন লাগে?
মামুনুল: এটাই তো চেয়েছিলাম। সারা বছর ব্যস্ত থাকব, খেলব। সেই সুযোগটা আমরা এখন পাচ্ছি। দলের জন্যও এটা ভালো ফল আনছে। এই যে তাজিকিস্তানের মাটিতে ওদের হারানোর স্বপ্ন নিয়ে নামছি আমরা, এটাও একটা অগ্রগতি আমাদের ফুটবলে। সবাই দোয়া করবেন যেন তাজিকদের হারাতে পারি।