'সবাই দেখেছে মাঠে কী হয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হলো বাংলাদেশে বিশ্বকাপ অভিযান। ইতিহাসে নিজেদের সবচেয়ে সফল বিশ্বকাপ খেলেই দেশে ফিরছে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বিশ্বকাপের এই সাফল্য ধরে রাখার প্রত্যয় জানালেন কাল এমসিজির সংবাদ সম্মেলনে
 ম্যাচে আপনারা কোন তিনটি ভুল করেছেন?
মাশরাফি বিন মুর্তজা: একটু ভেবে বলি। এক, ওদের রান ২৭০-৮০ হওয়া উচিত ছিল; দুই, আমাদের কোনো জুটি দাঁড়ায়নি; তিন, আমরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছি।
 আম্পায়ারদের দুটি ভুল কি আপনাদের মনোযোগ নষ্ট করেছে?
মাশরাফি: সবাই দেখেছে মাঠে কী হয়েছে। আমি এ নিয়ে কোনো কথা বলতে চাই না।
 বড় ম্যাচে তামিমকে কি আরও দায়িত্ব নেওয়া উচিত নয়?
মাশরাফি: তিন শর পেছনে ছুটলে কাউকে না কাউকে তো আক্রমণ করতেই হবে। সে আজ দারুণ খেলছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেট হওয়ার পর সে আউট হয়ে গেল। আমার মনে হয় ভাগ্যটাই আজ পক্ষে ছিল না।
 ফিল্ডিংয়ে আপনারা অনেক ভুল করেছেন। মনে হচ্ছিল মাঠের আকারের সঙ্গে আপনারা মানিয়ে নিতে পারেননি। এখানে খেলাটা কি চ্যালেঞ্জের?
মাশরাফি: যেকোনো জায়গায় খেলাই চ্যালেঞ্জ। ভারতের মতো দলের বিপক্ষে কিংবা যেকোনো বড় দলের বিপক্ষে খেলাটাই চ্যালেঞ্জ। তবে আজ কোনো কোনো সময় আমরা খুবই ভালো অবস্থায় ছিলাম। কিন্তু সুরেশ আমাদের হাত থেকে ম্যাচটা নিয়ে নিল। রোহিতও আজ দারুণ খেলেছে। তাই আমি মনে করি হারের জন্য এমসিজি কোনো অজুহাত হতে পারে না।
 কোয়ার্টার ফাইনালে ওঠা বাংলাদেশের জন্য বড় এক অর্জন। বিশ্বকাপ থেকে কোন দুটি ইতিবাচক জিনিস নিয়ে দেশে ফিরবেন?
মাশরাফি: আজ ছাড়া ব্যাটসম্যানরা পুরো টুর্নামেন্টেই ভালো খেলেছে। এটা আমাদের দরকার ছিল। বছরজুড়েই আমাদের বড় বড় দলের সঙ্গে খেলতে হবে। আশা করছি, আত্মবিশ্বাসটা ধরে রাখত পারব।
 শেষটা ভালো না হলেও সফল একটা বিশ্বকাপই কাটাল বাংলাদেশ। এটা বাংলাদেশের ক্রিকেটে কতটা প্রভাব ফেলতে পারে? নতুন ক্রিকেটার ও নতুন সমর্থকেরাও কতটা উৎসাহিত হবে?
মাশরাফি: হ্যাঁ, আমাদের জন্য দারুণ এক বিশ্বকাপই ছিল এটা। আজ যদিও ভালো খেলতে পারিনি, তবে মনে রাখতে হবে এই দলটার বেশির ভাগেরই অস্ট্রেলিয়ায় খেলার পূর্বাভিজ্ঞতা ছিল না। তাই কাজটা আমাদের জন্য কঠিন ছিল। তবে ছেলেরা যেভাবে উইকেট ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে, তাতে দলের অধিনায়ক হিসেবে আমি গর্বিত। আশা করছি, ছেলেরা পরের সিরিজেও ধারাটা ধরে রাখবে।
 অস্ট্রেলিয়া অপরাজিত থেকে বিশ্বকাপ জিতেছে। এবার ভারত এখনো অপরাজিত। ভারতের পারফরম্যান্স দেখে কি প্রতিপক্ষরা এখন ভয় পাচ্ছে?
মাশরাফি: হ্যাঁ, ভারত এখন যেভাবে খেলছে সেটা অন্য দলের জন্য চ্যালেঞ্জই হবে। তবে ওদের সঙ্গে কার খেলা সেটা আমি এখনো জানি না, কেউই জানে না। অস্ট্রেলিয়া-পাকিস্তানের ম্যাচের পরই সবাই জানবে কারা মুখোমুখি হবে ভারতের। তবে আমি বলতে চাই সিডনির ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হবে।
 রোহিত শর্মাকে যখন নটআউট ঘোষণা করা হলো আপনার কী মনে হয়েছিল? ওই সময় রোহিত আউট হলে ম্যাচটা কি আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো না?
মাশরাফি: হয়তো। এটা জানা কথাই ভারতের বিপক্ষে উইকেট নিতে হবে নতুবা পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাবে। ওই মুহূর্তে রোহিত আউট হলে ভালোই হতো। তবে আমি এখানে কিছু বলতে পারব না। তবে আপনারা তো দেখেছেনই ওখানে কী হয়েছে।
 ইনিংসের ১১ থেকে ৩৫ ওভারের মধ্যে আপনার বোলাররা ভারতকে বেঁধে রেখেছিল। ওই সময়ের কথা কিছু বলবেন কী?
মাশরাফি: আমাদের পরিকল্পনা ছিল সিঙ্গেল আটকানোর। হ্যাঁ, তারা চার-ছয় মারতে পারত কিন্তু আমাদের পরিকল্পনা ছিল সিঙ্গেল আটকানোর। পরিকল্পনাটা কাজে লেগেছে। ওই সময়ে উইকেট না পাওয়াটা একটু দুর্ভাগ্যের। ওই সময় একটা উইকেট পেলে আমাদের জন্য খুব ভালো হতো। তবে রোহিত ও সুরেশ যেভাবে খেলেছে সেটা অসাধারণ।
 আপনাদের বোলিংয়ের ঠিক কোন সময়টায় ম্যাচ ভারতের দিকে হেলে গেল?
মাশরাফি: আমরা জানতামই ওরা ৩৫ ওভারের পর চড়াও হবে। ৩৫ ওভারের পর ওরা সত্যিই অসাধারণ খেলেছে। তারা হিসাব করেই ঝুঁকি নিয়েছে এবং সফল হয়েছে। আমরা পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারিনি। ওই সময়েই খেলাটা ঘুরে গেছে।