'সবচেয়ে কঠিন কাজ হচ্ছে সব সময় সবজি খাওয়া'
>এ গ্রহের দ্রুততম মানব তিনি। ট্র্যাকে ও ট্র্যাকের বাইরে দারুণ এক চরিত্রও। কথা বলেন অকপটে, যাতে মিশে থাকে স্বভাবসুলভ রসিকতা। তিনি উসাইন বোল্ট। আইএএএফের ‘ইনসাইড অ্যাথলেটিকস’ অনুষ্ঠানে সেই বোল্টকে নিয়ে বসলেন আরেক ক্যারিরিয়ান অ্যাথলেট ২০০ মিটারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অটো বোল্ডন। কথার বলার ভালো সঙ্গী পেয়েছেন। প্রায় আড্ডার মেজাজে দেওয়া সাক্ষাৎকারে বোল্টও তাই খুলে দিয়েছেন মনের দুয়ার—

*বেইজিংয়ে তিনটি সোনা, লন্ডনেও। নিজের তৈরি করা এই মানদণ্ডের কারণেই ২০১৬ রিও অলিম্পিকেও আপনাকে ঘিরে একটা প্রত্যাশা তৈরি হয়েছে। এটা কি বাড়তি চাপ?
উসাইন বোল্ট: দেখুন, আমিও নিজের জন্য সব সময়ই সেরাটা চাই। সেটা ভেবেই চাপমুক্ত থাকার চেষ্টা করি। কারণ, তখন আমার চাওয়া আর সবার চাওয়া দুটো একই থাকে। কী চাইছি, কী করা দরকার, সেদিকে আমার মনোযোগ থাকে। সেই লক্ষ্য সামনে রেখে আমি পরিশ্রম করি।
*বারাক ওবামা সম্প্রতি জ্যামাইকায় এসেছিলেন। মনে হয় না কোনো আমেরিকান প্রেসিডেন্টকে কখনো কারও সঙ্গে পরিচিত হয়ে এত খুশি হতে দেখেছি। আপনার সঙ্গে আপনার সেই বিখ্যাত ‘লাইটনিং বোল্ট’ পোজ দিয়ে ছবিও তুলেছেন। জানতে ইচ্ছে করছে, আপনি কার সঙ্গে পরিচিত হয়ে এমন রোমাঞ্চিত হয়েছেন?
বোল্ট: চমকপ্রদ ব্যাপার হচ্ছে, আমিও প্রেসিডেন্টের সামনে খুব নার্ভাস ছিলাম। এ ছাড়া অভিনেতা জেসন স্ট্যাথামের সঙ্গে পরিচিত হওয়াটা আমার জন্য দারুণ ব্যাপার ছিল। তিনি আমার প্রিয় অভিনেতা। তাঁর সব ছবি আমি দেখেছি। গায়িকা বিয়ন্সের সঙ্গে পরিচয়ের কথাটাও বলব। আমার মনে আছে, একটা বাস্কেটবল ম্যাচ দেখতে গিয়েছিলাম। বিয়েন্সও সেখানে ছিল। আমার মাথায় তখন ঘুরছিল, পরিচিত হওয়ার সময় কী কী কথা বলব। কিন্তু যখন দেখা হলো, সে বলল, ‘হ্যালো’। আমার মুখ থেকেও ‘হ্যালো’ ছাড়া আর কোনো কথা বের হলো না! ব্যস, শেষ। আরেকজনের সঙ্গে আমার পরিচিত হওয়ার খুব ইচ্ছা। অ্যাঞ্জেলিনা জোলি। তিনিও আমার খুব প্রিয় অভিনেত্রী।
*জ্যামাইকা দলে আপনি অনুশীলন করেন ইয়োহান ব্লেকের সঙ্গে, যিনি বিশ্বের দ্বিতীয় দ্রুততম মানব। এটা কি আপনাকে কোনোভাবে সাহায্য করেছে? কারণ আপনার অনুশীলনই হয় সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর সঙ্গে। প্রতিযোগিতায় যাদের বিপক্ষে দৌড়াতে হয়, তাঁরা তো ব্লেকের চেয়েও এক ধাপ নিচে।
বোল্ট: হ্যাঁ, এটা ভালোই সাহায্য করে। জ্যামাইকা দলটার সঙ্গে অনুশীলন করা, প্রতিদ্বন্দ্বিতা করা দারুণ ব্যাপার। এতে বোঝা যায়, আপনার প্রতিদ্বন্দ্বীরা কতটা ভালো। মাঝে মাঝে আমাদের কোচ বলেন—ধীরে সুস্থে অনুশীলন করো, নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার দরকার নেই। কিন্তু আমরা তো পুরুষ। আমরা ঠিকই প্রতিদ্বন্দ্বিতা করতাম, সেটি উপভোগও করতাম।
*লন্ডন অলিম্পিকের পর আপনি বলেছিলেন, চার বছর পর রিওতেই আপনার শেষ হবে। এখন মনে হচ্ছে, ক্যারিয়ারটাকে আরেকটু লম্বা করতে চান। কারণটা কী?
