>

‘টি-টোয়েন্টি স্পেশালিস্ট’ পরিচয় নিয়ে ওয়ানডেতে এসেও খারাপ করছেন না। ব্যাটিং অর্ডারের ৩ নম্বরে তো জায়গা পাকাই করে নিয়েছেন। ২৯টি ওয়ানডে আর ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর এবার সাব্বির রহমানের সামনে টেস্ট অভিষেকের দরজা। কাল নিজের টেস্ট ভাবনার কথা জানালেন জাতীয় দলের এই ক্রিকেটার
*ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে ৫০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলে টেস্টে এলেন।কতটা প্রস্তুত টেস্টের জন্য?
সাব্বির রহমান: আমার মনে হয় না এতগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলার পর টেস্টে ঢোকাটা অনেক বড় কিছু। হুট করে টেস্ট খেলাও যায় না। আশা করি, এসব অভিজ্ঞতা আমাকে টেস্ট ম্যাচ খেলার জন্য সাহায্য করবে।
*ওয়ানডে, টি-টোয়েন্টিতে এক ধরনের ব্যাটিং করেন।টেস্টে নিশ্চয়ই ব্যাটিংয়ের ধরনে পরিবর্তন আনবেন...
সাব্বির: তেমন বেশি পরিবর্তন করব কি না জানি না। যেভাবেই রান করি না কেন, ছয় মারি বা চার মারি...রান তো রানই। সবাই স্কোরটাই দেখবে। আমি চেষ্টা করব আমার শক্তির জায়গাটা প্রমাণ করার জন্য। সুবিধা হলো এখানে সময় নিয়ে খেলা, এটা মানসিক স্বস্তির একটা জায়গা। অনেক বল ডট গেলেও সমস্যা নেই। ওয়ানডে, টি-টোয়েন্টিতে বল ডট হলে চাপ চলে আসে। কিন্তু এখানে চাপের কিছু নেই। সময় নিয়ে খেলাটাই সবচেয়ে ভালো।
*টেস্টে নামার আগে যে কয়টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, কতটা উন্নতি করেছেন বলে মনে হয়?
সাব্বির: প্রথমে সবাই ভাবত আমি টি-টোয়েন্টির খেলোয়াড়। ওয়ানডে বা টেস্টে খেলতে পারব না। কিন্তু আমি প্রমাণ করেছি যে ওয়ানডেও আমি খেলতে পারি। এখন টেস্ট দলে সুযোগ পেয়েছি, ম্যাচ খেললে অভিষেক হবে। ইনশা আল্লাহ, আমি চেষ্টা করব তিন ফরম্যাটেই যেন একইভাবে খেলতে পারি।
*উন্নতির পথটাকে কীভাবে দেখবেন? কী লক্ষ্য নিয়ে এগিয়েছিলেন?
সাব্বির: আসলে সবকিছুই মনের ব্যাপার। টি-টোয়েন্টিতে এক মানসিকতা, ওয়ানডেতে এক মানসিকতা, টেস্টে আরেক মানসিকতা। ওয়ানডের মানসিকতা হলো, এটা ওয়ানডে ম্যাচ। একটু সময় নিয়ে খেলা দরকার। টি-টোয়েন্টির আগে ঠিক করি, এটা রান-বলের খেলা। সেভাবেই খেলা উচিত। টেস্ট ম্যাচে চেষ্টা করব বলটাকে বুঝে খেলার। আমি এটা অনুশীলনও করেছি। নিজেও ভেবেছি, কীভাবে টেস্ট ম্যাচ খেলা যায়। কীভাবে ভালো কিছু করা যায়।
*দল হিসেবে ইংল্যান্ড কতটা চ্যালেঞ্জিং হবে?
সাব্বির: অবশ্যই ওরা অনেক ভালো দল। টেস্ট জাতি। অনেক বেশি টেস্ট খেলে। অন্যদিকে আমরা টেস্ট কম খেলি। তারপরও আমাদের কন্ডিশন ওদের চেয়ে অনেক আলাদা। আমরা চেষ্টা করব, কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে।
*ওয়ানডে, টি-টোয়েন্টিতেও আপনার বড় ইনিংস খেলা বাকি।টেস্ট তো সেটা খেলার বড় সুযোগ...
সাব্বির: হ্যাঁ, আসলে টেস্ট ম্যাচে তো অনেক সময় থাকে। আমি যে সময় নামব হয়তো তখনো অনেক সময় থাকবে। চেষ্টা করব যত লম্বা ইনিংস খেলা যায়।
*লেগ স্পিনার হিসেবেও তো টেস্টে ভূমিকা রাখার সুযোগ পাবেন।সেটা নিয়ে কী ভাবছেন?
সাব্বির: আমি সব সময়ই বোলিং করার ব্যাপারে আগ্রহী। ওয়ানডে, টি-টোয়েন্টি, টেস্ট যেটাই হোক না কেন। চেষ্টা করে যাচ্ছি আরও ভালো কিছু করতে বা নিয়মিত বোলার হতে। আমি অবশ্যই আমার শতভাগ দেওয়ার চেষ্টা করব। আর অধিনায়ক যখন বোলিংয়ের জন্য ডাকবেন, আমি যেন পুরোটা দিতে পারি।