'সব সময় মাটিতেই পা রেখেছি'
>

জন্ম অ্যান্টিগায়, বেড়ে ওঠা এখানেই। স্যার ভিভ রিচার্ডস ও অ্যান্টিগা নাম দুটি সমার্থকই। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভারতের প্রথম টেস্ট হচ্ছে এখানেই, স্টেডিয়ামটির নামও রিচার্ডসের নামে। টেস্টের প্রথম দিনে নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে এসেই ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ভারতের দ্য টেলিগ্রাফকে সাক্ষাৎকার দিলেন...
* আপনার তো এই স্টেডিয়ামে আসতে টিকিটের দরকার নেই...
ভিভ রিচার্ডস: কিছুই বলা যায় না। আশির দশকে সুনীলের (গাভাস্কার) সঙ্গে লর্ডসে কী হয়েছিল, সেটা নিশ্চয়ই মনে আছে!
* আপনি তো এখানে তুমুল জনপ্রিয়। অবিশ্বাস্যই!
রিচার্ডস: সম্ভবত এটার কারণ, আমি সব সময় মাটিতেই পা রেখেছি। যারা বেশি ওপরে ওঠে, তাদের পতন তত বেশি। আমি এখানকার একজন, একেবারে আপন।
* সে জন্যই আপনি অপ্রিয় সত্যটা অকপটে বলে ফেলেন...
রিচার্ডস: হ্যাঁ, আমি কখনোই নিজের মত জানাতে দ্বিধা করিনি। অন্যরা কী ভাবছে, সেটা নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই না। কারণ, আমি জানি আমি নিজের কাছে সৎ।
* এ রকম একটা স্টেডিয়াম নিজের নামে দেখতে কেমন লাগে?
রিচার্ডস: খুবই সম্মানজনক।
* ২০০৭ সালে প্রথম যখন এই স্টেডিয়ামে পা রেখেছিলেন, কেমন লেগেছিল?
রিচার্ডস:আমি আসলে চোখের পানি আটকাতে পারিনি। খুবই ভালো লেগেছিল। আমি কৃতজ্ঞ।
* কিন্তু স্টেডিয়াম তো রাজধানী সেন্ট জনস থেকে অনেকটা দূরে?
রিচার্ডস: আমি আপনার কথাটা বুঝতে পারছি, তবে এখানে সমর্থকেরা আসছে। তাদের বসতির আরেকটু কাছে হলে তো অবশ্যই ভালো হতো।
* আগের দিন তো বিরাট কোহলিদের সঙ্গে আপনার বেশ আড্ডা হয়েছে।
রিচার্ডস: দেখুন, ভারতের ক্রিকেটাররা মূল্যবোধের অনেকটুকু এখনো ধরে রেখেছে। এ রকম সম্মান দিলে ওদের সঙ্গে কথা বলতে আসলেই ভালো লাগে।
* তার মানে ওদের নিয়ে আপনার একটা ভালো ধারণা হয়েছে।
রিচার্ডস: অবশ্যই। ভারতে এসবের চর্চাটা এখনো ভালোমতোই আছে।
* বিরাটকে (কোহলি) নিয়ে কী বলবেন?
রিচার্ডস: কোহলির সফল হওয়ার ক্ষুধা বা তাড়না, সবকিছুই আছে। নিজেকে প্রমাণ করতে চাওয়ার এই প্রতিজ্ঞার সঙ্গে প্রতিভা মিলেই কোহলি স্পেশাল। ২০১৪-১৫ মৌসুমে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজেই ওর ভেতরের বারুদটা দেখা গেছে। কোহলি চার ম্যাচেই চারটি সেঞ্চুরি করেছিল। যদিও ভারত একটা টেস্টও জিততে পারেনি।
* সব ব্যাটসম্যানের মধ্যে তো আর এই বারুদ থাকে না?
রিচার্ডস: না, অনেক ব্যাটসম্যানই প্রতিভাবান, চোখে পড়ার মতো কিছু করতে পারার যোগ্যতাও আছে অনেকের। কিন্তু ভেতরে ওই আগুনটা অনেকের মধ্যে নেই। সবার ওপরে যেতে হলে যে অদম্য ইচ্ছাটা দরকার সেটার অভাব আছে।
* আপনার মুখ থেকে বিরাটের জন্য তো এটা অনেক বড় একটা প্রশংসা...
রিচার্ডস: সেটা ঠিক আছে, তবে আমি যেটা দেখেছি সেটাই বললাম। আমাকে এই ব্যাপারটাই সবচেয়ে বেশি মুগ্ধ করেছে।
* সাফল্যটা সহজে কীভাবে পাওয়া যায়?
রিচার্ডস: সেটা তীব্রভাবে চাইতে হয়। বাকিদের ছাপিয়ে যাওয়ার তাড়না থাকতে হয়। কোহলির এই গুণ আছে।
* আপনি যেভাবে সুবিধাবঞ্চিত শিশুদের ক্রিকেট শেখার জন্য ক্লিনিক খুলেছেন, সেটা নিয়েও তো অনেক প্রশংসা হয়...
রিচার্ডস: আমি সব সময়ই ভালো কিছু করতে চাই। এখন আমি ফোর নাইটস একাডেমিটা দাঁড় করানোর স্বপ্ন দেখছি। আমি খুবই রোমাঞ্চিত, আমার স্বপ্নটা বাস্তবে রূপ নিচ্ছে।
* অ্যান্টিগা ও বারবুডার ফোর নাইটস?
রিচার্ডস: হ্যাঁ, স্যার অ্যান্ডি রবার্টস, স্যার রিচি রিচার্ডসন, স্যার কার্টলি অ্যামব্রোস এবং আপনি যাঁর সঙ্গে কথা বলছেন।
* আপনার ব্ল্যাক রেঞ্জ রোভারের নম্বরপ্লেট খেয়াল করলাম, ‘এমএমএনএম’। এর রহস্য কী?
রিচার্ডস: রেঞ্জ রোভার তো এখন টাটা কিনে নিয়েছে (হাসি)! আমি আসলে একটি ভারতীয় গাড়িই ব্যবহার করছি। আমি নিজের নামের আদ্যক্ষর ব্যবহার করতে পারতাম। পরে আমি আমার চার মেয়ে মাতারা, মালি, নিক্কা ও মাসাবার নামের প্রথম অক্ষরের সঙ্গে মিলিয়ে নম্বর নিয়েছি। এটার অন্য কোনো রহস্য নেই। আমার মেয়েরা আমার কাছে স্পেশাল।