বোল্ট: আসলে শুরুতে আমার পৃষ্ঠপোষকেরা আমাকে অনুরোধ করেছিল, আরও একটা মৌসুম চালিয়ে যেতে পারব কি না। আমি বলেছিলাম, মনে হয় না খুব একটা সমস্যা হবে। আমি যদি একটা ইভেন্ট কমিয়ে দিই, অনেক কিছু সহজ হয়ে যাবে। এখানে সমর্থকদের চাওয়ার ব্যাপারও আছে। আমি যখনই অবসরে যাওয়ার কথা বলি, অনেক অনুরোধ আসে চালিয়ে যাওয়ার জন্য। আমিও তাই ভাবলাম, একটা মৌসুম তো এমন কিছু না।
*ক্যারিয়ারটা লম্বা করতে গেলে নিশ্চয়ই আপনার নৈশ জীবন, পার্টি এসব অভ্যাসে অনেক কাটছাঁট করতে হবে?
বোল্ট: অনেক কিছুই কাটছাঁট করতে হবে। গত মৌসুমে চোট পাওয়ার পরই বুঝতে পারলাম, বুড়ো হয়ে যাচ্ছি। তরুণ বয়সে ফেরাটা যত সহজ ছিল, এখন তার চেয়ে অনেক কঠিন। এখন আমার অনেক বেশি সময় লাগে, অনেক বেশি দৌড়াতে হয়। আমি বুঝতে পারলাম, আমাকে আরও সতর্ক হতে হবে। আশপাশের সবকিছু নিয়েই আমাকে সতর্ক থাকতে হবে এবং নিশ্চিত করতে হবে যে আমি পুরো ফিট আছি। এ কারণেই আমি স্বাস্থ্যকর খাওয়া শুরু করলাম। আমার জন্য সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এই ত্যাগ স্বীকার, সব সময় সবজি খাওয়া। অন্য যেকোনো কিছু ছেড়ে দেওয়া সহজ, কিন্তু সব সময় স্বাস্থ্যকর খাওয়া খুব কঠিন (হাসি)।
*আমরা আপনার অন্য খেলার প্রতি ভালোবাসাটার কথাও জানি। আপনি ক্রিকেট পছন্দ করেন, ফুটবলও। এখানে ক্যারিয়ার শেষ করার পর কখনো কি অন্য খেলায় ক্যারিয়ার গড়ার চেষ্টা করার ইচ্ছা হয়?
বোল্ট: বয়স যত বাড়ছে, সেই সুযোগ ততই কমে যাচ্ছে তো (হাসি)! যখন বয়স কম ছিল তখন মনে হতো, আমি চাইলে সবকিছুই পারব। কিন্তু এখন মনে হয়—না, থাক। একসময় আমার স্বপ্ন ছিল ফুটবলার হওয়ার। কিন্তু এখন মনে হয় না সেটা সম্ভব। হয়তো শখ করে দু-একটা ম্যাচ খেলতে পারি। কিন্তু ক্যারিয়ার হিসেবে নেওয়ার কথা আর ভাবি না।
*আপনি তো ভিডিও গেমের পাগল। তিনটি পছন্দের ভিডিও গেমের নাম বলুন?
বোল্ট: আমি কিন্তু অনেক ধরনের ভিডিও গেম খেলি না। আমি বেশির ভাগ সময় একটাই গেম খেলি, কল অব ডিউটি। প্রথম প্রথম সব ধরনের গেমই খেলতাম। কিন্তু এখন ওই একটাই। একটা পর্ব খেলা শেষ করে আমি নতুন পর্বের জন্য অপেক্ষা করি। কোচ অবশ্য এটা কমিয়ে দিতে বলেছে, কারণ আমার আরও বেশি ঘুম দরকার।
*বিবিসি ‘টপ গিয়ার’-এ আমি আপনার পর্বটা দেখেছি। বেশ দামি একটা গাড়ি নিয়ে আপনি সবচেয়ে দ্রুততম সময়ের রেকর্ড গড়েছেন। জ্যামাইকার রাস্তাঘাটের যা অবস্থা, এত দারুণ গাড়ি চালানো কোথায় শিখলেন?
বোল্ট: কী জানি! এটা হয়তো আমার ভেতরেই ছিল। ছোটবেলা থেকেই আমি চাইতাম দ্রুত গাড়ি চালাতে। বলতে পারেন, আমার গতির নেশা। আর একটা ব্যাপার বলি, সব স্প্রিন্টারই দ্রুত গাড়ি চালাতে পছন্দ করেন। স্প্রিন্টারদের রক্তেই মনে হয় এটা আছে। ইয়োহান ব্লেকই একমাত্র স্প্রিন্টার, যে দ্রুত গাড়ি চালাতে পছন্দ করে না।
*এত সাফল্য পেয়েছেন, এত অর্থ উপার্জন করেছেন যা হয়তো স্বপ্নেও ভাবেননি। কিন্তু এই সাফল্য দিয়ে অন্যদের জন্য কি কিছু করেছেন, যেটা ভাবলে মনে হয় আপনার সাফল্য অনেকের কাজে লেগেছে?
বোল্ট: আমার সবচেয়ে ভালো লাগে যখন ফেসবুক, ইনস্টাগ্রামে বা অন্য কোথাও কেউ আমাকে বলে যে আপনার সাফল্যে আমি অনুপ্রাণিত হয়েছি। এটা আমার জন্য বড় পাওয়া। আর যেখানে আমি বড় হয়েছি, যাদের মাঝে বড় হয়েছি, সেই মানুষগুলোর জন্য কিছু করার চেষ্টা করছি। আমার একটা ফাউন্ডেশন আছে, যেটি বাচ্চাদের জন্য স্কুল করছে, খেলার মাঠ করে দিচ্ছে, কম্পিউটার ল্যাব করে দিচ্ছে। চেষ্টা করছি বাচ্চাদের জন্য কিছু করতে।