
মুঠোফোনে তাঁকে পাওয়া গেল সংসদ ভবনের সামনে। বিশ্ববিদ্যালয় জীবনের এক বন্ধুর সঙ্গে ফুসকা খাচ্ছিলেন। ক্রিকেট, পাকিস্তান সিরিজের দলে সুযোগ না পাওয়া—এসব প্রসঙ্গ তুলতেই কণ্ঠটা বিষণ্ন হয়ে গেল। সেই বিষণ্নতাকে পেছনে ফেলে পারফরম্যান্স দিয়েই আবার জাতীয় দলে ফিরতে চান পেসার আল আমিন হোসেন
. কেমন আছেন?
আল আমিন হোসেন: খুব ভালোও না আবার খুব খারাপও না। আছি মোটামুটি।
. কেন ভালো নেই?
আল আমিন: চোখের সামনে বিশ্বকাপটা মিস হয়ে গেল। পাকিস্তান সিরিজেও খেলতে পারলাম না। ভালো থাকি কী করে বলেন? বিশ্বকাপটা বেশি মিস করেছি। তবে ওখানে আমি একটা অন্যায় করেছিলাম। নাহয় সেটার শাস্তি পেয়ে দেশে ফিরে এসেছি। কিন্তু পাকিস্তান সিরিজের কোনো দলেই নিজেকে না দেখে হতাশ হয়েছি।
. আপনি কি আশা করেছিলেন, পাকিস্তান সিরিজের দলে থাকবেন?
আল আমিন: তা তো করেছিলামই। যখন ওয়ানডে দল দিয়েছে, তখন ভেবেছি ওয়ানডে দলে থাকব। যখন টি-টোয়েন্টি দল দিয়েছে, তখন ভেবেছি টি-টোয়েন্টি দলে থাকব। টেস্ট দল দেওয়ার আগেও তাই ভেবেছি। কিন্তু শেষ পর্যন্ত আমি কোনো দলেই থাকলাম না।
. টি-টোয়েন্টি বিশ্বকাপে তো দলের পক্ষে সর্বোচ্চ উইকেট পেয়েছিলেন। পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টির দলে থাকার ব্যাপারে নিশ্চয়ই বেশি আশাবাদী ছিলেন?
আল আমিন: তা তো বটেই। প্রতিটি দল ঘোষণার আগেই আশাবাদী ছিলাম আমি। তবে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার নির্বাচকদের। তাঁরাই ভালো বলতে পারবেন, কেন আমাকে দলে নেননি।
. নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে? তাঁরা নিশ্চয়ই বলেছেন কেন নেননি আপনাকে...
আল আমিন: ওয়ানডে সিরিজের মাঝে একদিন কথা হয়েছে। ওনারা আমাকে বলেছেন, ঘরোয়া ক্রিকেটে এ মুহূর্তে আমার ফর্ম সন্তোষজনক নয়। আমিও তা-ই মেনে নিয়েছি। জাতীয় দলে ফিরতে আমাকে হয়তো ঘরোয়া ক্রিকেটে আরও ভালো খেলতে হবে।
. বিশ্বকাপে আপনার শৃঙ্খলাভঙ্গের ব্যাপারটাও কি পাকিস্তান সিরিজে সুযোগ না পাওয়ার পেছনে কাজ করতে পারে?
আল আমিন: এ রকম কিছু আমি শুনিনি। আমারও কখনোই মনে হয়নি এটা কোনো ব্যাপার হতে পারে। কারণ আমি যে অপরাধ করেছি তার শাস্তি আমি পেয়েছি। বোর্ডেরও সবাই বলেছেন, ওটা ওখানেই শেষ।
. এই যে জাতীয় দলে অপরিহার্য হওয়ার মুহূর্তে হঠাৎ করে সবকিছু থেকে হারিয়ে গেলেন, এটার অনুভূতি কেমন?
আল আমিন: আসলে সামনে একটা আশা থাকলে পারফরম্যান্সও ভালো হয়। ধরুন, আমি মনে মনে আশা করে আছি টেস্ট দলে থাকব। কিন্তু যখন দেখলাম আমি দলে নেই, হতাশা ঘিরে ধরবেই। সেটার ছায়া পারফরম্যান্সেও পড়ে। আশপাশের মানুষ, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবাই এ নিয়ে জিজ্ঞেস করতে থাকে। কিন্তু আমি কোনো উত্তর দিতে পারি না। এটা তো হতাশারই, তাই না?
. জাতীয় দলে ফেরার জন্য কী করছেন?
আল আমিন: চেষ্টা করছি ভালো খেলার। যা হয়েছে, সব ভুলে যেতে চাই। কীভাবে ফর্মে ফেরা যায়, সেই চেষ্টাই করছি।